শেষ যুদ্ধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ে যাচ্ছেন সংগীতশিল্পী সুমন। জীবন আর ক্যানসারের এই যুদ্ধে হার মানতে রাজি নন মোটেই। ১১ বারের মতো অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন সম্প্রতি। জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।

সুমন। ছবি: প্রথম আলো
সুমন। ছবি: প্রথম আলো

‘আজ রাতটা অন্য রকম/ দেখছি চারদিক ধূসর, উজ্জ্বল চোখে এদিক–সেদিক/...নেই কেউ পাশে, হারিয়ে যাইনি!/ এটাই তো মোক্ষম সময়, তোমার সাথে ভাব বিনিময়/ শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে।’ এ গানটার নাম ক্যানসার। যিনি গানটি লিখেছেন, তখন কেমোথেরাপি চলছিল তাঁর। কেমোথেরাপির একেকটা দিন কত ভয়ানক, কত কষ্টের, তা ক্যানসারে আক্রান্ত একজন মানুষেরই বোঝার কথা। কিন্তু ক্যানসারের কাছে হার মানলে চলবে? জীবনের এই যুদ্ধকে শেষযুদ্ধ বলতে নারাজ অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সুমন। বেজবাবা নামেই তিনি পরিচিত সবার কাছে। এ গানটা তাঁর প্রথম কেমোথেরাপির পর লিখেছিলেন। অর্থহীনের অসমাপ্ত ২ অ্যালবামে গানটি পরে প্রকাশিত হয়।
সুমন বলেন, ‘কেমোথেরাপির সময়টা কীভাবে পার করেছি, তা কাউকে বলে বোঝানো যাবে না। তবে অতিরিক্ত মানসিক জোর থাকার কারণে আমি মনে হয় তখনো গান লিখতে পেরেছি। অনেক ইতিবাচক বিষয় নিয়ে ভাবি। আমার দুই ছেলেমেয়ের কথা মনে করি। ক্যানসারের বিরুদ্ধে লড়ার জন্য সবচেয়ে বেশি দরকার মনের জোর। ভেঙে পড়লে ক্যানসার আরও পেয়ে বসবে আপনাকে।’
পাঁচ বছর আগের কথা। কোমরে ব্যথাটা যেন বেড়ে যাচ্ছিল তাঁর। ভাবলেন, সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করবেন। গেলেনও। চিকিৎসক পরীক্ষা করে বললেন, মেরুদণ্ডে টিউমার হয়েছে। ১০ দিনের মাথায় সেটার অস্ত্রোপচারও করে ফেলেন। সেবার চিকিৎসক এটিও বলে দিলেন যে এক বছরের মধ্যে যদি আর কোনো টিউমার না হয়, তাহলে ক্যানসার আর হবে না। একেকটা দিন যায়। সুমন ভাবেন, ক্যানসার তাঁকে জেঁকে ধরতে পারবে না। কিন্তু বিধিবাম। এক বছর শেষ হওয়ার আগেই পাকস্থলী ও মস্তিষ্কে দেখা গেল সেই টিউমার। যা ক্যানসারে রূপ নিয়েছে।
‘প্রথম যেদিন জানলাম আমার ক্যানসার হয়েছে, সেদিন খুব ভয় পেয়েছিলাম। দুই সপ্তাহ বেশ চিন্তিত ছিলাম। হঠাৎ মনে হলো, জীবন এত ছোট। মরার আগে মরতে চাই না। যে কয়েকটা দিন বাঁচব, বাঁচার মতো করে বাঁচব। যা কিছু নিজের ভালো লাগে, তা–ই করব। জীবনকে উপভোগ করতে চাই।’ বলেন সুমন।
এর পর থেকে হয়তো কখনো বেজবাবা বন্ধুদের িনয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। কখনো পুরোটা সময় শুধু গানের জন্য বরাদ্দ রেখেছেন। আর ছেলেমেয়েরা তো আছেই। ‘অনেকে এই পাঁচ বছরে বলেছিলেন, কেন মঞ্চে গান করছেন না? কেন ভৌতিস্ট অনুষ্ঠানটি করছেন না? আসলে আমি ক্যানসারের কষ্ট ভোলার জন্য মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছি।’ বলেন সুমন।
ক্যানসার ধরা পড়ার দেড় বছর পর তিনি পরিবারের মানুষদের জানিয়েছিলেন। তাঁরা সব সময় তাঁকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। শুধু তা–ই নয়, তাঁর স্কুলপড়ুয়া ছেলেমেয়ে বলে, ‘বাবা, ভয় পেয়ো না। ঠিক হয়ে যাবে।’
এখন পর্যন্ত ১১ বার অস্ত্রোপচার করাতে হয়েছে সুমনকে। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে এবার অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন গত ২৫ সেপ্টেম্বর। চিকিৎসকেরা তাঁকে আশ্বাস দিয়েছেন, ক্যানসার তাঁকে ছেড়ে গিয়েছে। তাঁর গানের মতোই ‘হারিয়ে যাইনি!/ এখনো হাতের মুঠোয় এই পৃথিবীটা/ হয়তো আসবে তুমি ছড়াতে বিষাক্ততা/ দেখব দাঁড়িয়ে তোমার পরাজয় আবার..।’
সুমন মনে করেন, ক্যানসারের পরাজয় আজ তিনি দেখছেন। তিনি বেঁচে থাকতে চান তাঁর দুই ছেলেমেয়ের জন্য। যাদের শৈশবটা দেখছেন এখন। কৈশোর, তারুণ্য…জীবনের সব ধাপ দেখে যেতে চান। তিনি বলেন, ‘জীবন আসলে একটা মৌসুমের মতো। প্রতিটি সময়ে পরের ভালো কিছুর জন্য বাঁচতে হবে। চিকিৎসক যদি আমাকে বলতেনও যে আর আমি তিন মাস বাঁচব। তাহলে মন খারাপ না করে দুই মাস আমি ঘুরব। পরিবারের সঙ্গে থাকব। গান করব। এরপর মরে যাব। আমি আমুদে মানুষ। আনন্দের মাঝেই থাকতে চাই।’