শেষ পর্যন্ত রমনিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকেই অনেকে ‘ফেবারিট’ ভেবেছিলেন মিট রমনিকে। শেষ পর্যন্ত হলোও তাই। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়ার টিকিট পেতে যাচ্ছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। এ জন্য দলীয় আর যেটুকু সমর্থন পাওয়ার প্রয়োজন ছিল, রমনি তার কিছু বেশিই জিতে নেন টেক্সাসে অনুষ্ঠিত গত মঙ্গলবারের প্রাথমিক বাছাইয়ে। তাঁর হোয়াইট হাউসের লড়াইয়ে নেমে যাওয়ার পথে এখন কিছু আনুষ্ঠানিকতা মাত্র বাকি।লক্ষণীয় যে, মিট রমনিই ক্ষুদ্র ধর্মীয় গোত্র মরমন অনুসারী প্রথম ব্যক্তি, যিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন। যুক্তরাষ্ট্রে উনবিংশ শতকে প্রবর্তিত এ ধর্মাবলম্বীরা বাইবেলও মানেন। তবে নিজস্ব কিছু ধর্মীয়-সামাজিক, আচার-অনুষ্ঠান রয়েছে তাঁদের। যুক্তরাষ্ট্রে মরমনদের মধ্যে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সফল, বিভিন্ন ব্যক্তিত্ব থাকলেও হোয়াইট হাউসের পথে পাল্লা দেওয়ার যোগ্যতা অর্জন করলেন রমনিই প্রথম।দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রয়োজন ছিল মোট এক হাজার ১৪৪ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন। টেক্সাসের প্রাইমারিতে কাঙ্ক্ষিত সমর্থন পেয়ে যান রমনি। এই প্রাইমারির আগে এক হাজার ৮৬ ডেলিগেট ঝোলায় পোরেন তিনি। টেক্সাসে পেয়েছেন ১৫২ জনের সমর্থন। এখন কেবল দলীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা বাকি। আগস্টের শেষে ফ্লোরিডায় হবে এই সম্মেলন। দলের প্রার্থী বাছাইয়ের দুই পদ্ধতি (রাজ্যভেদে আলাদা) প্রাইমারি ও ককাসে এ পর্যন্ত ৬৩ শতাংশ সমর্থন পেয়েছেন রমনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রন পলের চেয়ে তা ১০ গুণ বেশি!টেক্সাসের ফলাফলের পর এক বিবৃতিতে রমনি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি যে, সব মার্কিন নাগরিক আমার প্রার্থিতাকে সমর্থন দিয়েছেন। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যথেষ্ট ডেলিগেটের সমর্থন পাওয়ায় আমি কৃতার্থ।’রমনির দলীয় মনোনয়ন লাভের দৌড় শেষ। এবার শুরু হবে ডেমোক্র্যাট নেতা বারাক ওবামার সঙ্গে তাঁর আসল লড়াইয়ে জয়ী হওয়ার দৌড়। এ পর্যন্ত জনমত জরিপের ফলে যে আভাস পাওয়া গেছে, তাতে দুজনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। ইতিবাচক গুণ ও নেতিবাচক বৈশিষ্ট্য মিলিয়ে উভয়ের পাল্লা প্রায় সমান। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ওবামা এর মধ্যে প্রচারণার ঢাক বেশ জোরেই বাজাতে শুরু করেছেন। নির্বাচনী তহবিল জোগাড়েও চেষ্টার বিরাম নেই। রমনিও যে এবার আঁটঘাট বেঁধে নামবেন, সে আভাস সুস্পষ্ট। টেক্সাসের প্রাইমারির পর এক মুহূর্তও বসে থাকেননি ওবামার রিপাবলিকান চ্যালেঞ্জার। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে তহবিল জোগাড়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে রমনির সহযোগী হিসেবে রয়েছেন কোটিপতি আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার ঐতিহ্য অনুযায়ী কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কোটিপতি রমনি কীভাবে টাকার পাহাড় বানালেন, এর পটভূমি তুলে ধরতে গিয়ে ওবামা শিবির যেন তাঁর অতীত ঘুটনিকাঠি দিয়ে নেড়েছেন। অন্যতম কৌশল হিসেবে রমনিকে ‘চাকরিখেকো’ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। বসে নেই রমনির লোকজনও। পাল্টা সমালোচনায় নেমেছেন তাঁরাও। ওবামা ক্ষমতায় থেকে গেলে যুক্তরাষ্ট্রের কী ‘মহা সর্বনাশ’ হয়ে যাবে, যে কথা বলতে ছাড়ছেন না। এখনো তাঁর জন্মের স্থান নিয়ে বিতর্ক করতে ছাড়ছেন না রিপাবলিকানরা।বর্তমানে রমনির প্রতি বিষোদগারে দুটি লক্ষ্য বেছে নিয়েছেন ওবামার নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতা ও কর্মকর্তারা। একদিকে তাঁরা বোঝাতে চাইছেন, রমনি আপামর জনতার নন, বরং নির্দিষ্ট কিছু মানুষের নেতা। অন্যদিকে বলছেন, রিপাবলিকান এই নেতা বড় বেশি ডানপন্থী। তিনি শুধু রক্ষণশীলই নন, প্রাচীনপন্থীও। আধুনিকতাবিবর্জিত এই সেকেলে নেতা ক্ষমতায় গেলে অতীতকেই ফিরিয়ে আনবেন।কিছু বিশ্লেষকের মতে, মিট রমনি দলীয় সমর্থকদের আস্থা অর্জনে সমর্থ হলেও দলনিরপেক্ষ বা মনস্থির না করা অনেক সাধারণ ভোটারের মধ্যে এখনো সেভাবে সাড়া জাগাতে পারেননি। রাজনৈতিক নেতাদের মধ্যে সাধারণত যে চাতুর্য বা সম্মোহনী ক্ষমতা দেখা যায়, রমনির মধ্যে এখনো সে রকম কিছু দেখা যায়নি বলে অনেকে মনে করছেন। বিতর্কে তিনি লড়তে পারেন বটে, তবে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জোরালো যুুক্তি দাঁড় করাতে পারেন না। তবে প্রতিটা প্রাইমারিতে যে একটু একটু করে ধারালো হয়ে উঠেছে তাঁর ব্যক্তিত্ব, তা অস্বীকার করা যাবে না।সম্প্রতি প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে একটি ভিডিওচিত্র ছাড়া হয়েছে। এর মূল বিষয়, ওবামা সম্পর্কে রমনির সমর্থক ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। ওবামা কেনিয়ায় জন্ম নিয়েছেন বলে ট্রাম্পের মন্তব্য যে মিথ্যা, তাই তুলে ধরা হয়েছে এতে। একই সঙ্গে ভিডিওচিত্রে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ২০০৮ সালের নির্বাচনে ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সিনেটর জন ম্যাককেইনের চেয়ে রমনি নিকৃষ্ট। ওবামাকে একজন নারী একবার মুসলিম বলায় তাঁর ভুল শুধরে দিয়েছিলেন ম্যাককেইন। এ বিষয়টি তুলে ধরে ভিডিওতে প্রশ্ন রাখা হয়েছে, ‘মিট রমনি এমন কাজ করলেন না কেন?’এ ব্যাপারে অবশ্য এর মধ্যে মুখ খুলেছেন রমনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে যাঁরা সমর্থন করেন, সবার সঙ্গে আমি সব বিষয়ে একমত নই। আর আমার ধারণা, আমি যা বিশ্বাস করি, এর প্রতিটি বিষয়ের সঙ্গে সবাই একমত নন।’গত সোমবার রমনির নির্বাচনী দলের পক্ষ থেকে ওবামাকে কটাক্ষ করে একটি বিজ্ঞাপনচিত্র ছাড়া হয়েছে। এতে সৌর প্যানেল নির্মাতা একটি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় সরকারের দেওয়া ঋণের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই প্রতিষ্ঠান পরে দেউলিয়া হয়ে গেছে।বিশ্লেষকেরা বলছেন, ওবামা ও রমনির নির্বাচনী দল পরস্পরের প্রতি যত কাদা ছোড়াছুড়িই করুন না কেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল মূলত নির্ভর করবে কলোরাডো ও নেভাদাসহ হাতেগোনা কয়েকটি অঙ্গরাজ্যের ভোটের ওপর। সে ক্ষেত্রে উভয় প্রার্থীকে নির্ভর করতে হবে নির্দলীয় ভোটারদের সিদ্ধান্তের ওপর।মরমন ধর্মমতঊনবিংশ শতকে যুক্তরাষ্ট্রে জোসেফ স্মিথ এ ধর্মমত প্রতিষ্ঠা করেন। অনুসারীরা তাঁকে ঈশ্বরপ্রেরিত দূত বলে মনে করেন। পরবর্তী সময়ে স্মিথের শিষ্য ব্রিগহ্যাম ইয়ং ১৮৪৭ সালে তাঁর অনুসারীদের নিয়ে ইলিনয় থেকে পাহাড়-পর্বত-মরুভূমি পাড়ি দিয়ে তখনকার ইউটা টেরিটোরিতে (পরে অঙ্গরাজ্য) পৌঁছান। অঞ্চলটি তখন মেক্সিকোর অংশ। ইউটার রাজধানী সল্টলেক সিটির প্রতিষ্ঠাতা ব্রিগহ্যাম ইয়ংই। ইউটা আসার পথে বিভিন্ন জনপদের মানুষের তীব্র বৈরিতার মুখোমুখি হতে হয় ইয়ং ও তাঁর অনুসারীদের। বিশ্বজুড়ে মরমন ধর্মমতে বিশ্বাসীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের কিছু বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে ৭০ লাখ। তাদের বসবাস মূলত দেশটির পশ্চিমাঞ্চলে।মরমনরা ‘বুক অব মরমন’ ছাড়াও বাইবেল এবং যিশুখ্রিষ্টের শিক্ষা মেনে চলেন। এই ধর্মে মদ ও চা-কফি পান, গর্ভপাত, সমকামিতা, বিবাহবহির্ভূত যৌনতা, জুয়া ও মাদকদ্রব্য গ্রহণ নিষিদ্ধ। বিখ্যাত মরমন ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড, রিপাবলিকান দলের সিনেটর ওরিন হ্যাচ, রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব গ্লেন বেক, রক ব্যান্ডদল কিলার্সের প্রতিষ্ঠাতা ব্র্যান্ডন ফ্লাওয়ার্স, ‘টোয়াইলাইট’ সিরিজের লেখক স্টেফানি মেয়ার।মিট রমনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম মরমন হিসেবে কোনো প্রধান দলের প্রার্থী হওয়ায় তাঁর ধর্মমতের অনেকেই খুশি। অনেক মরমন বলছেন, তাঁরা এ জন্য গর্বিত। তবে সবার অনুভূতি এক নয়। অনেকেই মনে করেন, ভোট দেওয়ার ক্ষেত্রে রমনির ধর্মীয় পরিচয় ও আচরণ খুঁটিয়ে দেখা হবে। দেখা হবে তিনি কী টাই পরছেন, সেটাও। জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ মরমনই মনে করেন, দেশের জনগণ এই ধর্মকে মূলধারার মার্কিন সমাজের অংশ বিবেচনা করে না। ৪৬ শতাংশ মরমন বলেছেন, তাঁদের বিরুদ্ধে ‘অনেক বৈষম্য’ করা হয়ে থাকে।ব্যক্তি রমনিপুরো নাম উইলার্ড মিট রমনি। ১৯৪৭ সালের ১২ মার্চ মিশিগানে তাঁর জন্ম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর।২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী হিসেবে শুরু থেকে কমবেশি এগিয়ে ছিলেন মিট রমনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বরাবরই তাঁর সুস্পষ্ট প্রাধান্য থেকেছে।দলের প্রার্থী হিসেবে রমনির চূড়ান্ত মনোনয়নে ম্যাসাচুসেটসে এক মেয়াদে গভর্নর থাকা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও জাতীয় ভাবমূর্তি ইতিবাচক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঝপথে থেমে যান।চৌকো চোয়াল, উজ্জ্বল চোখ ও পরিপাটি ধূসর চুলের কেতাদুরস্ত রমনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেশ জুতসই বলেই মনে করেন অনেকে। তাঁর স্ত্রী অ্যান রমনিও অনেকের প্রিয়ভাজন। ৪০ বছরের বেশি সময় ধরে তাঁরা ঘর করছেন।