শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় (চারুকলা) প্রথম স্থান অধিকারী নাদিয়া ফেরদৌস নদী।তোমরা যারা রং-তুলির মাধ্যমে লেখাপড়ার উচ্চতর পাঠ নিতে চাও, তাদের জন্যই তো চারুকলা। কাল বাদে পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অর্থাৎ ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রস্তুতি বলতে যা বোঝায়, তা এত দিনে নিশ্চয়ই শেষ করে ফেলেছ। এখন আর নতুন কিছু হাতে নেওয়ার দরকার নেই। ব্যবহারিক পরীক্ষায় ভালো করতে পারলে চারুকলায় ভর্তি হওয়া সহজ হয়। এই দুই দিন শুধু খেয়াল রাখো হাত যেন ‘ভারী’ হয়ে না যায়। তাই আগের অঙ্কনগুলো বেশি বেশি করো।পরীক্ষার হলের কথা বলি। প্রশ্ন না বুঝে উত্তর দিতে যেয়ো না। অনেক সময় সহজ প্রশ্নকে ঘুরিয়ে-পেঁচিয়ে দেওয়ায় অনেকে তালগোল পাকিয়ে ফেলে। এমনটি করা যাবে না। প্রশ্ন বুঝে উত্তর দিয়ো। যারা শিল্পকলা বাদে অন্য বিষয়ে পড়তে চাও, তাদের অবশ্যই ব্যবহারিকে ৪০-এর ওপরে নম্বর পেতে হবে। অঙ্কন অসম্পূর্ণ থাকলে তা যত ভালোই হোক, কাজে দেবে না। সুতরাং নির্দিষ্ট সময়ে পরিপূর্ণ অঙ্কন জরুরি বিষয়। ‘লাইন’ যেন ভুলেও ‘টোন’ হয়ে না যায় খেয়াল রেখো।এই কদিন বাংলা, ইংরেজি নিয়ে পড়া বাদ রাখাই ভালো। আগের যা জানা আছে, তা দিয়েই চলবে। সাম্প্রতিক খবরগুলো মাথায় রাখো। কেননা, প্রতিবছর এ ধরনের বিষয় থেকে প্রশ্ন হয়। চোখ বোলাও বিখ্যাত শিল্পীদের জন্ম-মৃত্যু, তাঁদের বিখ্যাত শিল্পকর্মে। জেনে রাখো কবে, কোথায়, কখন, কার প্রদর্শনী হলো। পরীক্ষার আগের রাতে সব গুছিয়ে নিয়ে সুন্দর একটা ঘুম দাও। সকালে উঠে অন্তত হাতটা ফ্রি রাখতে কয়েকটা লাইন টেনে যাও। কেননা, শীতের সকালে হাত বেশি ভারী হয়ে যায়। যেহেতু ব্যবহারিক পরীক্ষা আগে হয়, তাই মনোযোগ দিয়ে এঁকো। কারও আঁকা কপি করতে যেয়ো না। নিজের সেরাটা দিতে চেষ্টা কোরো। কোনো প্রশ্ন না বুঝলে শিক্ষকের সাহায্য চাইতে পারো। তবে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যেয়ো না। আর ব্যবহারিক একটু খারাপ হলে লিখিত পরীক্ষায় আরও বেশি ভালো করার চেষ্টা রাখো। মন খারাপ করার কিছু নেই। লিখিত পরীক্ষার মধ্যেও ছোট ছোট ব্যবহারিক থাকে, সেদিকে মনোযোগ রাখো। নির্দিষ্ট সময়ের মধ্যে সব শেষ কোরো। নিশ্চয় তুমিও পৌঁছে যাবে চারুকলার বন্দরে।