শেষ পর্যন্ত লড়বে বেনগাজি
‘একজন লিবীয় হিসেবে এই প্রথম আমার গর্ব হচ্ছে। কর্নেল গাদ্দাফির শাসন থেকে মুক্তি পেতে যা প্রয়োজন, যত দিন ধরে প্রয়োজন; তার সবই করব আমরা’ বললেন লিবিয়ার গাদ্দাফিবিরোধীদের বড় ঘাঁটি বেনগাজির বাসিন্দা সাবা। গাদ্দাফির অনুগত সেনারা সম্প্রতি কয়েকটি এলাকা আবার নিজেদের দখলে নিয়ে নিলেও বেনগাজির তরুণদের দলে দলে বিদ্রোহীদের খাতায় নাম লেখানো অব্যাহত রয়েছে।সাবার ইচ্ছা, পথে নেমে গাদ্দাফিবিরোধী বিক্ষোভে যোগ দেওয়া। কিন্তু যুদ্ধের কারণে বেনগাজির স্কুলগুলো এখন বন্ধ। ছয় সন্তানকে দেখাশোনার জন্য বাড়িতেই থাকতে হয় তাঁকে। সাবার স্বামী আমের বলেন, তিনি ইচ্ছা করলেই গোটা পরিবার নিয়ে বিদেশে পাড়ি দিতে পারেন। কিন্তু দেশের এ পরিস্থিতিতে তিনি কোনো কিছুর বিনিময়েই বাইরে যেতে চান না। এই ক্রান্তিকালের সাক্ষী থাকতে চান।ঠিক এই মনোভাব থেকেই হয়তো বহু বছর ধরে বিদেশে অবস্থানরত অনেক লিবীয় এই ঘোর সংকটের মধ্যে দেশে ফিরছেন। বেনগাজির প্রধান হাসপাতালের প্রধান শল্যচিকিৎসক জানান, বিদেশে কাজ করছেন এমন অনেক লিবীয় চিকিৎসক তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’হাসপাতালে দেখা গেল ২৬ বছর বয়সী যুবক ইয়াসিরকে। ১৫ ফেব্রুয়ারি বেনগাজিতে গাদ্দাফিবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার দিন গুলিবিদ্ধ হন তিনি। গুলি তাঁর পেট ফুঁড়ে বেরিয়ে যায়। ওই গুলি পেছনে থাকা বিক্ষোভকারীর শরীরে বিদ্ধ হলে তিনি নিহত হন। ছেলে বেঁচে যাওয়ায় ইয়াসিরের মা তাহিনি খোদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু ইয়াসির হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরতে না ফিরতেই তাঁর আরেক ছেলে ফাতেহ যুদ্ধের ময়দানে ছুটে যান। তাহিনি জানান, তাঁর এলাকার সব যুবকই যুদ্ধে গেছে।এক দিন একটি টিভি চ্যানেলে তাহিনি তাঁর ছেলে ফাতেহকে দেখেছেন বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সামনে বসে থাকতে। দেখে মনে হচ্ছিল তিনি তখনো জানেন না, ওই অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয়। জানার কথাও নয়, ফাতেহ একজন স্কুলশিক্ষক মাত্র।তাহিনি বলেন, ‘ছেলে যুদ্ধে যাওয়ায় আমি গর্বিত। সে স্বাধীনতার জন্য, দেশের জন্য লড়াই করছে। তাকে যদি জীবনের ঝুঁকিও নিতে হয়, সে জন্য আমি তৈরি।’যুবকেরা দলে দলে যুদ্ধে যাওয়ায় বেনগাজির মানুষের নৈতিক মনোবল এত দিন বেশ চাঙাই ছিল। জাউইয়া শহরসহ কয়েকটি স্থানে সরকারি বাহিনীর সাম্প্রতিক জয় তাদের উৎসাহ আর গর্বে একটু ধাক্কা দিয়েছে। বেনগাজির বাসিন্দারা জাউইয়ায় অবস্থানরত সমর্থক ও আত্মীয়স্বজন নিয়ে খুবই উদ্বিগ্ন। একজন বেশ উৎকণ্ঠার সঙ্গে বললেন, ওই শহরে সরকার-সমর্থক সেনারা লোকজনকে ঘরবাড়ি থেকে অপহরণ করে নির্যাতন চালাচ্ছে। ত্রিপোলিতেও একই অবস্থা চলছে। বিবিসির একদল সাংবাদিক নিজের চোখেই তা দেখেছেন। কারণ, জাউইয়ায় গেলে তাঁদেরও ধরে নিয়ে মারধর করা হয়েছিল। পূর্বাঞ্চলের লোকজন এখন যুদ্ধের চেয়েও বেশি ভয় পাচ্ছে এই অপহরণকে।বেনগাজির মানুষ বলছে, গাদ্দাফিনিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে তারা পুবের মানুষের সঙ্গে যুদ্ধে যোগ না দেয়। বিবিসির সাংবাদিক বেনগাজির যার সঙ্গেই কথা বলেছেন তারই বক্তব্য হচ্ছে, সেনারা গাদ্দাফির হয়ে লড়ছে অনেকটা বাধ্য হয়ে। পরিবারের সদস্যদের ক্ষতি করা হতে পারে, এ আশঙ্কায় সরকারের পক্ষে লড়ছে ওই সেনারা।যুদ্ধ চললেও বেনগাজি মানেই কিন্তু কেবল যুদ্ধক্ষেত্র নয়। মানুষজন যথাসাধ্য স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছে। লোকজন সন্ধ্যা নামলে পরিবার নিয়ে কেনাকাটা করতে বা বেড়াতে বের হয়। আড্ডা জমে কাবাবের দোকান বা সেলুনে। স্থানীয় এক নাপিত বলেন, লোকজন মূলত আসে যুদ্ধের খোঁজখবর নিতে। আর এখন যাঁরা চুল কাটাতে আসেন, তাঁদের অধিকাংশই যুদ্ধে যাচ্ছেন। রণাঙ্গনে যাওয়ার আগে তাঁরা এ কাজটি সেরে নিচ্ছেন। প্রাণ নিয়ে আর ফেরা নাও হতে পারে। তবে তখনো যেন একটু সুন্দর দেখায়, সে জন্যই নাপিতের কাছে আসা। ওমর ফারুক, বিবিসি অবলম্বনে