
ফটিকছড়ির ১৫ ইউনিয়ন এখন প্রচারণায় সরগরম। পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। চায়ের কাপে ঝড় তুলছে ভোটের হিসাব-নিকাশ। দুপুরের পর থেকে সমানে চলছে মাইকিং। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দুয়ারে কড়া নাড়ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বসে নেই কর্মী-সমর্থকেরাও। তাঁরাও যাচ্ছেন বাড়ি বাড়ি।
নির্বাচন ২৩ এপ্রিল। প্রার্থীদের দম ফেলারও যেন ফুরসত নেই। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রায় প্রতিটি ইউপিতে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, তৃতীয় দফা তফসিল অনুযায়ী ফটিকছড়ির দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, রোসাংগিরি, বক্তপুর, জাফতনগর, আবদুল্লাহপুর, বাগানবাজার, লেলাং, ধর্মপুর ও সমিতিরহাট ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২, সংরক্ষিত নারী সদস্য পদে ১০০ ও সাধারণ সদস্য পদে ৪৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে বাগানবাজারে রুস্তম আলী, লেলাংয়ে সরওয়ার উদ্দিন চৌধুরী, ধর্মপুরে আবদুল কাইয়ুম ও সমিতিরহাটে হারুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চারজনই আওয়ামী লীগের প্রার্থী। তবে এই চার ইউপিতে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন হচ্ছে।
গত সোমবার রোসাংগিরি ইউনিয়নে গিয়ে দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর গ্রাম। কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। উত্তর রোসাংগিরি গ্রামে গণসংযোগের সময় কথা হয় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম শোয়েব আল ছালেহীনের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
একই ইউনিয়নের লালির বাপের বাড়িতে গণসংযোগের সময় কথা হয় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘শোনা যাচ্ছে ব্যালট পেপার ছিনিয়ে নেবে। ভোট সুষ্ঠু হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
রোসাংগিরি গ্রামের ভোটার জালাল উদ্দিন বলেন, ‘প্রার্থীরা তো ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটের পর আর খবর থাকে না। তাই দেখেশুনে ভোট দেব।’
গত মঙ্গলবার নারায়ণহাট ইউনিয়নে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মাহমুদ ও আবদু সাত্তার জুজখোলা গ্রামের এ বাড়ি ও বাড়ি চষে বেড়াচ্ছেন। তাঁরা নারীদের নিজ নিজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
সুন্দরপুর ইউপিতেও প্রার্থীদের ব্যাপক প্রচারণা চলছে। পাঁচ পুকুরিয়া গ্রামে কথা হয় সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থী শিরু আকতারের সঙ্গে। তিনি বলেন, ‘এলাকার বিভিন্ন অসুবিধায় আমি চেষ্টা করেছি সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার। আশা করব, ভোটার তা মূল্যায়ন করবেন।’
সমিতিরহাট ইউপির সদস্য পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, ‘আমার ওয়ার্ডের লোকজন দীর্ঘদিন যাবৎ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের সঙ্গে নিয়ে অধিকার আদায়ের চেষ্টা করব।’
এ ছাড়াও বাকি ইউনিয়নগুলোতেও চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। রাত-দিন সমানে চলছে প্রচারণা।
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। ফলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ করা হবে।