শেষ প্রতিশোধের বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

যাঁরা মুক্তিযুদ্ধ দেখেননি, মুক্তিযুদ্ধের কোন ঘটনা তাঁদের আলোড়িত করে? ভাবায়, সাহস জোগায়? বড়দের মুখে শোনা, বইয়ে পড়া কিংবা নিজের পরিবারে ঘটে যাওয়া এমনই কিছু ঘটনা লিখেছেন এই প্রজন্মের কয়েকজন তরুণ।

সে সময়ের তরুণ মুক্তিযোদ্ধাদের সাহ​িসকতার গল্প এই প্রজন্মের ছেলেমেয়েদের অনু​প্রাণিত করে। ছবি: সংগৃহীত
সে সময়ের তরুণ মুক্তিযোদ্ধাদের সাহ​িসকতার গল্প এই প্রজন্মের ছেলেমেয়েদের অনু​প্রাণিত করে। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বেচ্ছাকর্মী হিসেবে আছি অনেক দিন। ২০০৯ সালে উচ্চমাধ্যমিক পাস করার পরপরই পেয়েছিলাম এই সুযোগ। ইতিহাসের এত কাছাকাছি থাকতে পেরে সত্যি খুব ভালো লাগে।

জাদুঘরে মুক্তিযুদ্ধের স্মারক ও দলিলপত্র দেখে কখনো চোখে পানি এসেছে, কখনো পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে গর্বে বুক ভরেছে। মুক্তিযুদ্ধের অনেক ঘটনা যেমন জেনেছি, তেমনি পরিচিত হয়েছি আড়ালে থেকে যাওয়া কিছু সত্যের সঙ্গে। তেমনি একটি ঘটনা আজ বলব।

১৬ ডিসেম্বর, ১৯৭১। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর তখন বিজয়ের আনন্দে মেতে উঠেছে সারা দেশের মানুষ। অলিগলিতে ছড়িয়ে পড়েছিল জনতার উল্লাস।

উল্লসিত জনতার মধ্যে ছিল ইকবাল চৌধুরী নামে ছোট্ট একটা শিশুও। বয়স মাত্র নয়। তখনো তার মায়ের মুখে রূপকথার গল্প শুনে ঘুমোতে যাওয়ার বয়স। সে বয়সেই আর সবার মতো পতাকা হাতে বিজয় মিছিলে নেমেছিল ইকবাল। জনতার ভিড়ে ‘জয় বাংলা’ বলে চিৎকার করেছিল সে।

কিন্তু পাকিস্তানি হানাদারের মনে তো তখনো প্রবল হিংসা আর পরাজয়ের ক্ষোভ। বাংলা ছেড়ে যাওয়ার আগে এই ছোট্ট শিশুটাকে গুলি করে মারতে ওদের হাত কাঁপেনি একটুও! বিজয়ের দিনে ইকবালকে হানাদারের ক্রোধের বলি হতে হয়েছে। ছোট্ট শিশুটিকে হত্যা করার মধ্য দিয়েই যেন ওরা শেষ প্রতিশোধ নিতে চেয়েছিল।

অনেক নামের ভিড়েও ছোট্ট ইকবাল চৌধুরীর নামটা আমার প্রায়ই মনে পড়ে। ছোটবেলায় না বুঝেই হয়তো বিজয়ের মিছিলে শামিল হয়েছিল সে। আজ বেঁচে থাকলে সেদিনের কথা স্মরণ করে তার কী আনন্দই না হতো!