শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১০ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সানজিদা খান।আর মাত্র দুই দিন! তার পরই সেই অগ্নিপরীক্ষা—মেডিকেল ভর্তি পরীক্ষা। সে জন্য কি তোমাদের একটু ভয় ভয় লাগছে? একটু দুশ্চিন্তামেশানো অনুভূতি কি আচ্ছন্ন করছে? তাহলে বলি, শোনো, গত বছর এমন সব বোধ আমাকেও কাবু করেছিল। কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম। তোমরাও এ মুহূর্তে নিজের ওপর ভরসা রাখো। পুরোনো পড়াগুলোতেই চোখ বুলাও, নতুন করে কোনো কিছু পড়তে যেয়ো না। বরং যে পড়াগুলো অনেকবার পড়ার পরও মনে থাকতে চাইছে না বলে মনে করছ, সেগুলোতেই ঘুরিয়ে-ফিরিয়ে নজর দাও।সাধারণত রসায়নের দ্বিতীয় অংশটাই একটু বেশি সমস্যামূলক বলে মনে হয় অনেকের কাছে। তাই এ বিষয়টায় একটু বেশি দৃষ্টি রাখতে পারো এ মুহূর্তে। আর মানবদেহ-সংক্রান্ত প্রশ্নগুলো অবশ্যই আলাদা সময় নিয়ে এবং গুরুত্বসহকারে বারবার পড়ো। কেননা, এ অধ্যায় থেকে প্রতিবছরই একাধিক প্রশ্ন হয়ে থাকে। ইংরেজি আর সাধারণ জ্ঞান এ দুই দিন একটু কম পড়লেও ক্ষতি নেই।আমি দেখেছি, পরীক্ষার আগের রাতে অনেকেই সবকিছু পুঙ্খানুপুঙ্খ পড়তে গিয়ে মাথা ভার করে ফেলে। এটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। পরীক্ষার আগের রাতে বরং দীর্ঘ একটা ঘুম দেওয়া প্রয়োজন। এতে পরদিন পরীক্ষাকক্ষে ঠান্ডা মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায়। আর সব সময় মনে রাখা প্রয়োজন, এই পরীক্ষাও অন্য সব পরীক্ষার মতোই একটি পরীক্ষা, ভয়ংকর কোনো কিছু নয়। তবে উত্তরপত্রের প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। তা না হলে এত দিনের সব পরিশ্রম পণ্ড হতে পারে।আরেকটা বিষয়, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর কোন অংশের উত্তর আগে করবে, তা নিয়ে অনেকেই কালক্ষেপণ করে অহেতুক সময়ের অপচয় করে। এটা ভালো কথা নয়। ভুলে গেলে চলবে না, পরীক্ষার সময় মাত্র এক ঘণ্টা এবং এই এক ঘণ্টার প্রতিটা মিনিটই মূল্যবান। তাই আমি বলব, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপরই সময় ভাগ করে নাও। যে উত্তরগুলো শতভাগ জানা আছে, সেগুলোর বৃত্তই প্রথমে ভরাট করতে আরম্ভ করো এবং ৪০ মিনিটের মধ্যেই সেগুলো শেষ করার চেষ্টা করো। বাকি ২০ মিনিট ব্যয় করো যে উত্তরগুলো সম্পর্কে তোমার দ্বিধা রয়েছে, সেগুলোর জন্য।সাবধান! একেবারে অজানা প্রশ্নের উত্তর করতে যেয়ো না। জানোই তো, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। তাই এ ব্যাপারে সতর্ক না থেকে উপায় নেই।সবশেষে যেটা বলব তা হলো, পরীক্ষার কক্ষে অন্তত ৩০ মিনিট আগেই উপস্থিত হও। তাতে করে আশপাশের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো সহজ হবে। বৃত্ত ভরাটের জন্য কালো কালির মোটা বলপয়েন্ট সঙ্গে নাও, এতে দ্রুত বৃত্ত ভরাট করতে সুবিধা হবে। আর বাসা থেকে বের হওয়ার মুহূর্তে অবশ্যই খেয়াল রাখো, প্রবেশপত্রসহ আনুষঙ্গিক সবকিছু ঠিকমতো সঙ্গে নিয়েছ কি না।তোমাদের সবার জন্য শুভকামনা।(অনুলিখিত)