শেষ গল্পের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী ​পেয়েছেন স্বর্ণপদক। স্মৃতিবিজড়িত প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানানোর এক ফাঁকে তাঁদের একাংশ দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী ​পেয়েছেন স্বর্ণপদক। স্মৃতিবিজড়িত প্রিয় ক্যাম্পাসকে বিদায় জানানোর এক ফাঁকে তাঁদের একাংশ দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে

প্রথম শব্দটা সব সময়ই বিশেষ। তার ওপর যদি হয় প্রথম সমাবর্তন, তাহলে আনন্দ বেড়ে হয়ে যায় বহুগুণ। ১৬ নভেম্বর সোমবার। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ তখন প্রথম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের পদচারণে মুখর। পুরো ক্যাম্পাস সেদিন কালো গাউন আর কালো টুপি পরা শিক্ষার্থীদের দখলে। বিশ্ববিদ্যালয়ের ৮৪ একর ক্যাম্পাসের পুরোটাই উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর। সমাবর্তনের মাধ্যমেই শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন। তাই এক অর্থে এটি ছিল শেষ গল্পের শুরু।
কৃষি অনুষদের ২০১৪ সালের স্নাতক শিক্ষার্থী মৌরিন, তৃপ্তি, মাহিমা ও আমিয়া। নিজেদের প্রথম সমাবর্তনের দিনে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সকাল আটটার মধ্যে হাজির ছিলেন প্রিয় ক্যাম্পাসে। মৌরিন বলেন, ‘স্নাতকের ফল প্রকাশের এক সপ্তাহ পর আমরা পেলাম এই সমাবর্তন। এটি আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রথম সমাবর্তন। তাই অনুভূতি অন্য রকম।’ পাশে থাকা আমিয়া সঙ্গে যোগ করলেন, ‘স্নাতক শেষ হওয়ার এক মাসের মধ্যে সমাবর্তন পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’
ব্রিটিশ আমলে এই বাংলায় কৃষিশিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করা হয় বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট। পাকিস্তান আমলে এর নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট। ১৯৭১ সালে স্বাধীনতার পর এর নামকরণ করা হয় বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। ২০০১ সালে ১৫ জুলাই বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনুষ্ঠিত হয়নি কোনো সমাবর্তন। এবারই প্রথম। বিশ্ববিদ্যালয় হিসেবে ইতিহাস মাত্র ১৫ বছরের হলেও উপমহাদেশের প্রাচীনতম উচ্চতর কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানটির রয়েছে দীর্ঘ ৭৮ বছরের ইতিহাস। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট এবং প্রাণিবিজ্ঞান ও পশুচিকিত্সা নামে তিনটি অনুষদ রয়েছে।
সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল মনোরম সাজে। দিনভর ছবি তোলা, বন্ধুদের নিয়ে আড্ডা, হইচই ও কোলাহলে মেতে ছিলেন ‘কম পুরোনো’ ও ‘বেশি পুরোনো’ প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আগত ৫৭ ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন,‘এত দিন পর ক্যাম্পাসে এসে সত্যি অনেক ভালো লাগছে। ক্যাম্পাসে এসে অনেক পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলো।’
বেলা তিনটা থেকে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। শুরুতেই রাষ্ট্রপতি আসন গ্রহণ করেন। এরপর বেজে ওঠে জাতীয় সংগীত। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইমেরিটাস সায়েন্টিস্ট কৃষিবিদ কাজী এম বদরুদ্দোজা। অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ‘কৃষি দিন দিন নানা রকম বৈরী পরিবেশের সম্মুখীন হয়ে পড়ছে। দেশের প্রায় অর্ধেক পরিমাণ আবাদি জমি কোনো না কোনো বৈরী পরিবেশের শিকার। ফলে আজ কৃষিশিক্ষা ও গবেষণার ধরনধারণেও পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে। আজ যাঁরা গ্র্যাজুয়েট হিসেবে সনদ গ্রহণ করছেন, তাঁদের সামনে চ্যালেঞ্জ কিন্তু অনেক। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের কৃষিতে উত্পাদন বৃদ্ধি অব্যাহত রাখার পাশাপাশি উত্পাদন বাড়াতে হবে।’
অনুষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষে প্রথম হওয়া ২২ জনকে স্বর্ণপদক এবং স্নাতক ২ হাজার ১১০ জন, স্নাতকোত্তরে ৫১২ জন এবং পিএইচডিতে তিনজন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।
৬৩ ব্যাচের স্বর্ণপদক পাওয়া এম এম উজ্জ্বল আহমেদ। উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে পাড়ি জমালেও সমাবর্তনের সময় দেশে থাকতে পেরেছেন বলে আনন্দিত। বললেন, ‘আমি আমার স্নাতক জীবনের পড়াশোনার স্বীকৃতি পেলাম। এই স্বর্ণপদক আমাকে দেশের জন্য কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’
বিদায়ের সময় সবার চোখের কোণেই যেন দেখা যাচ্ছিল জলের আনাগোনা। তবুও মেতে ছিলেন নিজ নিজ বিভাগ, শহীদ মিনার, হলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। পুরোনো শিক্ষার্থীরা ঘুরে দেখছিলেন নিজেদের পুরোনো হলরুমগুলো।
‘এত দিন সমাবর্তন হয়নি, তাই একটা আশা ছিল হয়তো এই সুযোগে পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে। এখন সমাবর্তনও হয়ে গেল। আবার কবে সবার সঙ্গে দেখা হবে কে জানে! মনে হচ্ছে কী যেন ছেড়ে চলে যাচ্ছি।’ খানিকটা মন খারাপ করেই বলছিলেন এগ্রি বিজনেস ম্যানেজমেন্টের ২০১৩ সালে স্নাতক পাস করা শিক্ষার্থী নয়ন ইসলাম।