শেষ বিকেলের আড্ডা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যটা তখনো গাছের ফাঁকে উঁকিঝুঁকি মারছে। রোদের স্নিগ্ধ আলোর ঝিলিক খেলা করছে ধানমন্ডি লেকের জলে। হিজলগাছটায় একমনে ডেকে যাচ্ছে একটি বউ কথা কও। ঝিরিঝিরি বাতাসে ভেসে আসছে কী যেন একটা অজানা ফুলের সুবাস। শান্ত বিকেলটা কিন্তু আর শান্ত থাকেনি; একঝাঁক নবীন প্রাণের কলকাকলিতে এর মধ্যে অশান্ত হয়ে উঠেছে।নাসির টিউশনিতে ব্যস্ত। আসতে দেরি হচ্ছে। এরই মধ্যে রাকিব, মাহি, ফাহিম, টুম্পা, নাঈমারা এসে যোগ দিয়েছেন আড্ডায়; রবীন্দ্রসরোবরে শেষ বিকেলের আড্ডায়।‘ওই দেখো, নাসির সাহেব আসছেন? আসুন আসুন স্যার, কী গুরুদক্ষিণা নিয়ে আসলেন!’ এর মধ্যে এসে যোগ হয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ঝুমি, রানা, ঊর্মি ও সজীবেরা। আজ তাদের মুডটা খুব একটা ভালো নেই। পঞ্চম সেমিস্টারের রেজাল্ট দিয়েছে। এক শিক্ষক বেশ কম নম্বর দিয়েছেন। সবাই বেশ চুপচাপ। ‘উনি এই বাঁশটা না দিলেও পারতেন। নম্বর মনে হয় উনার বাপের বাড়ির সম্পত্তি, দিতে এত কষ্ট।’ নীরবতা ভেঙে বলে উঠলেন উর্মি। সজীব বলে উঠলেন, আরে না, শ্বশুরবাড়ির সম্পত্তি। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠলেন। নীরবতা ভেঙে মন খারাপের নিকুচি করে মেতে উঠলেন আড্ডায়। ওদিকে আবার তিন-কন্যার ফটোসেশন চলছিল। উইমেন্স কলেজের রুমা, ঝুমা ও পিয়ার। কালো শাড়িতে বেশ মানিয়েছিল তাঁদের।ইউ ল্যাবের মুন্না তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওদিকে। রকি ওর ধ্যান ভাঙিয়ে দিলেন ‘ওই, কী দেখিস?’ বলে। মুন্নাও উত্তর দেওয়ার জন্য বেশ প্রস্তুত ছিলেন। ‘কালো শাড়িতে বেশ ভালো লাগে রে মেয়েদের। আমি ঠিক করেছি, আমি আমার বিয়েতে বউকে লাল শাড়ি না দিয়ে কালো শাড়ি দেব।’ রাখি বললেন, ‘তুই আবার কালো পাঞ্জাবি পরিস না যেন, তাহলে তোর সাদা ফকফকে দাঁত ছাড়া আর কিছু দেখা যাবে না।’ড্যাফোডিলের কয়েকজন তখন বেশ মনোযোগ দিয়ে পড়ালেখায় ব্যস্ত ছিলেন। হঠাৎ মেমী চিৎকার শুরু করলেন, ‘ও বাবা রে, খেয়ে ফেলল রে!’ সবাই ব্যস্ত হয়ে উঠলেন, ‘কী, কে? হা হা হা পিঁপড়া মশাই। মশাইয়ের সাহস তো কম নয়, তোকে কামড়ায়। দাঁড়া, এখনি দেখাচ্ছি মজা।’ ফাহিম এসো এসো হাতের মুঠোয় বলে কয়েকটা পিঁপড়ার প্রাণশক্তি নিলেন কেড়ে। তারপর বীরের মতো গর্জন করে উঠলেন!সিটি কলেজের প্রতীক, সৌমিক, শিবা, ঈশা, মুন্নারা তখন গিটারের তালে তালে গান গাচ্ছিলেন—তোমার জন্য নীলচে তারা...।একটা ছোট ছেলে বল খেলছিল তাঁদের আশপাশে। প্রতিদিন বিকেলেই তার চাচু শরীফের সঙ্গে এখানে খেলতে আসে। বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র শরীফ। তার বন্ধুরাও বিকেলে চলে আসে এখানে। তারপর জমিয়ে আড্ডা, সঙ্গে ছোট্ট বাবুটার খোলা মাঠে চলে খেলা। কোডার ছবি আর পৃথ্বী তখন লেকের মাঝখানে বোটে পানি খেলায় লিপ্ত। আর ইউডার রকি, সাকিব, রাব্বি যখন টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের খেলার তীক্ষ সমালোচনায় ব্যস্ত, তখন ঝুপ করে একটা শব্দ হলো। একটা পথশিশু ততক্ষণে পরম আনন্দে সাঁতার কেটে বেড়াচ্ছে লেকের পানিতে। এই গরমে প্রকৃতিপ্রদত্ত শান্তি থেকে নিজেকে বঞ্চিত করতে পারল না তার আরও দুই সাথি। তিন সাথি মিলে সাঁতারের ছোটখাটো প্রতিযোগিতায় লিপ্ত তারা।বটতলার চত্বরটাও খালি নেই তখন। নর্দান ইউনিভার্সিটির বনি, সুমি, অমিত, কাননরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত সেখানে।আইআইইউসির তমালের মনটা আজ ভালো নেই। একা একা লেকের পানির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হারিয়ে যাওয়া স্মৃতিরা ভিড় করেছে তার মনে। আকাশে তখন মেঘের লুকোচুরি। এর মধ্যে অনেকেই উঠে গেছেন আজকের মতো আড্ডার ইতি টেনে। সান্ধ্য পাখিদেরও ততক্ষণে নীড়ে ফেরা শেষ। আট নম্বর ব্রিজটাও বেশ শান্ত হয়ে গেছে। দু-একটা গাড়ি আর রিকশার টুংটাং। দূর থেকে ভেসে আসছে চানাচুরওয়ালার ‘চানাচুর চানাচুর’ ধ্বনি। নিয়ন আলোগুলো কখন জ্বলে উঠেছে, তাও টের পায়নি কেউ।