শেষ মুহূর্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচারণা এখন তুঙ্গে। চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৬ সালের ২২ মার্চ। গত বছর ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন মহেশখালী উপজেলার সাতটি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে কালারমারছড়া ইউনিয়ন পরিষদও ছিল। সেই সময় মনোনয়নপত্র জমা দেওয়া এবং চূড়ান্ত করার কাজ শেষ হয়। তবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে এক প্রার্থীর করা মামলার কারণে সে সময় নির্বাচন বাতিল হয়ে যায়।
জানা গেছে, গত বছর নির্বাচনের তফসিল ঘোষণা হলে মোহাম্মদ সেলিম চৌধুরীকে প্রথমে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে সেলিমের দলীয় মনোনয়ন বাতিল করে তাঁর স্থলে তারেক বিন ওসমান শরীফকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু সেলিম চৌধুরী মনোনয়ন ফরমে দলীয় প্রতীক পরিবর্তন না করায় তাঁর মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করেন সেলিম। পরে আদালত সেলিম চৌধুরীকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করেন। উচ্চ আদালতে চূড়ান্ত রায় দেওয়ার পর গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন আবার নতুন করে তারিখ ঘোষণা করে। এই নির্বাচনে এখন সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত তিন নারী আসনে ১৫ জন নারী সদস্য এবং ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্যপদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার হচ্ছেন ৩৩ হাজার ৭৬৬ জন।
সাধারণ ভোটাররা জানান, গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার পর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম চৌধুরী, বিএনপির প্রার্থী এখলাছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আনসারুল করিম নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে মাঠে নামেন। গত বছর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তারেক বিন ওসমান শরীফ নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
ভোটাররা বলেন, নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী সেলিম চৌধুরী, বিএনপির প্রার্থী এখলাছুর রহমান ও তারেক বিন ওসমান শরীফের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যানপদ পদপ্রার্থী এখলাছুর রহমান বলেন, এলাকায় গণসংযোগের পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাইছেন তিনি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তারেক বিন ওসমান শরীফ বলেন, ‘শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার–প্রচারণায় নেমেও ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
আওয়ামী লীগের প্রার্থী সেলিম চৌধুরী বলেন, ‘এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি। তাই আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকেই ভোট দেবেন ভোটাররা।’
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কালারমারছড়া ইউপি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যা ব, কোস্টগার্ড ও বিজিবির পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে।