>এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মৌসুম। প্রতিটি ভর্তি পরীক্ষার্থীর জীবনের কঠিন একটি অধ্যায়। এমন সময়ে পাঠ্যবইয়ের প্রস্তুতির বাইরেও আরও কিছু প্রস্তুতি দরকার। সেসবই তুলে ধরছেন একসময়ের ভর্তি পরীক্ষায় সফলভাবে অকৃতকার্য ছাত্র রাফি আদনান
১. ভর্তি পরীক্ষা মানে বিশ্ববিদ্যালয় ভ্রমণ। দেশের একেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় একেক রকম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো বিশ্ববিদ্যালয় প্রাকৃতিকভাবে সুন্দর তো কোনোটার অবকাঠামো আপনাদের মুগ্ধ করবে। মনে রাখবেন, এত রূপ উপভোগ করার সুযোগ সব সময় আসে না। সাধ্যের মধ্যে ডিএসএলআর ক্যামেরা খুঁজে নিন। তা না পারলে মোটামুটি ভালো মানের একটি স্মার্টফোন নিয়ে যান। বিশ্বাস করুন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি তুলে ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আপ করলে অসংখ্য লাইক পাওয়া যায়, পেতে পারেন অগুনতি ফ্রেন্ড রিকোয়েস্ট।
২. ভ্রমণবিষয়ক একাধিক জনপ্রিয় গ্রুপ আছে ফেসবুকে। ফিজিকস, কেমিস্ট্রির পাশাপাশি ভ্রমণকাহিনি পড়ে জেনে নিন আপনার গন্তব্যে যাওয়ার খরচের আদ্যোপান্ত। ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
৩. এ সময় মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজ কেনার ধারণা থাকা বাঞ্ছনীয়। শুধু কি ছবি তুললেই হবে? স্ক্রিনশট নিলেই হবে? সেই ছবি শেয়ার করতে দরকার হবে মেগাবাইট। দর্শনীয় স্থান খুঁজতে প্রয়োজন হবে গুগল ম্যাপের। এসব ভুলে গেলে ভর্তি পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা থাকে। চেক-ইন দিয়ে ছোট করে ক্যাপশন লিখে দিতে হবে, ‘আশপাশে কেউ থাকলে আওয়াজ দেন।’
৪. প্রশ্ন যেমনই হোক, আপনাকে বিশ্বাস করতে হবে যে এর চেয়ে সহজ প্রশ্ন আর হয় না। পরীক্ষার হল থেকে বের হয়ে দাঁত কেলিয়ে হাসুন আর সহজ প্রশ্নের আলোচনা-সমালোচনায় মেতে উঠুন। ফল প্রকাশের পর যা-ই হোক, ঝাঁটার বাড়ি কম পড়বে।
৫. বন্ধুদের সঙ্গে প্রশ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে খুব সাবধান! চুপচাপ থাকার চেষ্টা করবেন। বন্ধুরা স্বভাবগতভাবেই অতি আত্মবিশ্বাসী হয়ে জন্মায় এবং আপনাকে ভুল প্রমাণে কখনোই ব্যর্থ হয় না।
৬. দূরের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে পাওয়ার ব্যাংক সঙ্গে নেওয়া বাঞ্ছনীয়, ইয়ারফোনের কথা ভুলে যাওয়া তো মহাপাপ! ভ্রমণপথে নিঃসঙ্গতা এড়াতে এই দুই যন্ত্রের জুড়ি নেই।
৭. পরীক্ষার আগে অবশ্যই অ্যালার্ম ঘড়ি কিনতে হবে। ইতিহাস বলে, এসব দিনে মোবাইল ফোনের অ্যালার্ম কানে লাগে না। পরীক্ষা শেষ হওয়ার আধা ঘণ্টা পর আপনার ঘুম ভাঙতে পারে! সমূহ বিপদ থেকে বাঁচতে জীবন থেকে নেওয়া এই পরামর্শ গুরুত্বের সঙ্গে নিন, প্লিজ!
৮. ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখা হয়ে যেতে পারে স্কুল বা কলেজের সিনিয়র ভাইবোনদের সঙ্গে। পরীক্ষা আপনার যেমনই হোক, ‘হাই-হ্যালো’র পরই তাদের প্রশ্ন করুন, ‘ভাই, আপনাদের ভার্সিটির সিএসই ডিপার্টমেন্টটা কেমন?’, ‘ভাই, র্যাগ-ট্যাগ দেয় নাকি?’, ‘ভাই খাওয়ান।’ ইত্যাদি।