শেষ পর্যন্ত আমি জয়ী হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চাশের দশকের প্রথমদিকে বরিশাল জেলার প্রত্যন্ত এক বিল এলাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা। পাশের গ্রামে সরকারি প্রাথমিক স্কুল। নৌকা চলার মতো অবস্থায় নৌকায়, তবে বেশির ভাগ সময়ই পানি-কাদা মাড়িয়ে স্কুলে যেতাম। লেখাপড়া করতে চাইতাম বলে এটাকে কখনো কষ্ট মনে হতো না। প্রাথমিক স্কুল পাস করলাম।
সেই সময়ে দূরের হাইস্কুলে গ্রামের কোনো মেয়ে যেত না। আমি হাইস্কুলে ভর্তি হতে চাইলাম। কিন্তু সামাজিক পরিবেশ, দূরত্ব এবং যাতায়াতব্যবস্থার অভাবের কারণে আমাকে না করা হলো। কিন্তু ছেলেরা তো হাইস্কুলে যায়। বললাম, ছেলেরা যেতে পারলে আমি পারব না কেন? মুরব্বিরা বললেন, ছেলেদের কথা আলাদা। ওদের কথা আলাদা কেন বুঝতে পারলাম না। আমার লেখাপড়ার প্রতি মায়ের অঘোষিত সমর্থন ছিল। কিন্তু তাঁর করার কিছু ছিল না। আমি না খেয়ে রইলাম। শেষ পর্যন্ত রফা হলো—আমি হাইস্কুলে ভর্তি হব, তবে স্কুলে যাওয়া যাবে না। ঘরে বসে পড়ব। শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দেব। হোক ঘরে বসে, তবু হাইস্কুলের পড়া পড়ব এতেই আমি খুশি হলাম।
প্রাইমারি স্কুলের একজন শিক্ষক অঙ্ক, ইংরেজি বিষয়ে আমাকে সাহায্য করে আসছিলেন কিন্তু অষ্টম শ্রেণি পর্যায়ে এটা চালিয়ে যাওয়া তাঁর জন্য অসুবিধা হচ্ছিল। আমাকে সাহায্য করার জন্য কাউকে পাওয়া গেল না। ওদিকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হয়েছে। একদিন বাবা বললেন, সম্বন্ধটি ভালো, তোমার লেখাপড়ার আগ্রহের কথা শুনে বাকি দুটো ক্লাস তারা পড়াবে বলে কথা দিয়েছে। বিয়ের মর্ম কি জানি না। জানতেও চাইলাম না। আমার মধ্যে ভর করেছে হাইস্কুলের নেশা। সাড়ে চৌদ্দ বছর বয়সে স্বামীর সঙ্গে তার কর্মস্থল এক জেলা শহরে গেলাম।
এই প্রথম জগতের সঙ্গে, জীবনের সাথে আমার পরিচয় শুরু। মেয়েদের স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হলাম। আমার আপন সত্তা আপনাআপনি দুভাগ হয়ে পরস্পরের মুখোমুখি দাঁড়াল। স্কুলে সত্যিকারের আমাকে আমি দেখতে পাই। পাই আনন্দ আর বৃহত্তরের স্বাদ। ঘরে আমি একজনের ‘বউ’। ঘরকন্নার কাজ আর ‘স্বামী’র চাহিদা মেটানো। কোনো ছাড় নেই, কেননা তিনি আমাকে খেতে-পরতে দেন। আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ভেতরটা বিদ্রোহ করে ওঠে। ১৯৬৯ সাল। আমি ডুবতে ডুবতে ভাসতে ভাসতে মেট্রিক পাস করলাম।
এরই মধ্যে বুঝে গেছি নিজের খাওয়া-পরা নিজে উপার্জন করতে না জানলে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারলে সে মানুষের মর্যাদা নেই, মুক্তি নেই। অতএব লক্ষ্যে পৌঁছাতে হাঁটতে হবে বহুদূর।
কলেজে ভর্তি হতে চাইলাম। ‘স্বামী’ বাদ সাধলেন। বললেন, কথা রেখেছি, তোমাকে আর বাড়তে দেওয়া যায় না। তার অমতেই ভর্তি হলাম। এর ফল যা হওয়ার তা-ই হলো। অত্যাচারিত হতে থাকলাম। এর মধ্যে কলেজে ক্যাথলিক মিশনের দুজন সিস্টারের সঙ্গে আলাপ-পরিচয় হলো। তাদের জীবন আর আমার জীবন তুলনা করে স্বর্গ আর নরক বলে মনে হলো। এই জীবনের জন্যই কি আমার জন্ম হয়েছে? কী যে এক শক্তি ঠাঁই গাড়ল ভেতরে। নির্বিকার চিত্তে, ঠান্ডা স্বরে ‘স্বামী’র চোখে চোখ রেখে বললাম, আর থাকব না তোমার সাথে, মিশনে যাব। তিনি ভ্যাবাচ্যাকা খেলেন। আমি কি পাগল হয়ে গেছি? বাড়িতে খবর দিলেন, বাড়ি গেলাম। সবাই মিলে আমাকে বোঝায়। বাবা আমার মনোভাব জানতে চাইল, আমি সেই একই কথা বলি এবং প্রচণ্ড মার খাই। চোখে জল এল না কিন্তু ভেতরে রক্তপাত হলো।
এক ঘুটঘুটে অন্ধকার রাতের শেষ প্রহরে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আমি মানুষ বুঝি। আমি জানি, মানুষের মানবিকতা, জীবনের সৌন্দর্য আর শুদ্ধতা বাস্তবে বিরাজমান। এই সম্বল নিয়ে পায়ে হেঁটে; নৌকা, বাস আর রিকশায় হাতড়ে হাতড়ে মিশনের দরজায় গিয়ে পৌঁছালাম। রাতে বাড়ি থেকে পালিয়েছি শুনে তাদের দরজা বন্ধ হওয়ার উপক্রম হতেই আমি মরিয়া হয়ে উঠলাম। অতঃপর মিশন কর্তৃপক্ষ আমাকে নিয়ে থানা-পুলিশ করল। থানা দায়িত্ব নিল আমার বাড়িতে খবর দেওয়ার আর মিশন দায়িত্ব পেল আমাকে সাময়িক আশ্রয় দেওয়ার।
এক সপ্তাহের মাথায় আমার অভিভাবক এসে হাজির। ফিরে যাওয়ার জন্য মিশন আমাকে তৈরি হতে বলল। আমি কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ়। অন্ধকার গহ্বরে কিনারে দাঁড়িয়ে আমি যেন ভয়ানক পরিণতি দেখতে পেলাম। তারপরে দৃঢ়স্বরে শুধু বললাম, যাব না। এরপরে শুরু হলো মিশন, অভিভাবক এবং আমি এই তিন তরফে দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা। বুঝলাম বিষয়টি আমার পরিবারের জন্য কতটা গুরুতর। এটি একটি খ্রিষ্টান মিশন আর আমি মুসলিম পরিবারের মেয়ে। আমার মিশনে চলে যাওয়া আমার পরিবারের জন্য একটা অকল্পনীয় ঘটনা, যা তাঁরা কিছুতেই হতে দেবেন না। সৃষ্টিকর্তা স্বয়ং এসে যেন আমার হাত ধরলেন। তাদের এই কঠিন অবস্থানই তো হতে পারে আমার লক্ষ্য সাধনের হাতিয়ার। বললাম, দুটি শর্তে এখান থেকে ফিরতে পারি। ডিভোর্স হতে হবে, অতঃপর লেখাপড়ায় সহায়তা করতে হবে। তাঁরা শর্ত মেনে নিলেন। আমি ফিরলাম যেন জগৎ জয়ের আনন্দ নিয়ে।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করলাম। বিদেশ থেকেও আর একটা এমএ করলাম। বহু দেশ ঘুরলাম। ভালো ভালো চাকরি করলাম।
এখন জাতিসংঘের চাকরি থেকে অবসর গ্রহণ করেছি। নিজের বাড়িতে নিজের মতো জীবনযাপন করছি। ভালো আছি।
সব অর্জনের মূলে রয়েছে স্বপ্ন আর সাহস। মেয়েরা তোমরা স্বপ্ন ধারণ করো আর তোমাদের প্রতি যেকোনো অনাচারের বিরুদ্ধে ‘না’ বলার সাহস রাখো। জয় তোমাদের হবেই।
হাসনাহেনা
ই-মেইল: [email protected]