শেষ মুহূর্তের কেনাকাটায় ঝাঁপিয়ে পড়েছেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ন্ত দুপুর। অফিস থেকে ছুটি নিয়ে এসেছেন মোস্তাফিজ আখন্দ। সঙ্গে স্ত্রী ও দুই কিশোরী মেয়ে। নগরের আগ্রাবাদের ফুটপাতের জুতার দোকানে নিজের জন্য স্যান্ডেল দেখছিলেন। বললেন, ‘অত বাহুল্যের কী আছে। মার্কেটের জুতার চেয়ে এগুলোর কোয়ালিটি খুব খারাপ বলে মনে হয় না আমার।’ ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। তাই শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন সবাই যে যাঁর সাধ্যমতো। গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন ফুটপাত ও অভিজাত বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, সবখানেই চলছে একধরনের উৎসবের আমেজ। ঈদের কেনাকাটায় যেন সবাই ঝাঁপিয়ে পড়েছেন। ইতিমধ্যে যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তাঁদের বেতন ও উৎসব-ভাতা দেওয়া হয়েছে। ফলে ঈদের বাজারে কেনাকাটা পেয়েছে নতুন মাত্রা। আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, বিপণিবিতান, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, আফমি প্লাজায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাদ যায়নি রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেন, জহুর-হকার্স মার্কেট, আগ্রাবাদ আর জলসা-নূপুর মার্কেটের ফুটপাতের বাজারও।অভিজাত বিপণিকেন্দ্রের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বোঝা যায়, দেশি কাপড়ের চেয়ে ভারতীয় কাপড়ের প্রতিই ঝোঁক বেশি এবার। ভারতীয় সিমার, নেট, মসলিন, ঢাকাই জামদানিই চলছে বেশি। বললেন বিপণিবিতানের নির্মা শাড়ির বিক্রয়কর্মী সুজিত দাশ। ‘দেশি শাড়ির প্রতি ঝোঁক কম। কারণ এসব শাড়ির চেয়ে বিদেশি শাড়ির রং ও কাজে বৈচিত্র্য রয়েছে।’মিমি সুপার মার্কেটের মেসার্স আপু শাড়ি হাউসের মালিক মো. মঈনুদ্দিন চৌধুরী বলেছেন, ‘নেটের শাড়িই চলছে বেশি। এগুলোর দাম ৭-২০ হাজার টাকার মধ্যে। এ ছাড়াও রয়েছে সিমার, জুট কাতান, ওয়াকা ওয়াকা, ক্যাটরিনা নামের ভারতীয় শাড়ি। বেচাকেনা ভালো। প্রতিদিনই ক্রেতার ভিড় বাড়ছে।’ পারভীন সুলতানা নামে এক ক্রেতা বলেন, ‘আমরা গুণেমানে উন্নত হলে তবেই না দেশি শাড়ি কিনব। এটাও তো আমাদের ভাবতে হবে।’ মিমি সুপার মার্কেটের অপরূপার স্বত্বাধিকারী মো. আইয়ুব বলেন, ‘তরুণীদের মধ্যে সুতির কাপড়ের প্রতি আগ্রহ বেশি এবার। এ ছাড়াও নিরালি বুটিকস, অরগেন্ডি বেশি চলছে। আমাদের এখানে রয়েছে দিল্লির আলবেনি বুটিকস, তসর, কারচুপির কাজ। আমাদের কাছ থেকে কেনা কাপড় সেলাইয়ের ব্যবস্থা আছে।’ ২৭ রমজান পর্যন্ত সেলাইয়ের অর্ডার নেবেন বলে জানান আইয়ুব। এবার ঈদের বাজার দখল করেছে চীনে তৈরি স্যান্ডেল ও জুতা। ফুটপাতেও বিক্রি হচ্ছে এ ধরনের রকমারি জুতা। তরুণ-তরুণীরা ভিড় করছে বুটিক শপ আর ব্রান্ডের দোকানগুলোতে। বিপণিবিতান, বিনিময় সেন্টার, সানমার ওশান সিটির এসব দোকানে দলে দলে ছুটছেন সবাই।’ বিপণিবিতানের উল্লাসে পাঞ্জাবি কিনতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল হোসেন। জানালেন ‘আমি নিজের জন্য একটি খাটো পাঞ্জাবি কিনেছি। দাম একটু বেশি মনে হলেও ভালো লেগেছে বলে কষ্ট নেই।’ উল্লাসের মালিক মো. আক্তার খান বলেন, ‘আমাদের এখানে তিন হাজার ২০০ থেকে আট হাজার টাকা দামে ভারতীয় অক্টোপাস, সেঞ্চুরি, স্টারপ্লাস পাঞ্জাবি রয়েছে। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে বড়দের এক হাজার ৫০০ টাকা এবং ছোটদের এক হাজার টাকা দামের নিজস্ব ডিজাইনের পাঞ্জাবি বিক্রি করছি।’সানমার ওশান সিটির ক্যাটস আইয়ের পরিচালক এস এম মাহবুবুল ইসলাম বলেন, ‘তরুণেরাই বেশি আসেন আমাদের এখানে। তবে আগে যেখানে তরুণদের দলবেঁধে আসতে দেখতাম এখন সেখানে তাঁদের সঙ্গে তরুণীদের আনাগোনাও বাড়ছে। বিক্রি ভালো। তবে সার্বিকভাবে বিক্রি সন্তোষজনক বলাও যায় না। কারণ অন্তত বছর দুয়েক আগেও লোকজন একসঙ্গে নিজের এবং আত্মীয়-স্বজনের জন্য কাপড় কিনতে আসতেন। এখন শুধু নিজের জন্যই কেনেন।’ এখানেই আলাপ হয় ফাহিম সাজ্জাদ, মিতা নূর, আরিফ মনসুর, নাসিম শাহ—চার তরুণের সঙ্গে। এককথায় জবাব, ‘আমরা সুন্দর আর নতুনের পূজারী ব্যাস।’ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁদের বেচাকেনাও বাড়ছে বলে জানিয়েছেন সানমার ওশান সিটির ম্যানজ ক্লাবের ব্যবস্থাপক মো. বেলাল হোসেন। বেচাকেনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ফ্যাশনিস্টার মালিক মো. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আমাদের এখানে ভারতীয় পাঞ্জাবি, থাই স্যান্ডেল, টি-সার্ট, জিনস প্যান্ট বিক্রি হয়।’সেন্ট্রাল প্লাজার কৃত্রিম গয়নার (রোলগোল্ড) দোকানি দীপঙ্কর বর্ধন জানালেন, ‘ঈদের কেনাকাটায় সব বয়সী মেয়েদের পোশাকের পাশাপাশি রোলগোল্ডের জিনিসের প্রতি অন্য রকম আকর্ষণ রয়েছে।’ তবে সেন্ট্রাল প্লাজার আপা টেইলার্সের দরজি কাজী মো. ইকবাল বলেন, ‘আমরা খুব একটা সন্তষ্ট নই। কারণ এ সময়ে যেখানে আমরা সেলাই নেওয়ার অর্ডার বন্ধ করে দিতাম এখন সেখানে আমরা এখনো অর্ডার নেওয়ার মতো অবস্থায় আছি। আসলে বিভিন্ন এলাকায় বিপণিকেন্দ্র ছড়িয়ে পড়ায় ক্রেতারা ভাগ হয়ে গেছেন মনে হয়।’ প্রায় একই কথা বললেন বিপণিবিতানের এভারগ্রিন টেইলাইর্সের স্বত্বাধিকারী ছিদ্দিক আহমেদ। ‘গত সোমবার থেকে আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। তবে আশানুরূপ ক্রেতা পাইনি এবার। কারণ চারদিকে এত মার্কেট হওয়ার ফলে ক্রেতার চাপ কমে গেছে।’ আফমি প্লাজার দেশী দশেও ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। সনজিদা আক্তার ও সানজানা আক্তার নামে দুই বোন জানালেন, ‘আমরা একটু দেরি করে শপিংয়ে এসেছি নতুন ডিজাইনের কাপড় পাব বলে।’ গৃহিণী আরফিনা হক বলেন, ‘ডিজাইনে বৈচিত্র্যের কারণে দামটাকে খুব বড় বলে ভাবছি না।’ প্রায় সমান তালে কোতোয়ালি মোড়ের পাঞ্জাবির দোকানগুলোতেও বেচাকেনা জমে উঠেছে। এখানে রয়েছে খাদিঘর, আলপনা, নকশি, খাদি শিল্পালয়, আউটফিট নামের কয়েকটি দোকান। খাদিঘরের ব্যবস্থাপক জানান, তাঁরা কুমিল্লা, নরসিংদী, রাজশাহী, রাঙামাটির হাতেবোনা কাপড়ের পাঞ্জাবি বিক্রি করেন। এগুলোর চাহিদাও প্রচুর। দাম ৫৫০ থেকে সাড়ে তিন হাজার টাকা। এখানে কথা হয় আলী হাসান নামে এক তরুণের সঙ্গে। বললেন, ‘আমি সবসময়ে দেশি কাপড় পছন্দ করি। দাম যাই হোক, এসব পোশাকের আলাদা মর্যাদা আছে।’