শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ১৪ অক্টোবর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১০ সালের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় ও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারী হাসান কিবরিয়াতোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে বিজ্ঞানে পড়তে চাও, তাদের মনে রাখতে হবে, এখানে গাণিতিক সমস্যা বেশি আসে। বিশেষ করে, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে। আর রসায়নের ক্ষেত্রে বই একটু বেশি করে পড়তে হবে।কেননা, এখানে যে প্রশ্নগুলো আসে, তা তোমাকে বিভ্রান্ত করতে পারে। ঐচ্ছিক হিসেবে জীববিজ্ঞান বা ইংরেজি একটা উত্তর করতে হয়। এ দুটি থেকে যেটাতে তোমার আস্থা বেশি, সেটার উত্তর করবে। আমি অবশ্য জীববিজ্ঞান বেছে নিয়েছিলাম।পরীক্ষার যেহেতু হাতে গোনা কয়েক দিন বাকি, সুতরাং আমি বলব, আগে যা পড়েছ, বিশেষ করে, সূত্রসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপরই এ সময়ে জোর দাও। আর রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াবিষয়ক অনেক প্রশ্ন থাকে, সেগুলো বারবার দেখে নাও।যারা জীববিজ্ঞানের উত্তর করতে চাও, তাদের বলব, বিগত বছরের প্রশ্নগুলো দেখে যেতে পারো, এতে অনেক সময় কমন দু-একটা এসে যেতে পারে। না এলেও ধারণাগুলো কাজে দেবে। তবে যেগুলো একেবারেই পড়া হয়নি, তা আর এখন পড়তে যেয়ো না।পরীক্ষার আগের রাতে কোনোভাবেই বেশি চাপ নেওয়ার দরকার নেই। ভালো পরীক্ষার জন্য আগের রাতে ভালো ঘুম খুব জরুরি।এটা যেহেতু এমসিকিউ পরীক্ষা, তাই ঠিকভাবে বৃত্ত ভরাট করা খুবই জরুরি। প্রশ্ন পেলে উল্টিয়ে দেখে নেবে সব পাতা ঠিক আছে কি না।দ্রুত উত্তর শুরু করে দাও। যেটার প্রস্তুতি সবচেয়ে ভালো, সে বিষয়ে আগে উত্তর দেওয়া ভালো। তোমার জানার বাইরে কিছু প্রশ্ন হতেই পারে। এতে ঘাবড়ে না গিয়ে সেগুলো বাদ দিয়ে অন্য প্রশ্নে চলে যাও। না বুঝে কোনোভাবেই ভুল উত্তর দিয়ো না। টেনশন ঝেড়ে ফেলো, শেষ কটা দিন কাজে লাগাও, জয় তোমারই হবে।