শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিউটি বেগম
ছবি: সংগৃহীত

২০০৮ সালে গাইবান্ধার সরকারবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে (সরকারীকরণ ২০১৩ সালে) সহকারী শিক্ষক পদে আবেদন করেছিলেন বিউটি বেগম। লিখিত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। এরপরও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো ফল পাননি। বাধ্য হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ ১২ বছর মামলা লড়ার পর চলতি মাসে উচ্চ আদালতের রায়ে তিনি চাকরি পান। এরই মধ্যে সহকারী শিক্ষক হিসেবে যোগদানও করেছেন।

বিউটি বেগমের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামে। বাবা আবদুল আজিজ ছিলেন কৃষক, মা আমিরন বেগম গৃহিণী। আট ভাই–বোনের মধ্যে বিউটি বেগম চতুর্থ। স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আবেদন করেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে। এক যুগ লড়াই করে প্রাপ্য চাকরি পেলেন অবশেষে। এই নিয়ে ১০ ডিসেম্বর নিজের বাড়িতে নারীমঞ্চের সঙ্গে কথা বলেছেন বিউটি বেগম। সাক্ষাৎকার নিয়েছেন শাহাবুল শাহীন।

লিখিত পরীক্ষায় প্রথম হয়েছেন, এরপরও মামলা করতে হলো কেন?

বিউটি বেগম: কী আর বলব। অনেক ইতিহাস, অনেক ঘটনা। ২০০৮ সালে সরকারবাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। আমরা মোট আটজন আবেদন করি। ২২ মে লিখিত পরীক্ষা হয়। আমি প্রথম স্থান অর্জন করি। দ্বিতীয় স্থানে ছিলেন আমাদের গ্রামেরই আরেক নারী প্রার্থী। কিন্তু আমাকে চাকরি না দিয়ে ওই মে মাসেই তাঁকে নিয়োগ দেওয়া হয়। আমি সদর উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিই। কিন্তু কেউই বিষয়টি আমলে নেননি। এরপর বাধ্য হয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করি। মামলাটি সুপ্রিম কোট পর্যন্ত গড়ায়। ১৪ ডিসেম্বর আদালতের রায় আমার পক্ষে আসে। আমি চাকরিতে নিয়োগ পাই। ওই দিনই সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করি।

মামলা কত দিন চালাতে হয়েছে?

বিউটি বেগম: ২০০৮ থেকে ২০২০ সাল। প্রায় ১২ বছর মামলা চালাতে হয়েছে। দ্বিতীয় স্থান অধিকারীকে নিয়োগ দেওয়ার পরপরই তৎকালীন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনসহ পাঁচ সদস্যের নিয়োগ কমিটির বিরুদ্ধে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করি। নিজেই মামলার বাদী হই। ২০১১ সালে এই আদালত ওই প্রার্থীর নিয়োগ বাতিল করেন। আদালত আমাকে ১০ দিনের মধ্যে যোগদান করার নির্দেশ দেন। যোগদানের পর আদালতে নিয়োগপত্রের কপি জমা দিতে বলা হয়। কিন্তু একই বছরে ওই প্রার্থী জেলা ও জজ আদালতে আপিল করেন। ২০১২ সালে এই আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। মামলায় হেরে যাওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই প্রার্থী। এই আদালত আমাদের দুজনকেই চাকরিতে বহাল রাখার আদেশ দেন। এই রায়ের বিষয়ে কে কোন পদে থাকবেন, তা জানার জন্য ২০১৬ সালে আমি সুপ্রিম কোর্টে রিট আবেদন করি।

২০১৭ সালে সুপ্রিম কোর্ট আমাকে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের আদেশ দেন। এরপরও আমাকে নেওয়া হয়নি। পরে আমি ওই বছরই আবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করি। এবার ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জ্যেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

মামলা চালাতে গিয়ে কি সমস্যা হয়েছে?

বিউটি বেগম: কয়েক বছর আগে আমার বাবা মারা গেছেন। আমরা ভাইদের ওপর নির্ভরশীল। কোনোমতো সংসার চলে। মামলার খরচ চালাতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো নয়। অনেকবার ঢাকায় যাতায়াত করতে হয়েছে। আমার পরিবার অনেক সময় বিরক্ত হয়েছে। আমি ধৈর্য ধরে ছিলাম। ফল পেয়েছি।

এক যুগ পর মামলার রায় পেলেন, কেমন লাগছে?

বিউটি বেগম: মামলার রায়ে আমি খুবই খুশি। বিজয়ের মাসে অনিয়মের বিরুদ্ধে বিজয়। আল্লাহর অশেষ রহমতে আমি ন্যায়বিচার পেয়েছি। সরকারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেছি। এখন ভালো লাগছে। পাঠদান করলে ও বেতন-ভাতা হাতে পেলে আরও ভালো লাগবে। অনেক দৌড়াতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।