
বাণিজ্য বিভাগের চোখ ১৬ অক্টোবরে। কারণ ঢাকা বিশ্ববিদালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা যে ১৬ তারিখেই। হাতে এক সপ্তাহও সময় নেই। ভর্তি–পরীক্ষার্থীদের নিশ্চিত করতে হবে এই মূল্যবান সময়ের যেন বিন্দুমাত্র অপচয় না হয়।
অন্যান্য বারের থেকে এবারের ভর্তি পরীক্ষা অনেকটাই ভিন্ন, কারণ এই প্রথম গ ইউনিটে ফিন্যান্স বা মার্কেটিং বিষয়ে উত্তর দিতে হবে। অর্থাৎ মোট বিষয় হলো পাঁচটি এবং প্রত্যেক বিষয়ে প্রশ্নসংখ্যা ২০টি, যেখানে প্রতিটি প্রশ্নের মান ১.২। তাই সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে বসে ৮–১০টি মডেল টেস্টে অংশ নিলে এই সমস্যা সহজেই সমাধান করা যাবে।
এবার ইংরেজিতে পাস নম্বর ১০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৪ নম্বর কাটা হবে। তাই খুব সতর্কতার সঙ্গে উত্তর দিতে হবে। সবচেয়ে ভালো পদ্ধতি হলো ‘বাংলা’ অথবা ‘ব্যবসায় নীতি ও ব্যবস্থাপনা’র যেকোনো একটি বিষয় দিয়ে পরীক্ষা শুরু ও শেষ করা।
বাংলা বিষয়টির জন্য পাঠ্যপুস্তক সবচেয়ে সহায়ক। প্রথম পত্রের জন্য বাংলা বোর্ড কর্তৃক প্রণোদিত বইটি এবং দ্বিতীয় পত্রের জন্য মুনীর চৌধুরীর নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইটি পড়তে হবে মন দিয়ে। আর ইংরেজির প্রস্তুতিতে নিতে হবে আলাদা সতর্কতা। ইংরেজি গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে নির্ভুলভাবে। যেহেতু গ ইউনিটের পরীক্ষায় ভোকাবুলারি, অ্যানালোজি, ফ্রেজ ইত্যাদি বিষয় বেশ বড় একটি অংশ জুড়ে থাকে, তাই এগুলো শিখতে হবে সঠিকভাবে। যেহেতু এই বিষয়গুলো মুখস্থ করতে হয়, তাই মুখস্থবিদ্যার ওপর একটু জোর দিতে হবে। ইংরেজির জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি স্যাট, টোয়েফলের বইগুলো থেকেও সাহায্য নেওয়া যেতে পারে।
পূর্ববর্তী বছরের প্রশ্ন দেখে পরিষ্কার একটা ধারণা নিতে হবে। আর সময় নষ্ট না করে রিভিশন শুরু করে দাও। কিছু কিছু বিষয়, বিশেষত হিসাববিজ্ঞানে অনেক সময় বিতর্কিত উত্তর থাকে।
যে সব বিষয় সম্পর্কে কোনো ধারণা নেই, এমন কিছু এই অল্প সময়ে না পড়াই ভালো। পরীক্ষার সিট কোথায় পড়েছে, সেটাও আগে থেকেই জেনে আসা ভালো। পরীক্ষার আগের রাতে বিশ্রাম নেওয়া জরুরি। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে। অকারণে চিন্তা করার কিছুই নেই। আশা করি, সবার ফলাফল ভালো হবে। তোমাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুবনে স্বাগতম।