শেষ মুহূর্তের ঐক্যের ফল
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী খলিলুর রহমান চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থী ইমদাদুল ইসলাম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শেষ মুহূর্তে ঐক্যের সুফল পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।বিজয়ী প্রার্থী খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীর প্রার্থিতা নেতা-কর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। দলীয় সিদ্ধান্তের বাইরে তাঁরা প্রার্থী হওয়ার চেষ্টা করায় নেতা-কর্মী ও ভোটাররা কিছুটা বিভ্রান্ত হন। পরে আদালতের রায় পাল্টা রায়ে উভয় প্রার্থীর মনোনয়নপত্র স্থগিতের পর দলীয় নেতা-কর্মী ও ভোটাররা বিভ্রান্তি থেকে বেরিয়ে আসেন। প্রায় শেষ মুহূর্তে হলেও নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার পক্ষে ভোট চেয়ে প্রচার চালান। এতে দলের পক্ষে নির্বাচনী জোয়ার সৃষ্টি হয়। এ ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন। এটাও জয়ের অন্যতম কারণ।’পরাজয়ের কারণ জানতে চাইলে বিএনপি-সমর্থিত প্রার্থী ইমদাদুল ইসলাম বলেন, ‘১ নম্বর ওয়ার্ডের মধ্যম নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত ভোটারদের আসার পথে বাধা দেওয়া হয়। এ ছাড়া জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স গায়েবের গুজবে প্রায় দুই ঘণ্টারও বেশি হট্টগোল হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়হীনতায় নয়টি কেন্দ্রের অধিকাংশ বুথে আমার পক্ষের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন না।’উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, রাঙ্গুনিয়া পৌরসভায় ১৯ হাজার ৬৮৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এতে খলিলুর রহমান চৌধুরী পেয়েছেন ছয় হাজার ৭৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমদাদুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ৫১৩ ভোট। ২৪০ ভোটের ব্যবধানে খলিলুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।