ঘনিয়ে আসছে নির্বাচন। প্রচারণার জন্য সময় আছে মাত্র ছয় দিন। তার পরও প্রার্থীদের তেমন গণসংযোগ ও পোস্টার চোখে পড়ছে না। শেষ সময়েও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থীদের প্রচারণা চলছে ঢিমেতালে।
এ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন—আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদ, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী তপন চক্রবর্তী ও বিএনএফের প্রার্থী নারায়ণ রক্ষিত। তাঁদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী ও তপন চক্রবর্তী মাঠে থাকলেও ভোটাররা এখনো দেখা পাননি নারায়ণ রক্ষিতের।
জানা গেছে, গত বুধবার দুপুরে হজরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন সাইফুজ্জামান চৌধুরী। মাজার জিয়ারত শেষে তিনি ওই দিন বটতলী-রুস্তমহাট এলাকায় গণসংযোগ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এদিকে কাকতালীয়ভাবে সাইফুজ্জামানের পর পরই ওই দিন মাজার জিয়ারত শেষে প্রচারণা শুরু করেছেন তপন চক্রবর্তীও। তিনিও বটতলী-রুস্তমহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তবে এখনো কোনো প্রার্থীর নির্বাচনী সভা-সমাবেশ ও মিছিল দেখা যায়নি। পোস্টার-ব্যানারও তেমন টানানো হয়নি। নেই মাইকিং। গহিরা গ্রামের ভোটার আবদুস সালাম (৪৩) বলেন, ‘আগের নির্বাচনগুলোর মতো পোস্টার-ব্যানার নেই। দৌড়ঝাঁপ নেই প্রার্থীদের। জনগণ সত্যিকারের নির্বাচনী আমেজ পাচ্ছে না।’ চাতুরী চৌমুহনী বাজারের ভোটার নুরুল ইসলাম (৩৬) বলেন, ‘আদৌ ভোট দিতে যাব কি না চিন্তা করছি। কোনো প্রার্থীর চেহারা এখনো দেখলাম না।’
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের দিন কেন্দ্রে ভোটার বাড়ানোর জন্য কৌশল খুঁজছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী আনোয়ারা ও কর্ণফুলীর নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেছেন নগরের সার্সন সড়কের বাসায়। বৈঠকে ভোট বাড়ানোর ব্যাপারে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, গত ১১ মাসে আনোয়ারায় ব্যাপক উন্নয়ন হয়েছে। নির্বাচিত হলে এ ধারা অব্যাহত থাকবে। প্রচারণা প্রসঙ্গে বলেন, ব্যাপক প্রচার-প্রচারণা চলছে তৃণমূলে। জানতে চাইলে নারায়ণ রক্ষিতও তাঁর প্রচারণা চলছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমার নেতা-কর্মী কম। তার পরও আমি নিজেই মাঠ চষে বেড়াচ্ছি।’
জাপার প্রার্থী তপন চক্রবর্তী বলেন, ‘জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি, সাড়াও পাচ্ছি।’ প্রচারকালে তিনি দলের চেয়ারম্যান এরশাদের করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দেন।
জানা যায়, বিগত নয়টি সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি চারবার, আওয়ামী লীগ চারবার ও জাসদ একবার জয়ী হয়। এর মধ্যে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালে আওয়ামী লীগের হয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবু, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনসহ দুটি নির্বাচন ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির সরওয়ার জামাল, ১৯৭৯ সালে বিএনপির অ্যাডভোকেট শাহাদাত হোসেন চৌধুরী এবং ১৯৮৮ সালে জাসদের মোখতার আহমদ জয়লাভ করেন। তা ছাড়া ২০১২ সালের ৪ নভেম্বর আখতারুজ্জমান চৌধুরী মারা গেলে এ বছর ১৭ জানুয়ারির উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হন তাঁর ছেলে সাইফুজ্জামান চৌধুরী।