শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০১১ সালের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া কাজী গোলাম রাব্বানী মওলা২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। সময়টা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবাই নিজের মতো করে প্রস্তুতি নিয়ে তৈরি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। বিষয়ভিত্তিক প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতি নেওয়াটাও জরুরি। যেহেতু হাতে একদমই সময় নেই, তাই এখন আর নতুন কিছু পড়ার চেষ্টা না করাই ভালো। পুরোনো পড়াগুলোই বারবার পড়া উচিত এবং এখনো যদি কোনো ভুল-ত্রুটি থেকে থাকে, তা সংশোধন করে নেওয়া উচিত। বিষয়ভিত্তিকভাবে বলতে গেলে প্রথমেই ইংরেজির কথা বলতে হয়। ইংরেজি বিষয়ে যেহেতু পাস নম্বর ১২ পেতে হয়, তাই আমি বলব, তোমাদের জন্য বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ সময়ে আরেকবার ভোকাবুলারিগুলোর ওপর চোখ বুলিয়ে নিতে পারো। পাশাপাশি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবার দেখে নিতে পারো। তুলনামূলকভাবে নম্বর তোলা সহজ ব্যবস্থাপনায়। তাই এই বিষয়ে নম্বর একটু এগিয়ে রাখা ভালো। পাঠ্যবইয়ের পাশাপাশি সামপ্রতিক ব্যবস্থাপনাসংক্রান্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর কয়েকবার চোখ বুলিয়ে নিতে পারো।হিসাববিজ্ঞান গাণিতিক বিষয় বলে এখানে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। গাণিতিক বিষয় হলেও ধারণাগত জ্ঞানও এখানে গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়গুলোও শেষবারের মতো দেখে নিতে হবে। পড়াশোনার বাইরে এখন যে বিষয়টা সবচেয়ে জরুরি তা হলো, নিজের ওপর আস্থা রাখা। নিজের শরীরের প্রতিও এখন যত্ন নেওয়া উচিত। পরীক্ষার আসনবিন্যাস যদি পরীক্ষার আগের দিন দেখে আসা সম্ভব হয়, তবে পরীক্ষার দিন আসন খোঁজাখুঁজি-সংক্রান্ত ঝামেলা এড়ানো সম্ভব হবে বলে আমি মনে করি। পরীক্ষার হলে সময় খুব গুরুত্বপূর্ণ বিধায় এর সঠিক ব্যবহার করতে হবে। সময়টাকে নিজের মতো করে ভাগ করে উত্তর দিতে হবে। সবশেষে যে কথাটা আবারও বলব তা হলো, এখন আর নতুন কিছু পড়ার সময় নেই, দরকারও নেই। শুধু নিজের ওপর আস্থা রাখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্বাগত। (অনুলিখিত)