শেষ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো, তখন সবে এসএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। রাজশাহী কলেজিয়েট স্কুলের মুনিম সব বিষয়েই এ প্লাস পেয়েছে। আনন্দ যেন আর বাঁধ মানে না! রাজশাহীর সেরা স্কুলটিতে পড়া মুনিমের ইচ্ছা ছিল, উচ্চমাধ্যমিকেও নিজের শহর রাজশাহীর সেরা কলেজগুলোর কোনো একটিতে ভর্তি হওয়া। এসএসসির ভালো ফলাফল সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে দিল মেধাবী এই ছেলেকে। ওর চমৎকার ফল ওকে সুযোগ দিল রাজশাহীর সেরা কলেজগুলোর মধ্য থেকে যেকোনো একটি বেছে নেওয়ার! চটপটে মুনিম এবারও বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বেছে নিল উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন কলেজকেই।হ্যাঁ, পাঠক, রাজশাহী কলেজের কথাই বলছি। শুধু রাজশাহী অথবা উত্তরবঙ্গ নয়, এই কলেজের সুপ্রাচীন ইতিহাস ও সুনামের কথা ছড়িয়ে আছে দেশজুড়েই। চলুন না, কলেজটির ইতিহাস জেনে নিই। কলেজের প্রসপেক্টাসে যা আছে তা থেকেই হুবহু দুই কলম তুলে দিলাম: ‘১৮২৮ সালে কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা হয়েছিল পূর্ব বাংলায় (বাংলাদেশ তখন পূর্ব বাংলা নামে পরিচিত ছিল) আধুনিক শিক্ষার প্রসারে...সে স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার প্রয়োজনীয়তা থেকেই ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয় উত্তরবঙ্গের সর্বপ্রথম কলেজ রাজশাহী কলেজ...১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত তদানীন্তন পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) একমাত্র রাজশাহী কলেজেই স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদান করা হতো।’এমন সব সোনালি ইতিহাস যে শিক্ষাপ্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত, সেখানে পড়াশোনার সুযোগ পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়। এ কলেজের শুরুই হয়েছিল উচ্চমাধ্যমিক দিয়ে, এরপর মাঝে উচ্চমাধ্যমিকে ভর্তি বন্ধ করে দেওয়া হয়। ১৬ বছর বিরতি দিয়ে ২০১০ সাল থেকে আবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি। বিজ্ঞানে ৩০০, বাণিজ্য আর মানবিকে ১৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে প্রতিবছর।উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম, কেন এই কলেজকেই বেছে নিল তারা। শাওন বলল, ‘আমি এই কলেজে ভর্তি হওয়ার আগেই জেনেছিলাম, এখানকার পড়াশোনার পরিবেশ সুন্দর, নিয়মিত ক্লাস ও পরীক্ষা হয়; নিয়মশৃঙ্খলা অনেক ভালো। তাই এ কলেজেই ভর্তি হতে চেয়েছিলাম। আমরা কোনো সমস্যায় পড়লে বড় ভাইয়া ও আপুরা সাহায্য করেন।’ শাওনের কথার সঙ্গে তাল মিলিয়ে প্রিমা বলে, ‘এখানকার পরিবেশ সত্যিই অনেক ভালো। এত সুন্দর খেলার মাঠ, খোলামেলা পরিবেশ অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।’ আকাশ যোগ করতে ভোলে না, ‘এই কলেজে রাজনীতি আছে, মিছিল হয়; কিন্তু তার সঙ্গে শুধু স্নাতক শিক্ষার্থীরা জড়িত। আমাদের উচ্চমাধ্যমিকের কাউকে কেউ কখনো মিছিলে ডাকে না, রাজনীতিতে যোগ দেওয়ার কথাও বলে না।’ঐশী বলে, ‘আমরা শুধু ব্যস্ত থাকি আমাদের ক্লাস, পরীক্ষা, পড়াশোনা আর ক্লাসের ফাঁকের আড্ডা নিয়ে।’ আড্ডা! হ্যাঁ, বন্ধুদের আড্ডায় মজা দেখানোর জন্য অরণ্য আর অনিক আছে না। ওরা সবকিছু নকল করে দেখাতে পারে। এবার জানতে চাই পড়াশোনার চাপ কেমন। সমস্বরে জবাব মেলে এবার, ‘অ-নে-ক চাপ!’ সবাই একসঙ্গে বলে ওঠে। হ্যাঁ, ঠিক ঠিক।কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী সেরা মেধাবীরাই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এ কলেজে। কোনো ধরনের তদবির আমলে নেওয়া হয়নি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার কাজে। এমনকি আমার নিজের সন্তানও অন্য একটি কলেজে ভর্তি হয়েছে। কারণ, মেধাক্রমে সে রাজশাহী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তাই এই সেরা মেধাবীদের জন্য আমাদের শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে শ্রম দিয়ে যাচ্ছেন। প্রতিটি বর্ষে তিন টার্ম পরীক্ষা, অসংখ্য ক্লাস টেস্ট ও নিয়মিত ব্যবহারিক ক্লাস নিচ্ছি আমরা। আশা রাখি শিক্ষার্থীরা নিজেদের ফলাফলের মাধ্যমে রাজশাহী কলেজকে রাজশাহী বোর্ডের সেরা কলেজ হিসেবে পরিচিত করে তুলবে সারা দেশের কাছে।’অধ্যক্ষের কথা থেকেই বোঝা যায়, রাজশাহীর সবাই তাকিয়ে আছে ঐতিহ্যবাহী এই কলেজের দিকে।