শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে সকালে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। মাঝে মাত্র একটা দিন। তাই এ সময় নতুন করে কীই-বা শেখা সম্ভব? আমি বলব, যেগুলো পড়া হয়েছে, সেগুলোয় চোখ বুলিয়ে নিন। নতুন কিছু পড়তে যাওয়ার মানে হয় না।পরীক্ষার আগের রাতে ভালো ঘুম হচ্ছে সবচেয়ে ভালো প্রস্তুতি। তাই পরীক্ষার আগের রাতে একটু তাড়াতাড়ি ঘুমাতে যান। ঘুমোনোর আগেই প্রবেশপত্র, কালো কালির বলপেন, বক্স, রুমাল, সাধারণ ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখুন।পরীক্ষার হলে কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে রাখার নিয়ম নেই। তাই ফোন বাড়িতে রেখে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এ ছাড়া পরীক্ষার হলে বই, ফাইল কিংবা বড় ব্যাগও নেওয়া যায় না।অনেকেই ঘর থেকে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর আগ পর্যন্ত পড়তে থাকেন। সত্যি বলতে কি, এই পড়া খুব একটা কাজে আসে না। পরীক্ষার হলে সহজে পৌঁছানোর জন্য পরীক্ষার আগের দিনই পরীক্ষাকেন্দ্র চিনে আসুন। তাহলে অচেনা জায়গায় কেন্দ্র খোঁজার দুশ্চিন্তা থাকবে না।পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের কিছু আগে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া উচিত। পরীক্ষার হলে প্রবেশের পর নিজের আসনে বসে কিছুটা রিল্যাক্স করুন আর আত্মবিশ্বাস বাড়িয়ে নিন। প্রথমেই উত্তরপত্র দেওয়া হয় এবং হলে দায়িত্বরত শিক্ষক বা পরিদর্শক কিছু নির্দেশনা দেন। সে অনুযায়ী উত্তরপত্রের প্রার্থী কর্তৃক পূরণীয় অংশ ঠিকভাবে পূরণ করা জরুরি।একটা কথা মাথায় রাখবেন, প্রশ্ন পাওয়ার পর তা সহজ হলো নাকি কঠিন হলো, তা নিয়ে একদম ভাববেন না। যা পারবেন না, তার জন্য এক সেকেন্ড সময়ও নষ্ট করার দরকার নেই।১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় মাত্র এক ঘণ্টা। সময়ের হিসেবে প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ মাত্র ৩৬ সেকেন্ড। প্রত্যেকের নিশ্চয়ই জানা আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য অর্ধেক নম্বর কাটা যায়। অর্থাৎ দুটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। তাই সাবধান, কোনোভাবেই আন্দাজে উত্তর দেবেন না।মনে রাখবেন, পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থী কমবেশি প্রস্তুতি নিয়ে যান। কিন্তু পরীক্ষার ৬০ মিনিটকে যিনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তিনিই সফল হন। তাই নিজের ওপর আস্থা রাখুন। (অনুলিখিত) সানজিদা ইয়াছমিন: ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী।