
পতেঙ্গা এলাকার উপকূলের মানুষদের নিরাপদে সরে যেতে গত শুক্রবার বিকেল থেকেই শুরু হয় জেলা প্রশাসনের মাইকিং। কিন্তু খুব একটা আমলে নেয়নি স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার সকালে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানলেও আশ্রয়কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখা যায়নি স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত, চরপাড়া, মিরাপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল ১০টার দিকে পতেঙ্গা বেড়িবাঁধ এলাকায় দেখা যায়, বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল বাঁধের ওপর। তা দেখতে স্থানীয় লোকজন জড়ো হয়েছে বাঁধের ওপর। এর মধ্যে কিশোর-কিশোরীও ছিল। ঝড় নিয়ে তাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। সেখানে কথা হয় পতেঙ্গার মিরাপাড়া এলাকার বাসিন্দা জেলে লিটন দাসের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে গতকাল (শুক্রবার) থেকে মাইকিং করে আশ্রয়কেন্দ্রে যেতে বলছে প্রশাসন। কিন্তু আমরা যাইনি। আশপাশের কেউ যাচ্ছে না। তাই আমরাও বসে আছি। দেখি না কী হয়।’
আবহাওয়া দপ্তর গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারির পর প্রশাসন নড়েচড়ে বসে। তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকায় মাইকিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতসহ বিভিন্ন উপকূলীয় উপজেলায় মাইকিং শুরু হয়। রাতেও আশ্রয়কেন্দ্রে কিংবা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রচারণা চালানো হয়।
শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গার বিভিন্ন এলাকা পরিদর্শন করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনও সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু রাতে কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি। এ নিয়ে সিটি মেয়র জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কাছে হতাশাও ব্যক্ত করেন। মেজবাহ উদ্দিন মেয়রের এই হতাশার কথা শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উত্থাপন করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে আরও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।

এর অংশ হিসেবে গতকাল সকালেও রেড ক্রিসেন্ট ও প্রশাসনের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মাইকিং করা হয়। সকাল ১০টায় দেখা যায়, একটি টমটমযোগে চরপাড়া এবং সৈকত এলাকায় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার মাইকিং করা হচ্ছে। কিন্তু এতে কেউ কর্ণপাত করেনি। এ সময় মিরাপাড়া এলাকায় দেখা যায়, বাঁধের পাশে ঘরবাড়ির মধ্যে নারী-পুরুষ অবস্থান করছেন। বৃষ্টির মধ্যে ঘরের বাইরে খেলা করছে শিশু-কিশোর। স্থানীয় বাসিন্দা আবদুল মোতালেব বলেন, ‘এখানে আগেও এ রকম সংকেত দিয়েছে। কিন্তু সে রকম ঝড় হয়নি। তাই আমরা এখনো ঘরে আছি।’
তবে বেলা ১১টা থেকে যখন দমকা হাওয়া এবং ঢেউয়ের উচ্চতা বাড়তে থাকে তখন কাঁচা ঘরের বাসিন্দাদের মধ্যে ভয় ঢুকে পড়ে। একই সময় বেড়িবাঁধের গাছপালাগুলোর ডালও ভেঙে পড়ছিল। তখন তীব্র বাতাসের মধ্যে অনেককে ছুটতে দেখা গেছে আশ্রয়কেন্দ্রের দিকে।
মিরাপাড়ার একটি আশ্রয়কেন্দ্রে বেলা একটায় গিয়ে দেখা যায়, লোকজন নিজের পরিবার–পরিজন নিয়ে ছুটছে। আশ্রয়কেন্দ্রে গরু-ছাগল নিয়েও আশ্রয় নিচ্ছে লোকজন। অথচ সকালে একই আশ্রয়কেন্দ্র ছিল জনমানবশূন্য। শুধু আশ্রয়কেন্দ্র নয়, লোকজন আশপাশের বড় বড় দালানেও আশ্রয় নিয়েছে ঝড় শুরু হওয়ার পর।
জেলা প্রশাসক পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে গতকাল বেলা একটার দিকে উপকূলীয় বাসিন্দাদের মধ্যে খাবার বিতরণ করেন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘সমুদ্রপাড়ের মানুষের মধ্যে ভয় কম। তারা ভয় পায় না। ঝড় শুরু হওয়ার পর দৌড়াদৌড়ি শুরু করে। তারপরও আমরা অনেক মানুষকে শেষ পর্যন্ত সরিয়ে নিতে সক্ষম হয়েছি। বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি।’