
সময়টা ১৯৮৫ সাল। বিলেতে বেড়াতে গিয়েছিলেন যুবক মোহাম্মদ শামসুল আলম। থাকার ব্যবস্থা ছিল এক ভাইয়ের বাসায়। একদিন দেখলেন, বাড়ির পাশ দিয়ে সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবেই ভেবেছেন কোনো মুমূর্ষু রোগী নিয়ে ছুটছে হাসপাতালে। কিন্তু না, পাশে থাকা ভাইটি জানালেন, মুমূর্ষু রোগী নয়, তারা নিয়ে যাচ্ছে সুস্থ এক বৃদ্ধকে। তবে তিনি অসহায়, দেখার কেউ নেই। তাই তাঁর ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে, যেখানে জীবনের শেষ দিনগুলো কাটবেন আনন্দে, আরাম-আয়েশে। তা-ও বিনা খরচে।
ব্যাপারটা বেশ নাড়া দিয়েছিল শামসুলকে। এমনও হয়! বৃদ্ধদের জন্য এত ভালো ব্যবস্থা? ভাবনার পাশাপাশি মনের কোণে জায়গা করে নেয় একটা স্বপ্ন—‘আমাদের দেশে শেষ বয়সে এসে বয়স্ক ব্যক্তিদের তো বেশির ভাগ ক্ষেত্রে নিগৃহীত হতে হয়। তাঁদের জন্য এ রকম একটা কিছু করলে কেমন হয়?’ কিন্তু এর জন্য তো প্রয়োজন অনেক টাকা। রয়েছে নানা ঝক্কিও। স্বপ্নের গল্প এখানে শেষ হতে পারত। কিন্তু তা হয়নি; বরং ডালপালা মেলেছে। ব্যবসার ফাঁকে স্বপ্নপূরণের পথে হেঁটে এখন সঠিক গন্তব্যে পৌঁছেছেন শামসুল।
রাউজানের নোয়াপাড়ার পথের হাটে গড়ে উঠেছে শামসুল আলমের স্বপ্নের প্রকল্প ‘আমেনা-বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্র’। ৩৫ বছর বয়সের স্বপ্ন পূরণ হয়েছে ৬৩ বছরে এসে। তাতে কী! বয়স্কদের জন্য একটি নিরাপদ আবাস তো হলো। চট্টগ্রাম শহর থেকে ১৫ কিলোমিটার দূরে নোয়াপাড়া কলেজের পাশে শামসুল ও তাঁর ভাইবোনদের পৈতৃক সম্পত্তির তিন কানি জায়গার ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতলা ভবন, যেখানে এক সঙ্গে ২০০ মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে আপাতত চালু হবে ৫০ জন নিয়ে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে সদস্য।
সম্প্রতি পুনর্বাসনকেন্দ্রে গিয়ে দেখা গেল, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক থেকে ২০ গজের মধ্যে ভবনটি।মাঝখানে পুকুর। তাতে শানবাঁধানো ঘাট। তপ্ত দিনেও প্রশান্তির বাতাস পরশ বুলিয়ে দিচ্ছিল। চারদিকে গাছগাছালি। পাখিদের কিচিরমিচির আওয়াজও পাওয়া যাচ্ছিল। এমন মনোরোম পরিবেশ যে কাউকেই মোহিত করবে। থাকার কক্ষগুলো বেশ ঝকঝকে তকতকে। এক কক্ষে ছয়জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। আছে লাগোয়া শৌচাগার। বয়স্ক নারী-পুরুষকে দেখাশোনার জন্য থাকবে চিকিৎসক, সেবিকা ও আয়া। বিশাল ডাইনিংয়ে খাওয়ার ব্যবস্থা। পুকুর পাড়ে শামসুল ইসলামের সঙ্গে যখন কথা হচ্ছিল বারবার তাঁর কথায় উঠে আসছিল বাবা আবুল বশর সওদাগরের কথা। কষ্টের দিনগুলোর কথা মনে হতেই ছাইছাপা দুঃখটাতে যেন ঘষা লাগল। ধরে আসছিল গলা। না থাকার মধ্যেও বাবা কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন সে গল্প শোনালেন আমাদের। বাবার দেখাদেখি নিজেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প করেন। সেই থেকে আজকের এই পুনর্বাসনকেন্দ্র। অবশ্য এই ক্ষেত্রে মডেল হিসেবে কাজ করেছে গাজীপুরের মনিপুরের বয়স্ক পুনর্বাসনকেন্দ্রটি।
শামসুল ইসলাম বলেন, ‘এটি আমার পারিবারেরই অংশ। ঘরে আমি যে ধরনের খাটে থাকি এখানেও একই রকম করা হয়েছে। ভবনের নকশা করিয়েছি অভিজ্ঞ স্থপতি দিয়ে। এখানে থাকতে পারবেন যেকোনো ধর্মের নারী-পুরুষ। তবে বয়স হতে হবে যাটের উপরে এবং প্রকৃত অসহায়। তা ছাড়া চলাচলে সক্ষম ও মানসিকভাবে সুস্থ থাকা চাই। তাঁদের কোনো খরচ নেই। যাবতীয় দায়-দায়িত্ব আমার। এখানে যাঁরা আসবেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারবেন। এখান থেকে সমাহিত করার জন্য পুনর্বাসনকেন্দ্রের নামে কবর স্থানের জায়গাও কেনা হয়েছে।’
কীভাবে কাটবে এখানকার বাসিন্দাদের অবসর? জানালেন, পর্যায়ক্রমে এখানে গড়ে তোলা হবে পাঠাগার। তবে প্রথম দিকে টেলিভিশন দেখা ও গান শোনার ব্যবস্থা থাকবে। এত বড় আয়োজন নিজের টাকায় করলেন। ভবিষ্যতেও কী এভাবে চলবে? ‘আমরা এটা পরিচালনার জন্য একটি কমিটি করেছি। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে চলবে পুনর্বাসনকেন্দ্র। এখানে যে কেউ চাইলে অনুদান দিতে পারবেন।’ বললেন শামসুল।
আমেনা-বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রর বিস্তারিত জানতে যোগাযোগ : ০৩১-২৫৭১২১৭ ও ০১৮৫৯-২০০৭৭১।