শেষ বিদায়ের আনন্দময় উৎসব ছইং ক্যারেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি মৃত্যুই শোকের। তবে শোককে শক্তিতে পরিণত করে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতেই হয় শোকার্ত মানুষকে। এই ফেরাটা সবার ক্ষেত্রে মসৃণ হয় না। নিকটজনের মৃত্যুকে মেনে নিতে পারেন না বেশিরভাগ মানুষ। তবে বান্দরবানের মারমা আদিবাসীরা এ ক্ষেত্রে ব্যতিক্রম। উৎসবের মাধ্যমে প্রিয়জনকে বিদায় জানাতে এবং শোককে সহনীয় করে তুলতে তাঁরা পালন করেন ছইং ক্যারেই বা শোকনৃত্য উৎসব। তবে জাঁকজমকপূর্ণ এই উৎসব পালন করা হয় কোনো বৌদ্ধসাধক বা ভিক্ষুর মৃত্যু হলে। আদিবাসীদের মধ্যে রাখাইন এবং চাকদের মধ্যেও এমন উৎসব প্রচলিত আছে।৬ মার্চ রোববার বান্দরবানের বোমাং রাজবনবিহারে হয়ে গেল এমনই একটি উৎসব। বিহারের ভিক্ষু উছন্দ পইঞা মহাথেরো তিনমাস আগে ৯৬ বছর বয়সে লোকান্তরিত হয়েছেন। তাঁর মৃত্যুর পর এই শোকনৃত্য উৎসবের পরিকল্পনা হয়। এ জন্য তিনমাস ধরে বিশেষ শোকনৃত্যের অনুশীলন করেছেন নাচে অংশ নেওয়া দলগুলো। এই দীর্ঘসময় অনুশীলনের কারণ হলো ছইং ক্যরেই বা শোকনৃত্য সাধারণ পাহাড়িনাচের চেয়ে ভিন্ন। গত রবিবার রাজবিহারে সেটা দেখাও গেল। বিহার প্রাঙ্গণে প্রয়াত ভিক্ষুর মরদেহ নিয়ে পাহাড়ি তরুণ-তরুণীদের নাচে মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শকেরা। রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত কানাইজোপাড়া ও জামছড়িপাড়ার দুটি দল নাচে অংশ নেয়। শোকনাচের এই উৎসব চলেছে সারাদিন ধরে। বিশেষ ধরনের পাহাড়ি বাঁশি ও ঢোলের ছন্দে প্রয়াত ভিক্ষুর মরদেহ কাঁধে নিয়ে নেচেছেন পাহাড়ি তরুণ-তরুণীরা। দোলনায় মরদেহ রেখে শোকের গান গেয়ে ভিক্ষুর জীবন কাহিনী তুলে ধরেছেন তাঁরা। শোকসংগীতের সঙ্গে পরিবেশিত বিশেষ এই নৃত্যের নাম এ্যহয়। শোকনৃত্য উৎসব শেষে প্রয়াত ভিক্ষুর মরদেহ দাহ করার মধ্য দিয়ে শেষ হয় এই উৎসবের। কানাইজোপাড়ার হেডম্যান মিচিং মারমা বলেন, বৌদ্ধ ভিক্ষুদের প্রতি সাধারণ মানুষের প্রবল আস্থা ও নির্ভরশীলতা থাকে। তাঁদের অবদান তুলে ধরা ও মৃত্যুর শোক ভোলার জন্য ছইং ক্যারেই উৎসবের আয়োজন করা হয়। শত শত বৌদ্ধ ভিক্ষু ও নারী পুরুষ এধরনের অনুষ্ঠানে যোগ দিতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনায় প্রধান ভূমিকা পালনকারী মংথোয়াইম্যা রনি জানিয়েছেন উছন্দ পইঞা মহাথের রাজবিহারের বিহারাধ্যক্ষ বা প্রধান ছিলেন না। কিন্তু বিহারে সবচেয়ে প্রবীণ ছিলেন। নৃত্যদলের মহড়া ও তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থাসহ বিশাল আয়োজনে প্রায় তিনলাখ টাকা ব্যয় হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় শোক নাট্য উৎসবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর প্রধান অতিথি ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর হামান, পুলিশ সুপার কামরুল ইসলাম।