শেষ বৃষ্টি
কাঞ্চন ড্রাম ভর্তি করে পানি এনে আমাকে তাড়া দিল, ‘তাড়াতাড়ি রং দে।’ আমি আবিরের পোঁটলাটা ড্রামে উপুড় করে দিলাম। মুহূর্তে পরিষ্কার পানি একদম রঙিন। ছেলেমেয়েরা সবাই বোতলে করে রঙিন পানি নিয়ে যাচ্ছে। মহানন্দে একজনের গায়ে আরেকজন রং ছিটাচ্ছে। এমন সময় হুড়মুড়িয়ে বৃষ্টি।৩০ মে আমাদের ‘র্যাগ ডে’ করতে কী কষ্টই না করলাম! আর এখন বৃষ্টি এসে সব একদম ভাসিয়ে দিল। ক্যানটিনের দরজায় দাঁড়িয়ে সবাইকে দেখছি। জুনিয়র ব্যাচের সবাই শ্রেণীকক্ষের বারান্দায় দাঁড়িয়ে আইন অনুষদের ১৪তম ব্যাচের উচ্ছলতা দেখছে। আমার সহপাঠী বন্ধুদের এত উৎফুল্ল আমি আগে কখনো দেখিনি। অথচ আজ ওরা এতগুলো ছোট ভাইবোনের সামনে বৃষ্টির মধ্যে গায়ে রং মেখে অকারণেই ব্যাঙের মতো লাফাচ্ছে। আমার দুশ্চিন্তা কেটে যায়। বৃষ্টি খুব একটা ক্ষতি করতে পারেনি।রনি, মারুফ, সাইফুল, আকরাম এসে আমাকে কাঁধে তুলে নেয় বৃষ্টিতে ভেজাতে। আমার ঠান্ডার সমস্যা আছে। আমি তাই পারতপক্ষে বৃষ্টিতে ভিজি না। পাগলাগুলোকে ফাঁকি দিয়ে আমি ক্যানটিনের ভেতর ঢুকে যাই। ক্যানটিনের জানালা দিয়ে আমি সবার পাগলা নাচন দেখতে থাকি।এখন থেকে পাঁচ বছর আগের এমনই একদিনে সদ্য কৈশোরোত্তীর্ণ আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম বুকপকেটে অনেকগুলো স্বপ্ন যত্ন করে আগলে রেখে। আজ সেই দুর্দান্ত দিনগুলো পেছনে ফেলে রেখে এসে আমরা একেকজন বলিষ্ঠ তরুণ। সেদিন আমরা কেউ কাউকে মোটেও চিনতাম না। আর আজ সবাই কত আপন। পাঁচটি বছর একজন মানুষকে যে কীভাবে বদলে দিতে পারে! সেই অল্পবয়সী ছেলেমেয়েগুলোই পাঁচ বছর পরে আজ কেউ কেউ কবি, ছাত্রনেতা, বক্তা কিংবা উজ্জ্বল প্রেমিক-প্রেমিকা।এই বিশ্ববিদ্যালয়ের জন্য, আইন অনুষদের জন্য আমার বুকটা মোচড়াতে থাকে। আইন অনুষদের প্রতিটি শ্রেণীকক্ষ, বারান্দার প্রতিটি কোনা আমাকে চেনে। এখানকার প্রতিটি ঘাস ও প্রজাপতি আমার চেনা। আমাকে আর কখনো সকালের মিষ্টি ঘুমটা ভেঙে ক্লাস করার জন্য দৌড়াতে হবে না শাটল ট্রেনের পিছু পিছু। শান্ত বা ইমু ঘুম থেকে উঠতে পারেনি বলে আমাকে আর কখনো বলবে না, ‘দোস্ত, আজকে ভীষণ ব্যস্ত, ক্লাসে আসতে পারব না। আমার উপস্থিতিটা দিস।’ ক্লাস ফাঁকি দিয়ে আমরা কখনো নাসির ভাইয়ের ঝুপড়ি দোকানে কিংবা ক্যানটিনে বসে হেঁড়ে গলায় চিৎকার করে গান গাইব না। আর কখনো একজন আরেকজনের সঙ্গে ছেলেমানুষি বাজি ধরব না, ‘দৌড়ে আমার আগে যেতে পারলে তোকে দুই টাকা দেব।’ আইন অনুষদকে ছায়া দিয়ে রাখা কৃষ্ণচূড়াগাছটা প্রতিবছর রঙের আগুন ধরিয়ে দেবে অনুষদ প্রাঙ্গণজুড়ে। শুধু আমরাই থাকব না। আমার খুব কষ্ট হতে থাকে। তীব্র ব্যথায় আমার বুকটা মোচড়াতে থাকে। চোখ ভেঙে পানি নামার আগেই আমি বৃষ্টিতে বের হয়ে আসি। আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের প্রিয় আইন অনুষদ প্রাঙ্গণে দাঁড়িয়ে শেষবারের মতো বৃষ্টিতে ভিজে যাই অবিরাম।জুয়েল দেব, আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।