শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটিমাত্র পরীক্ষার মাধ্যমে সারা দেশের মেডিকেল কলেজগুলোয় ভর্তির সুযোগ পাওয়া যায়। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী আবু নাহিদএ লেখা যখন তোমাদের হাতে পৌঁছাবে, তখন ভর্তি পরীক্ষার মাত্র দুই দিন বাকি। এই দুই দিনে নতুন কিছু পড়ার একদম দরকার নেই। যেগুলো আগে পড়া হয়নি, সেগুলো এখন পড়তে গেলে গোলমেলে হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। তা ছাড়া মনে হতে পারে যে অনেক কিছু বাকি থেকে গেছে। যেগুলো খুব ভালো পড়া হয়েছে, সেগুলোও এখন দেখার দরকার নেই। যেগুলো আগে কয়েকবার পড়া আছে, কিন্তু বেশি মনে থাকে না, সেগুলো একটু পড়ে নিতে পারো। তা হলে ওই প্রশ্নটা মনে রাখা সহজ হবে।এ সময়ে রসায়ন দ্বিতীয় অংশটার জন্য একটু সময় রাখা যেতে পারে। কারণ এখানে একটু বেশি সমস্যা থাকে। আর মানবদেহ-সংক্রান্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখার একটা সময় রাখতে হবে। পরীক্ষার আগের এই দুই দিন ইংরেজি আর সাধারণ জ্ঞান দেখার একদম দরকার নেই।পরীক্ষার আগের রাতে বাড়তি কিছু করার দরকার নেই। এ সময়টাকে অন্য দিনের মতো নিতে হবে। তোমাকে যে সারা রাত পড়তে হবে, এমন কিছু না। অন্য সব পরীক্ষার আগে যা করতে, এটাকেও আগের সব পরীক্ষার মতোই দেখার চেষ্টা কোরো। তা হলে মাথা ঠান্ডা থাকবে। সবকিছু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা কোরো, সিরিয়াস হওয়ার দরকার নেই।পরীক্ষার আগে পরিবারের কোনো একজনকে পাঠিয়ে তোমার কেন্দ্র ও আসনটা শনাক্ত করে আসা ভালো। কারণ, পরীক্ষার দিন কেন্দ্র খুঁজতে গেলে সময় নষ্ট হতে পারে। পরীক্ষার দিন কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে যাওয়া উচিত এবং ৩০ মিনিট আগেই নিজের আসনে বসে পড়া উচিত। এতে ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহজ হবে। পরীক্ষার আগের মুহূর্তে পড়তে যেয়ো না। এতে জানা প্রশ্নও গুলিয়ে যেতে পারে। এই ৩০ মিনিটে তুমি চাইলে আশপাশের পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারো। তবে শিক্ষক কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে সব কথা বন্ধ। এক ঘণ্টার জন্য নিজেকে ছাড়া কাউকে ভাবা যাবে না। শুধুই প্রশ্ন আর উত্তরপত্রে মনোযোগ।যে উত্তরপত্র তোমার হাতে দেওয়া হবে, তা ভালোভাবে পড়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য পূরণ করতে হবে। এখানে ভুল হলে কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে।এরপরই উত্তর দেওয়ার পালা। এক মিনিটও নষ্ট করা যাবে না। তাই বলে তাড়াহুড়ো করলেও বিপদ। প্রতিটি উত্তরের বৃত্ত ভরাট করতে পেনসিল ব্যবহার করবে না কখনো; কালো কালির মোটা বল পয়েন্ট কলম ব্যবহার করা ভালো। এতে বৃত্ত দ্রুত ভরাট করা যায়। বৃত্তের বাইরে যেন কালি না ছড়ায় বা মাঝে ফাঁকা না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে।এক ঘণ্টাই তো সময়। সময়টা ভাগ করে নেওয়া ভালো। এতে সঠিক সময়ে সব প্রশ্নের উত্তর করা সহজ হয়। শুরু থেকেই যে প্রশ্নের উত্তর সম্পর্কে তোমার শতভাগ নিশ্চয়তা আছে, আগে শুধু সেগুলোই পূরণ কোরো। যেমন আমি ১০০ নম্বরের উত্তরের জন্য ৪০ মিনিট বরাদ্দ করে প্রথমবার উত্তর দেওয়া শেষ করেছিলাম। বাকি ২০ মিনিট বরাদ্দ রেখেছিলাম, যেগুলোতে সমস্যা আছে, সেগুলোর জন্য। সে ক্ষেত্রে তোমার যে সমস্যাগুলো বাদ থাকবে তা সহজে আবার যাচাই করার সময় পাবে।গণিত যেহেতু ভেবে উত্তর দিতে হয়, তাই এটা প্রথমে উত্তর না দিয়ে শেষে দেওয়াই ভালো। কারণ গণিতের উত্তর এলোমেলো হলে সহজ প্রশ্নও পরে ভুল হয়ে যেতে পারে। তবে কোনো একটি প্রশ্ন নিয়ে দুবার চিন্তা করার সময় পাবে না। জানা না থাকলে পরেরটায় চোখ দাও।৪০ মিনিট শেষ হলো, বাকি ২০ মিনিটে তুমি গণিতটা আগে দেখতে পারো। এরপর যেটা নিয়ে খুব বেশি দ্বিধা বা একদম উত্তর জানোই না, সেটার উত্তর কোরো না। এতে প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে। তবে যে প্রশ্নে তুমি ৭০-৮০ শতাংশ নম্বর নিশ্চিত, সেটার জন্য একটু ঝুঁকি নিতেই পারো। তবে কোনোভাবেই না-জানা সব প্রশ্নে ঝুঁকি নেবে না। কারণ চান্স পাওয়ার জন্য ১০০ নম্বর পাওয়ার দরকার নেই।এবারের পরীক্ষার্থীদের আমি যে কথাটা সবচেয়ে বেশি মনে রাখতে বলব, তা হলো, প্রশ্ন কঠিন হলে ভেঙে পড়বে না। মনে রাখবে, তোমার জন্য যদি প্রশ্ন কঠিন হয়, তাহলে তা অন্যদের জন্যও কঠিন হবে। নিজের মতো উত্তর দাও। আশপাশের দিকে তাকাতে যেয়ো না। কারণ, চারপাশে ভিন্ন ভিন্ন কোড নম্বরের প্রশ্নে পরীক্ষা হয়; কারও সঙ্গে কারও মিল নেই। তোমার উত্তর করা শেষ হলে অবশ্যই উত্তরপত্রটি প্রশ্নের মধ্যে ভরে জমা দেবে। ওপরে বা নিচে দিলে এলোমেলো হতে পারে। আরেকটা কথা, উত্তরপত্রে রাফ করা যাবে না। দরকার হলে তুমি প্রশ্নে রাফ করতে পারো। অন্যসব চিন্তা ভুলে পরীক্ষার এক ঘণ্টা প্রশ্ন আর উত্তরপত্রে ডুবে থাকো। তাহলে দেখবে তুমিই ভালো করেছ।