শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ডিসেম্বর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় (বিজ্ঞান) প্রথম স্থান অধিকারী নাজিয়া কবীরআর দুই দিন পরই ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব সময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতামুখর। একে একে শেষ হয়ে গেছে ক, খ, গ ইউনিটের পরীক্ষা। যারা ভালো পরীক্ষা দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের অবস্থান নিশ্চিত করতে পারোনি, তাদের বলব, হতাশ না হয়ে ঘ ইউনিটের জন্য প্রস্তুত হও। দেখবে, এ পরীক্ষাই তোমার জীবন বদলে দেবে।ঘ ইউনিট বিভাগ পরিবর্তনের পরীক্ষা। ঘ ইউনিটে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য—সব বিভাগের পরীক্ষার্থীরা একসঙ্গে পরীক্ষা দেন। সবার জন্য একই পরীক্ষা পদ্ধতি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা। ঘ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যার মোট নম্বর ১২০। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান—প্রতিটি বিষয়ের পরীক্ষার্থীকে আলাদাভাবে অবশ্যই পাস নম্বর পেতে হয়।এখন যেহেতু আর বেশি সময় নেই, তাই আমি বলব নতুন কিছু পড়তে যাওয়ার দরকার নেই। এ সময় পুরোনো প্রশ্নপত্র দিয়ে নিজে নিজেই মডেল টেস্ট দিতে পারো। আর বাকি সময়টা সাধারণ জ্ঞান-সম্পর্কিত প্রশ্নগুলোয় চোখ বুলিয়ে নাও। কারণ ঘ ইউনিটে সাধারণ জ্ঞানে যারা ভালো করে, তাদের জন্য সুযোগ পাওয়াটা তত সহজ হয়।বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, গুরুত্বপূর্ণ শহর, স্থাপনা, বিখ্যাত ব্যক্তির নাম, ভৌগোলিক অবস্থান, জাতীয় দিবস, আলোচিত ঘটনা ইত্যাদি একবার করে দেখে নিতে পারো। যেহেতু, পরীক্ষার আর দুদিন বাকি তাই টেনশনমুক্ত থাকাও তোমার জন্য জরুরি। পরীক্ষার আগের দিন রাতে আগেভাগে ঘুমিয়ে পড়া ভালো। তবে ঘুমাতে যাওয়ার আগে তোমার কলম, প্রবেশপত্রসহ প্রয়োজনীয় উপকরণ নির্দিষ্ট স্থানে রাখো। পরীক্ষার হলে মোবাইল ফোন নেওয়ার কোনো সুযোগ নেই।কোথায় পরীক্ষার সিট পড়েছে, তা আগের দিন নিজে বা পরিবারের সদস্যের মাধ্যমে জেনে আসা ভালো। পরীক্ষার দিন সকালে পরীক্ষার হলে অন্তত ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে। অনেকে পরীক্ষা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত পড়তে থাকে। এটা তেমন কোনো কাজে আসে না। পরীক্ষার হলে বসে পরিবেশটা দেখে নিতে পারো। কারও কথায় বিভ্রান্ত হবে না। উত্তরপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে তা সঠিকভাবে পূরণ করতে শুরু করো। প্রশ্ন কঠিন হলে ঘাবড়ে যেও না, কারণ তোমার জন্য যা কঠিন তা সবার জন্যই কঠিন। আন্দাজ করে উত্তর করতে যেও না। কারণ, প্রতি চারটি ভুল উত্তরের জন্য তোমার সঠিক উত্তরের একটি নম্বর কাটা যাবে। উত্তর দেওয়ার সময় প্রশ্ন ও উত্তরপত্রের নম্বর যেন ঠিক থাকে, তা মিলিয়ে দেখা জরুরি। উত্তর দেওয়ার ক্ষেত্রে সহজ অংশটি আগে বেছে নাও। নির্ধারিত সময়ের আগেই যাতে উত্তর শেষ হয় সেদিকে খেয়াল রেখো।