শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে এখনই প্রস্তুতি নিতে হবে। রংপুরের গঙ্গাচড়ার বড়রুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে এখনই প্রস্তুতি নিতে হবে। রংপুরের গঙ্গাচড়ার বড়রুপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

গত বছরের ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে লোক নেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বছরের জানুয়ারিতে শেষ হয়েছে আবেদনপ্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় এ মাসের শেষ সপ্তাহে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ এম পারভেজ রহিম বলেন, এবার ৯ লাখ ৭১ হাজার ৬০৮ জন প্রার্থী আবেদন করেছেন। এর বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ২৫ হাজার প্রার্থীকে চূড়ান্তভাবে দেশের বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার ১০ দিন আগে প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ওই তারিখ জানানো হবে বলে পারভেজ রহিম জানান। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর পরীক্ষার মতো এবারও প্রার্থীদের ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয় থেকে ২০টি করে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। তাই লক্ষ্য যদি থাকে শিক্ষক হওয়ার, শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে হতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বাংলা
বাংলা অংশ থেকে ২০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে। তাই বাংলা বিষয়টি গুরুত্বসহকারে পড়া দরকার। বাংলার জন্য পড়তে হবে বিশিষ্ট লেখকদের জীবনী, তাঁদের বিভিন্ন উক্তি, জন্মতারিখ এবং পঞ্চম থেকে দশম শ্রেণির বাংলা ব্যাকরণের বিভিন্ন অধ্যায়। ব্যাকরণের জন্য কারক ও বিভক্তি, সমাস, বাগধারা, এককথায় প্রকাশ, শুদ্ধিকরণ, সন্ধি—এই অধ্যায়গুলো ভালো করে পড়লে বাংলা অংশে ভালো করা যাবে। এ ছাড়া বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে।
গণিত
গণিতে বেশির ভাগ পরীক্ষার্থীই খারাপ করে। এই অংশ থেকে ২০টি উত্তর করতে হয়। এ অংশে ভালো করতে হলে সপ্তম থেকে দশম শ্রেণির পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি—এই বিষয়ের বিভিন্ন অধ্যায় বারবার চর্চা করতে হবে। পাটিগণিতের জন্য গড়, শতকরা, ঐকিক নিয়ম, সুদকষা, অনুপাত—এই অধ্যায়গুলো ভালো করে নিয়মিত চর্চা করলে প্রশ্ন পাওয়া যাবে। আর বীজগণিতের জন্য মান নির্ণয়, ভগ্নাংশ, উৎপাদক ইত্যাদি অধ্যায়গুলো করলেই চলবে। জ্যামিতি অংশে ভালো করতে হলে বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, রম্বশ, সামান্তরিক—এগুলো পড়লেই হবে।

ইংরেজি
ইংরেজিতে ভালো করার সহজ উপায় হলো ভালো করে ব্যাকরণগুলো নিজের আয়ত্ত করে নেওয়া। মূলত এই ব্যাকরণ থেকেই বেশির ভাগ প্রশ্ন পাওয়া যাবে। তাই এ অংশের ওপর নিতে হবে বাড়তি যত্ন। Article, Noun, spelling, Synonyms, Right from of verbs, Adjective, Voice, Narration, Preposition, Correction, Translation—এই অধ্যায়গুলো পড়তে হবে খুব মনোযোগসহকারে। ইংরেজিতে প্রশ্ন থাকে মোট ২০টি, যার বেশির ভাগ এই অধ্যায়গুলো থেকেই থাকে। আর সঙ্গে রাখতে হবে বিভিন্ন দেশি-বিদেশি লেখকদের সম্পর্কে ধারণা। তাহলে সাহিত্য অংশে ভালো করা যাবে।

সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন থাকবে। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি বিষয়েও জানতে হবে। এ অংশে ভালো করতে বিগত বছরের প্রশ্ন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। নিয়মিত দৈনিক পত্রিকা পড়া, সাম্প্রতিক ঘটনাবলি, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সাধারণ জ্ঞানে ভালো করতে হলে প্রয়োজনে বাজারে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের বই যেমন আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, এমপিথ্রি ইত্যাদি বই কিনে পড়ে নিতে পারেন। তাই তথ্যভান্ডার যত বেশি হবে ততই উত্তর করা সহজ হবে।

নিশ্চিত হয়ে উত্তর দেওয়া
অনেকেই আছে, প্রশ্নের উত্তর নিশ্চিত না হয়েই দিয়ে থাকে। যা করা মোটেও উচিত নয়। কারণ, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য কাটা হয় ১ নম্বর। তাই এ বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে তা না দেওয়াই ভালো।

মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষা প্রসঙ্গে পারভেজ রহিম বলেন, মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে। এর মধ্যে ৫ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর, ৫ নম্বর প্রার্থীর নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিষয়ের ওপর। আর বাকি ১০ নম্বর থাকবে প্রার্থীর ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, উচ্চারণ—এসবের ওপর। পাশাপাশি প্রার্থীর নিজ জেলা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি ইত্যাদি বিষয়ে জানা থাকলে মৌখিক পরীক্ষা ভালো করা যাবে।
এসব পরামর্শ দিয়েছেন জহুরা আক্তার, সহকারী শিক্ষক, ১৬ নম্বর তালুক হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; অনামিকা হোসেন, সহকারী শিক্ষক, দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়; সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা, ৬ নম্বর ফরিদপুর রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়; আবুল বাশার আজিম, সহকারী শিক্ষক, দক্ষিণ দাড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়; শবনম সিমু, সহকারী শিক্ষিকা, বি. কে আফতাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রন্থনা: শক্তি সাহা