দিনটি ২০ এপ্রিল। সাত সকালেই ধুন্ধুমার কাণ্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। স্নাতকোত্তর শেষ করা, আলমগীর, সৈকত, পিয়াস, এমিলি ও ইসরাতদের ছোটাছুটি। শুধু কী তাঁরা, তাঁদের পিছু পিছু ব্যাচের অন্য শিক্ষার্থীরাও। কারও হাতে ফুল-বেলুন, কারও হাতে রঙের কৌটা। মুখে রং-বেরঙের মুখোশ। ব্যস্ত রঙয়ের হোলিখেলায়। অর্থনীতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে (র্যাগ ডে) আনন্দযজ্ঞে মেতেছে সবাই। সকালে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে শিক্ষার্থীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে মুখরিত করে তুলে পুরো ক্যাম্পাস। এ ছাড়াও দিনব্যাপী কেককাটা, স্মরণিকা ঝুপড়ির মোড়ক উম্মোচন, সাংস্কৃতিক আয়োজন, ফানুস ওড়ানো-সব মিলিয়ে সমাপনী দিবসকে স্মরণীয় করে রাখতে উৎসবের কিছুই বাদ যায়নি। এর মধ্যে চলে স্মৃতিময় দিন ধরে রাখার শত চেষ্টা। তাই তো ক্যামেরার শাটারে চাপ পড়ছিল বার বার—ক্লিক ক্লিক। কথা হয় বিদায়ী শিক্ষার্থী আলমগীর টিপুর সঙ্গে। তিনি বলেন, ‘ভীষণ আনন্দ লাগছে ঠিকই, কিন্তু খানিকটা বেদনাও লুকিয়ে আছে। একসঙ্গে সব বন্ধু মিলে বসা হবে না আর ক্লাসে। আড্ডায় মেতে ওঠা হবে না ঝুপড়িতে। আর খুব বেশি মনে পড়বে এই ক্যাম্পাসকে।’সুখের সময় স্বল্প কথাটি একাবারে মিথ্যা নয়। ঘড়ির কাঁটা তখন সাড়ে ছয়টার ঘরে। অশ্রুসিক্ত চোখে আর নির্বাক কণ্ঠে বিদায়ী শিক্ষার্থীদের অন্তর যেন বলে ওঠে ‘দেখা হবে বন্ধু কারণে আর অকারণে..., কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই।’ বিদায়বেলায় সবার মুখেই বিষাদের ছাপ। ছয় বছরের হাসি-কান্নার দোসরদের আর একসঙ্গে পাওয়া হবে না এভাবে। সবার সমবেত আড্ডায় আর মুখর হবে না বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়ি। এর মানে কী বন্ধুত্বের অবসান? মোটেও নয়। বন্ধুর মুঠোফোন নম্বর তো আছেই। আর ফেসবুকেও নিয়মিত যোগাযোগ হবে। ইসরাতকে লক্ষ্য করে বলছিলেন আলমগীর। এই কথাই জানান দিচ্ছিল, বন্ধুত্ব চির অমলিন...।