শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজার বাকি আর মাত্র দুদিন। পছন্দের পোশাকের খোঁজে বিপণিকেন্দ্রে বাড়ছে ভিড়। গতকাল বুধবার নগরের রাজাপুকুর লেনের একটি বিপণিকেন্দ্রে পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা l সৌরভ দাশ
পূজার বাকি আর মাত্র দুদিন। পছন্দের পোশাকের খোঁজে বিপণিকেন্দ্রে বাড়ছে ভিড়। গতকাল বুধবার নগরের রাজাপুকুর লেনের একটি বিপণিকেন্দ্রে পোশাক বাছাইয়ে ব্যস্ত ক্রেতারা l সৌরভ দাশ

কড়া নাড়ছে শারদ উৎসব। আগামী শুক্রবার ষষ্ঠীর মাধ্যমে বেজে উঠবে পূজার ঢাক। ইতিমধ্যে উৎসবের আমেজ লেগেছে নগরের বিভিন্ন পূজামণ্ডপে। আর পূজায় বৈচিত্র্যময় নতুন পোশাক না হলে কী চলে! উৎসবের চার দিনের আয়োজনের জন্য পোশাক বাছাই চাট্টিখানি কথা নয়। তাই শেষ মুহূর্তেও চলছে কেনাকাটা।
গত সোম ও মঙ্গলবার নগরের বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, পূজার কেনাকাটা এখন জমজমাট। প্রতিদিন বিকেল থেকেই বাড়তে থাকে ক্রেতার ভিড়, সন্ধ্যা গড়াতে রীতিমতো ক্রেতায় ভরপুর হয়ে ওঠে বিপণিকেন্দ্র। নগরের রাজাপুকুর লেনের বিভিন্ন বিপণিকেন্দ্র, টেরিবাজার, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজা, আখতারুজ্জামান সেন্টার ও জহুর হকার মার্কেটে দোকানিরাও পূজা উপলক্ষে পোশাকের পসরা সাজিয়েছেন।
দোকানিরা জানান, ঈদুল আজহার বন্ধের পর থেকেই পূজার পোশাক বেচাকেনা শুরু হয়েছে। তবে বিক্রি বেড়েছে গত সপ্তাহে। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা পছন্দসই পোশাকের খোঁজে ঢুঁ মারছেন বিপণিকেন্দ্রে। তবে এ বছর ক্রেতারা বিভিন্ন বিপণিকেন্দ্রে না ঘুরে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে এমন দোকান ও বিপণিকেন্দ্রগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
গত সোমবার সন্ধ্যায় নগরের হাজারীগলি এলাকার দর্পণ বিপণিকেন্দ্রে স্মৃতি ভট্টাচার্য্য নামের একজন ক্রেতা বলেন, ‘মা দুর্গাকে বরণ করতে লাল-সাদার সনাতনী সাজ অবশ্যই থাকবে। তবে তাতে আধুনিকতার ছোঁয়াও থাকা চাই।’ সে অনুযায়ীই তিনি কিনলেন লাল পাড়ের সাদা জামদানি শাড়ি।
আফমি প্লাজায় কথায় কেনাকাটা করতে আসা তরুণী পায়েল রক্ষিত। তিনি জানান, দশমীর জন্য লাল-সাদা গরদ শাড়ি কিনেছেন। ষষ্ঠীর জন্য গাঢ় নীল রঙের ফতুয়া ও জিনস কিনবেন।
দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পূজার বাজারে মেয়েদের শাড়ি ও জমকালো কাজের সালোয়ার-কামিজের চাহিদা বেশি। এর মধ্যে বিভিন্ন ধরনের কাতান, জর্জেট, গাদোয়াল, সিল্ক, শিপন, বালুচরি, কাঞ্চিবরণ, জারদৌসি, পাথর, পুঁতি, চুমকি, এমব্রয়ডারি দিয়ে কাজ করা ভারতীয় শাড়ির প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। কদর রয়েছে টাঙ্গাইলের তাঁত ও জামদানি শাড়িরও। অন্যদিকে এবার তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে লিভাইস, জারাহ, মাসা, লাইয়া, নতুন ফ্যাশনের সারারা, লাসাসহ বাহারি রং ও নানা ডিজাইনের গাউন। পার্ল, স্টোন ও পুঁতিকে মিডিয়া করে এসব গাউন তৈরি করা হয়েছে। লম্বা কামিজের সঙ্গে পালাজ্জোর প্রতিও আগ্রহ কম নয় বিভিন্ন বয়সী তরুণীর। ছেলেদের পোশাকের ক্ষেত্রে এবার পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কটি বেশ চলছে। অনেকে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য পূজার আমেজের সঙ্গে মিলিয়ে কিনছেন ধুতিও।
টেরিবাজারের পোশাকের দোকান পরশমণির স্বত্বাধিকারী মোহাম্মদ ঈসমাইল বলেন, ‘পূজায় প্রতিবারের মতো এ বছরও শাড়ির চাহিদাই বেশি। এ ছাড়া তরুণীরা সেলাই ছাড়া সালোয়ার-কামিজ ও ছেলেরা পাঞ্জাবি ও ফতুয়া কিনছেন।’ এ দোকানে ৫০০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সব ধরনের পোশাক পাওয়া যাচ্ছে।
নগরের দেওয়ান বাজার এলাকার পোশাকের দোকান শ্রীনিকেতনের শাখা ব্যবস্থাপক ওম প্রকাশ বিশ্বাস বলেন, ‘কোরবানির বন্ধ শেষ হওয়ার পর থেকে সীমিত আকারে পূজার বেচাকেনা শুরু হলেও এখন শেষ মুহূর্তে অনেক বেশি চাপ যাচ্ছে।’
পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়িসহ অন্যান্য অনুষঙ্গ বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানিরা। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীনিকেতনে কথা হয় চন্দনপুরা এলাকা থেকে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা সৌমিত্র পালিতের সঙ্গে। তিনি বলেন, ‘এ বছর পোশাকের দাম গতবারের চেয়ে কিছুটা বাড়তি। তবুও উৎসব উপলক্ষে কেনাকাটা তো করতেই হবে। তবে এ বছর পোশাকের ডিজাইনে খুব একটা বৈচিত্র্য নেই।