শেষ স্মৃতি

দৃশ্যটা এখনো চোখে ভাসে। এই তো ২৪ নভেম্বর শাহবাগের গণগ্রন্থাগারে প্রথম আলোর বইমেলার উদ্বোধন ছিল। মেলায় গিয়ে প্রথমেই আমি আমার দুই নাতনির জন্য শিল্পী কাইয়ুম চৌধুরীর লেখা ছড়ার বই তনুর সাথে রঙ রেখাতে কিনে ফেললাম। সেখানেই প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত প্রয়াত সাংবাদিক এবিএম মূসার আত্মজীবনী

আমার বেলা যে যায়-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেখি আনিসুজ্জামান, সৈয়দ আবুল মকসুদের পাশে কাইয়ুম চৌধুরী বসে আছেন। কাইয়ুম ভাইকে দেখেই সদ্য কেনা ছড়ার বইটি তাঁর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমার দুই নাতনি নুজহাত, নুসাইবার নামে কিছু লিখে দিন।
কাইয়ুম ভাই বললেন, ‘এই বইতে যিনি আঁকাআঁকি করেছেন, তার স্বাক্ষর নেবেন না?’
আমি তাজ্জব! কাইয়ুম ভাই তাঁর পাশে বসা অতনুকে দেখিয়ে বললেন, ‘বইয়ের ছবিগুলো ওর আঁকা। এই অতনু, তোমার অটোগ্রাফ দাও।’
অতনু লজ্জায় কাঁচুমাচু হয়ে তার স্বাক্ষর দিল।
আমি কাইয়ুম ভাইয়ের কোলে অতনুকে বসিয়ে একটা ছবি তুললাম। জানতাম না, এটাই কাইয়ুম ভাইয়ের সঙ্গে আমার শেষ স্মৃতি হয়ে থাকবে।