শেষ রসকীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনাদের জন্য সুখবর। সম্ভবত এটাই রস+আলোর শেষ সংখ্যা। শেষ রসকীয়। এত দিন আজেবাজে লেখা লিখে আপনাদের অনেক জ্বালাতন করা হয়েছে। জ্বালাতনের দিন শেষ। এতক্ষণে আপনারা নিশ্চয়ই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের পরিকল্পনা শুরু করেছেন। রস+আলো শেষ হয়ে যাচ্ছে, এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে? তবে এত আনন্দিত হওয়ার কিছু নেই। শুধু রস+আলো নয়, শেষ হয়ে যাচ্ছে সবকিছুই! কারণ, মায়া সভ্যতার ক্যালেন্ডার অনুযায়ী ২১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ধ্বংস হচ্ছে পৃথিবী। এমনিতে কোনো কারণে ছুটি থাকলে বিশেষ ব্যবস্থায় পরদিন পত্রিকা প্রকাশিত হয়। কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে গেলে পত্রিকা প্রকাশিত হওয়ার কোনো নজির নেই। কারণ, আজ পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়নি। তবে এত দিন না হলেও ২১ তারিখেই ঘটনা ঘটে যেতে পারে। মায়া সভ্যতা অত্যন্ত জ্ঞানী-গুণী ব্যক্তিদের সভ্যতা। হাজার বছর আগে থেকেই পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা জানতেন। আমাদের আবহাওয়া অফিসের ভবিষ্যদ্বাণী পাইকারি হারে ভুল প্রমাণিত হলেও মায়াদের ভবিষ্যদ্বাণী নাকি কোনো দিনই ভুল প্রমাণিত হয়নি। অতএব আমরা শেষ! উই ফিনিশ! তবে সবকিছুরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। পৃথিবী ধ্বংসের সুবিধা হলো, যাঁরা বিভিন্ন ক্ষেত্র থেকে ঋণ নিয়েছিলেন, তাঁদের ঋণ শোধ করতে হবে না। সরকারকে কষ্ট করে পদ্মা সেতুও বানাতে হবে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জটিলতারও অবসান হবে। বাংলাদেশ দলকেও পাকিস্তান সফরে যেতে হবে না। তবে সমস্যায় পড়বে রাজনৈতিক দলগুলো। ক্ষমতায় যাওয়ার জন্য তারা কত টাকা খরচ করছিল, হরতাল-অবরোধ দিচ্ছিল, এখন ক্ষমতা দূরে থাক, জীবন বাঁচানোই হুমকির মুখে! রাজনৈতিক দলগুলো যে ভবিষ্যৎ নিয়ে একেবারেই ভাবে না, এটা তারই প্রমাণ। পৃথিবী ধ্বংসের আর কয়েক দিন বাকি, অথচ তারা মনের সুখে হরতাল দিয়ে যাচ্ছে। অবশ্য না দিয়ে উপায় কী? পৃথিবী ধ্বংস হয়ে গেলে তো আর হরতাল দেওয়া যাবে না। তাই রাজনৈতিক দলগুলো যে ‘এ সুযোগ সীমিত সময়ের জন্য’ ভেবে আগামী ২০ তারিখ পর্যন্ত হরতাল দিতে উঠেপড়ে লাগবে, সে ভবিষ্যদ্বাণী করার জন্য মায়া সভ্যতার নাগরিক হওয়া লাগে না। যা-ই হোক, এত কথা বলে লাভ নেই। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এত কথা বলার সময় কই? ভালো থাকুন, সুখে থাকুন এবং উপভোগ করুন সুন্দর পৃথিবীর ধ্বংস। বিদায় (বাই এনি চান্স, যদি পৃথিবী ধ্বংস না হয়, তাহলে আবার দেখা হবে।)!!