অধ্যাপক মনসুর উল করিম। অজপাড়াগাঁ থেকে উঠে এসে সাধনার মাধ্যমে খ্যাতিমান চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দেশে-বিদেশে একক ও যৌথ বহু আয়োজনে অসংখ্য ছবি প্রদর্শিত হয়েছে তাঁর। কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পদকও পেয়েছেন অনেক। সর্বশেষ একুশে পদক পেয়েছেন ২০০৯ সালে। তাঁর নানা রঙের দিনগুলির কথা শুনিয়েছেন মুহাম্মদ শামসুল হককেশৈশবের কিছু স্মৃতি দিয়েই শুরু করি।শৈশব কেটেছে সেই অজপাড়াগাঁ কালিকাপুরে। বড়ই মধুর ছিল সেই দিনগুলো। বলা যায়, উজ্জ্বলতম সময়। শৈশবে মাকে হারিয়ে দাদির স্নেহ-ভালোবাসা ও অনুশাসনের মধ্যেই বেড়ে উঠি। গ্রামের পাশে পদ্মার শাখা নদী চন্দনা। অন্যপাশে বিশাল আকারের বিল (জলাশয়)। তারপর একটি গ্রাম। গ্রামের পরই পদ্মানদী। চন্দনা নদীর ওপর রেলওয়ে সেতু। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে উঁচু রেলপথ। রেলপথ পেরিয়ে হেঁটেই যেতাম প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ঘরের পাশে বিরাট আকারের শতবর্ষী বটগাছ। গাছটি এখনো আছে কালের সাক্ষী হয়ে। পথের দুধারে সুউচ্চ বৃক্ষগুলো মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে যেন। সেই পথ ধরে বিদ্যালয়ে যেতাম। এখনকার মতো পাকা দালানের বিদ্যালয় তখন ছিল না। বাঁশের বেড়া, টিনের ছাউনিযুক্ত অনেকটা জরাজীর্ণ ঘরেই চলত শ্রেণীর কাজ। শ্রেণীকক্ষও মাত্র একটি। নির্দিষ্ট বেঞ্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রদের বরাদ্দ। এক পাশে শিক্ষকদের বসার স্থান। সেই বিদ্যালয়ে প্রথম লিখতে শিখেছি কলাপাতা, তালপাতায়। বাঁশের খাগ দিয়ে বানানো কলমে ভূষা কালি দিয়ে প্রথম প্রথম লিখতে হয়েছে। বটগাছের নিচে একত্রে হাত ধরাধরী করে বর্ণমালা শতকিয়া ও নামতা শিখেছি সুর করে তালে তালে। শৈশবের সেই সুর ও তাল নিয়ে এখনো ছবি আঁকি। আমি মোটেও ডানপিটে ছিলাম না। তবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতাম একধরনের উত্তেজনার মধ্যে। পাখিশিকার, পাখির বাসা থেকে বাচ্চা সংগ্রহ, শীতকালে কাউকে না বলে খেজুরের রস খেয়ে ফেলা, বন্ধুদের সঙ্গে মিশে অন্যের গাছের ফল খাওয়া—এগুলো ছিল তখনকার নিত্যসঙ্গী। ক্ষেতে-খামারে খেটে খাওয়া মানুষের সঙ্গে সময় কাটানো, বর্ষার পানিতে মাছধরা, শরতে দাদি, চাচি, ফুফুদের সঙ্গে নৌকায় চড়ে জ্যোত্স্না রাতে বিলে শাপলা তোলার অনুপম দৃশ্য মনে পড়লে প্রাণটা জুড়িয়ে যায়। সমবয়সীদের সঙ্গে গামছা দিয়ে ডানকাটা মাছ ধরে সারা শরীর কাদায় লেপ্টে হাসিমুখে বাড়ি ফিরলে দাদির চোখ দুটো ছলছল করে উঠত। তারপরও তাঁর আদরমাখা বকুনি শুনতাম। আর এতেই মজা পেতাম অন্য রকম। মনে পড়ে, একদিন আখগাছে ঘুঘু পাখির বাসা থেকে দুইটা বাচ্চা চুপিচুপি ঘরে এনেছি। দাদি দেখে কী লঙ্কাকাণ্ড করেছিলেন আমার সঙ্গে! দাদির বকুনি থেকে বাঁচার জন্য ছেড়ে দেওয়ার নাম করে বাচ্চা দুটি রাতে একটি ধামার (বেতের টুকরি) নিচে ঢেকে রেখেছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাচ্চা দুটো বের করে দেখি সেগুলো মারা গেছে। সেই দৃশ্যটা মনে হলে এখনো দারুণ কষ্ট অনুভব করি। সবকিছু মিলে শহরের চেয়ে গ্রামাঞ্চলই আমাকে বেশি টানে এখনো।আমার নাম মনসুর উল করিম। পেশায় শিক্ষক (অধ্যাপক, চারুকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নেশায় চিত্রশিল্পী। জন্ম ১ মার্চ ১৯৫০ রাজবাড়ী জেলার পাংশা থানার কালিকাপুর গ্রামে। বাবা আবদুল জলিল ছিলেন সরকারি চাকরিজীবী। মা ফাতেমা খাতুন। দুইজনই প্রয়াত। আমি চতুর্থ সন্তান। ডাকনাম ঠান্ডু। দাদি, বাবা, নাকি মা—কে আমার এই নাম রেখেছিলেন জানি না। বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররা ঠান্ডুস্যার বলে। বিভাগের সহকর্মী ছাড়া অনেক সহকর্মী এমনকি অনেক চিত্রশিল্পীরাও। তাই মনে হয় শৈশবের ঠান্ডু নামটার একটা সার্থকতা আছে।আমার দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা পেশায় চাকরিজীবী। মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে স্নাতকোত্তর পরীক্ষার্থী। ১৯৬৫ সালে গোয়ালন্দ হাইস্কুল (বর্তমানে রাজবাড়ি সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করি। প্রাথমিক শিক্ষা নিয়েছি গ্রামে, কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে। তৃতীয়-পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছি রাজবাড়ি টাউন মক্তবে। দুই বছর রাজবাড়ি কলেজে পড়েছি। ১৯৬৭ সালে ঢাকায় চারু ও কারুকলা কলেজে ভর্তি হই এবং ১৯৭২ সালে বিএফএ ডিগ্রি লাভ করি। তারপর ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে ভর্তি হই এবং ১৯৭৪ সালে (পরীক্ষা অনুষ্ঠিত হয় ৭৫ সালে) চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি।আমি তৃতীয় শ্রেণীর ছাত্রাবস্থায় গ্রাম ছেড়ে রাজবাড়ি মহকুমা শহরে চলে আসি। সেখানে প্রতিবেশী ছিলেন বামনদাশ গুহরায়। রাজবাড়ি শহরে সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যমণি ছিলেন তিনি। তাঁর কাছারি ঘরে প্রতিদিন চলত নাটকের মহড়া। তিনি নিজে জলতরঙ্গ বাজাতেন। আমার আরেক প্রতিবেশী পান্টু-পীযূষ বন্দোপাধ্যায়। দেশের প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব। তাঁদের সাংস্কৃতিক কর্মকাণ্ড মনোযোগ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতাম। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় প্রথম চলচ্চিত্র দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আশুতোষ ভরদ্দাজের হাত ধরে। স্নাতক ডিগ্রিধারী এই ভদ্রলোক পেশায় ছিলেন হকার। খালি পায়ে হাঁটতেন। খদ্দরের ফতুয়া ও ধুতি পরতেন। সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। আমার স্বল্পকালীন গৃহশিক্ষক ছিলেন তিনি। আদর্শ ব্যক্তি হিসেবে দেখেছি তাঁকে। খেলাধুলায় ছিল আমার দারুণ আকর্ষণ। তখনকার গোয়ালন্দ উচ্চবিদ্যালয় ছিল খেলাধুলায় মহাকুমা তথা ফরিদপুর জেলার সেরা। হকি ভালো খেলতাম। ফুটবল-ক্রিকেটেও খারাপ ছিলাম না। আড্ডায় যোগ দিতাম, তবে থাকতাম অনেকটা নীরব দর্শকের মতো। বন্ধুরা নানা প্রসঙ্গ নিয়ে কথা বলত, আমি শ্রোতা হয়ে তাদের কথা শুনতাম। এই বয়সেও যেমনটি আছি। আমার শৈশবের স্মৃতিগুলোকে আমার সন্তানেরা রূপকথার গল্প মনে করে।ছবি আঁকার প্রতি শৈশব থেকে আকর্ষণ ছিল প্রচণ্ড। শ্রেণীকক্ষে আমার এক শিক্ষক কবিতা পড়ার সময় আমি তন্ময় হয়ে শুনতাম আর সেই কবিতা অবলম্বনে ছবি আঁকতাম। তবে নিয়মিত আঁকা শুরু করি ১৯৬৭ সালে ঢাকা চারু ও কারুকলা কলেজে পড়ার সময় থেকে। প্রথম একক প্রদর্শনী হয়েছে ১৯৭২ সালে সিলেটে, সিলেট অফিসার্স ক্লাবের আমন্ত্রণে। আমার প্রকাশনা বলতে তাত্পর্যপূর্ণ প্রদর্শনীর কথা বলা যায়। দেশে-বিদেশে একক প্রদর্শনী করেছি ১৭টি। দলীয় প্রদর্শনী ৬০টিরও বেশি। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ২০০৮ সালে ঢাকার বেঙ্গল ফাইন আর্টস গ্যালারিতে ভারতীয় হাইকমিশন আয়োজিত বাংলাদেশ চিত্র প্রদর্শনী, শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ এশিয়ান আর্ট বেইনাল, জাতীয় চিত্র প্রদর্শনী, জাপানের ইয়োগো আন্তর্জাতিক (পেইন্টিং) চিত্র প্রতিযোগিতা, বেঙ্গল ফাউন্ডেশনের এশিয়ান আর্ট ওয়ার্কশপ, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, চিটাগং ক্লাব এবং টিআইসিতে আয়োজিত প্রদর্শনী। জাপান, কুয়েত, ব্রিটেন, দিল্লিসহ আন্তর্জাতিক অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছি। আমার চিত্রপটের প্রধান বিষয় মানুষ। চিত্রে মাটি ও মানুষের জীবনগাথা তুলে ধরতে আমি বেশ পছন্দ করি। এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছি অনেকবার। শিল্পকলা একাডেমী অ্যাওয়ার্ড, এশিয়ান বিয়েনালে গ্রান্ড পুরস্কার, ত্রিবার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনীতে গ্রান্ড পুরস্কারের কথা উল্লেখ করা যায়। দেশেও সম্মানসূচক পুরস্কার পেয়েছি একাধিক। সরকারিভাবে একুশে পদক পেয়েছি ২০০৯ সালে। কাজের স্বীকৃতি হিসেবে এসব পদক আমাকে উত্সাহিত করেছে। শিক্ষকতার প্রতি আমার প্রবল আকর্ষণ ছিল। ১৯৭৫ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিই। বিভিন্ন সময় পদোন্নতি পেয়ে বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রেম-ভালোবাসা জীবনে আসেনি—এমন মানুষ পাওয়া যাবে কি না সন্দেহ। কেউ প্রেম করে নীরবে আবার কেউ প্রকাশ্যে। বাল্য বয়সের প্রেমের স্মৃতি অনেক বেশি মধুর। ১৯৭৪ সালে বিয়েও করেছি নিজের পছন্দমতো। বিয়েতে বন্ধুদের সহায়তা ছিল মনে রাখার মতো। মধুর স্মৃতিতো অনেক। কোনটা লিখব ভেবে পাচ্ছি না। তবে স্মৃতির বিড়ম্বনাও কম নেই। কষ্টও আছে কম-বেশি। তবে এই মূহূর্তে সব কথা বলতে চাই না। জীবনের বড় অর্জন বলতে যা আমি মনে করি সে রকম এখনো হয়নি। অনেক সাধ, ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে। আমার ইচ্ছা একটা বড় আকারের ছবি আঁকার স্টুডিও করা। সঙ্গে নিজস্ব ছবির একটা গ্যালারি। জানি না আমার এ স্বপ্ন পূরণ হবে কি না। শেষ ইচ্ছাও জীবনের শেষ দিন পর্যন্ত ছবি আঁকা—ছবি আঁকার চেষ্টা করা। আমার সবচেয়ে ভালো লাগে নিজের আঁকা ছবির সামনে দীর্ঘ সময় বসে থাকতে, আর খোলা মাঠে দাঁড়িয়ে বিশাল আকাশ দেখতে। কবিতা-গান শুনতেও ভালো লাগে। লোকসংগীত, লালনগীতি, পুরোনো দিনের গান খুবই প্রিয়। তবে রবীন্দ্রসংগীত শুনতে চাই আজীবন। সব চেয়ে খারাপ লাগে—এটা এখন নাইবা বললাম। নিজের মধ্যে রাখতে চাই।একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার কিছু স্মৃতি আমার মনকে এখনো পীড়া দেয়। তখন আমি ছিলাম ঢাকা আর্ট কলেজের ছাত্র। ২৪ মার্চ আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি চলে যাই। রাজবাড়ি রেলওয়ে মহকুমা শহরও। বড় রেলওয়ে শহর হিসেবে সেখানে আবাঙালিদের বসতি কম ছিল না। রেলওয়েতে চাকরিরত অধিকাংশই ছিল অবাঙালি। পঁচিশে মার্চের কালোরাতের পর তাদের আধিপত্য বেড়ে যায়। পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের সহায়তায় বাঙালিদের ওপর খুন, ধর্ষণসহ নানা রকম অত্যাচার রাজবাড়ি এলাকায় চালায় সীমাহীনভাবে। আমার বাড়ির কাছেই ছিল থানা। এক সকালে দেখি হানাদারেরা বাড়ির সামনের রাস্তা দিয়ে গরুর গাড়িতে করে মাথাবিহীন আনুমানিক ১০-১২টি লাশ থানায় নিয়ে যাচ্ছে। এসব কোথায় থেকে আনা হচ্ছিল, কোথায় ফেলে দেওয়া হবে তা জানার উপায় ছিল না। আরেকটি হূদয়বিদারক দৃশ্যের কথা মনে পড়ে। আমার এক সহপাঠীর ছোট ভাইকে রাজাকারেরা মেরে বাঁশ দিয়ে ক্রুশ চিহ্নের মতো হাত-পা বেঁধে ট্রাকে করে রাজবাড়ি শহরময় ঘুরিয়েছিল। কারণ তাঁর ভাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই মর্মস্পর্শী দৃশ্য দুটি দেখে মনে হয়েছিল মুক্তিযুদ্ধকালীন সারা বাংলাদেশে হানাদার বাহিনীর নির্যাতনের চিত্রই দেখেছি। সে সব আজও মন থেকে মোছা যাচ্ছে না। আমার প্রেরণা আমার বাবা-মা ও পরিবারের সদস্যরা। এ ছাড়া অনুপ্রেরণা পেয়েছি আমার স্কুলের বাংলার শিক্ষক গফুর স্যারের (আবদুল গফুর)। তিনি শ্রেণীতে কবিতা পড়াতেন আর আমাকে দিয়ে সেই কবিতা অবলম্বনে ছবি আঁকাতেন কালোবোর্ডে। আমার জন্ম একটি নিম্নমধ্যবিত্ত পরিবারে। এ রকম পরিবারের সদস্য হয়ে ছবি আঁকার মতো ব্যয়বহুল বিষয়ে অধ্যয়ন করা ছিল আমার স্বপ্নের বাইরে। তারপরও নানা প্রতিকূলতার মধ্যে থেকেও তাঁদের অনুপ্রেরণাকে সম্বল করে ছবি আঁকার চেষ্টা করেছি। চট্টগ্রামে এসে অনুপ্রেরণা পেয়েছি আমার সহধর্মিণীর কাছ থেকে। যে আমার ছবি আঁকার পথকে আলোকিত করেছে। আমার শিল্পী সত্তার অনুপ্রেরণার আরেকজন শিল্পসাধকের কথা না বললেই নয়। তিনি আমার শিক্ষাগুরু ও পথপ্রদর্শক চট্টগ্রাম বিশ্বদ্যািলয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শিল্পী রশিদ চৌধুরী।