সরকারের শেষ সময়ে দলীয় লোকদের আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সেবামূলক ও অবৈতনিক এই পদে এর আগের সরকারের আমলেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পাওয়া ১২ জনের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী।
প্রশাসন ও কারাগার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে গত ৫ নভেম্বর কারা বিধি ৫৬ (১) (২) ধারায় আগামী দুই বছরের জন্য আট জন পুরুষ এবং চারজন মহিলাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ১২ জনের মধ্যে ১০ জনই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের অধিকাংশকে এর আগের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল।
দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া কারা পরিদর্শকেরা হলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ তাহের, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা শফিকুল ইসলাম, নগর যুুবলীগ নেতা হাসান মুরাদ, কেন্দ্রীয় যুবলীগের উপসম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, যুবলীগ নেতা সাইফুদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বখতেয়ার নুর ছিদ্দিকী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেত্রী উম্মে সালমা, নগর যুবলীগের মহিলাবিষয়ক সম্পদিকা আঞ্জুমান আরা বেগম ও আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমানারা। তাঁদের মধ্যে বখতেয়ার নুর সিদ্দিকী, সাইফুদ্দিন আহমেদ ও এম এ তাহের ছাড়া বাকি সাতজন গত দুই বছরও দায়িত্ব পালন করেছেন। দলীয় বিবেচনার বাইরে নিয়োগ পাওয়া দুজন হলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও শিরীন আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কারাগারে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ আটক রয়েছেন। একটি রাজনৈতিক দলের লোকদের ঢালাওভাবে নিয়োগ দেওয়া হলে সাধারণ কয়েদিদের বঞ্চিত হওয়ার সুযোগ থাকে।
এদিকে অনুসন্ধানে দেখা গেছে, বেসরকারি কারা পরিদর্শক হিসেবে দলীয় লোক নিয়োগ দেওয়া রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলেও এমন নিয়োগ হয়েছিল। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরী ও জামায়াত নেতা শাজাহান চৌধুরী বেসরকারি কারা পরিদর্শক হিসেবে দায়িত্বপালন করেন।
বেসরকারি কারা পরিদর্শক সিরাজ উদ দৌলা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আগের দুই বছরও আমরা অনেকেই কারা পরিদর্শক ছিলাম। সাধ্যমতো চেষ্টা করেছি বন্দীদের সমস্যা সমাধানের জন্য কারা কর্তৃপক্ষকে তাগাদা দিতে। আমরা কেউই দলীয় লোকদের বাড়তি কোনো সুবিধা দিই না।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ‘কারা পরিদর্শকেরা বন্দীদের সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিতভাবে কাজ করছেন।’