‘এর নাম উন্নয়নের যন্ত্রণা। সড়ক সংস্কারের জন্য রাস্তা খোঁড়া হয়েছে প্রায় বছর খানেক আগে। কবে রাস্তা ঠিক হবে আর আমাদের ভোগান্তি দূর হবে কে জানে?’ বেশ ক্ষোভের সঙ্গেই কথাগুলো বলছিলেন টেম্পোযাত্রী মোহাম্মদ আরমান। তাঁর কথায় সায় দিলেন টেম্পোতে বসে থাকা আরও ছয়-সাতজন যাত্রী। মুরাদপুর-চকবাজার রুটের একটি টেম্পোতে গত শনিবার এই কথা হয়।এসব কথা বলার সময় এক হাতে শক্ত করে টেম্পোর একটি হাতল ধরেছিলেন আরমান। কারণ, বড় বড় গর্তে হেলেদুলে চলছিল টেম্পোটি। অন্য যাত্রীদেরও একই অবস্থা। একটু বেখেয়াল হলেই ঠুকে যেতে পারে মাথা অথবা ব্যথা পেতে পারেন হাতে-পায়ে।বছর খানেকের বেশি সময় ধরে নগরের চকবাজার অলি খাঁ মসজিদের মোড় থেকে পাঁচলাইশ থানার মোড় হয়ে মুরাদপুর পর্যন্ত (খান বাহাদুর বদি আহমদ চৌধুরী সড়ক) সড়কের সম্প্রসারণকাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সড়ক সম্প্রসারণের জন্য ঠিক সময়ে জমি ছাড়েননি জমির মালিকেরা। এ কারণে সড়কে কার্পেটিং করতে দেরি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, প্রায় দেড় কিলোমিটারের মতো এই সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং নেই, বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কোনো কোনো অংশে রাস্তার এক পাশ বন্ধ রেখে চলছে উন্নয়নকাজ। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। এই সড়কের বিভিন্ন অংশে একাধিক বেসরকারি হাসপাতাল, পাঁচলাইশ থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। পাশাপাশি মুরাদপুর মোড় থেকে চকবাজার মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সংযোগ-সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহূত হয়। সড়কের দুরবস্থার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। পাঁচলাইশ এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, সংস্কারকাজ শুরু হওয়ার আগেও রাস্তা দিয়ে চলাচল করা যেত না। দুই বছরের বেশি সময় ধরে রাস্তার এই বেহাল অবস্থা। বৃষ্টি হলে চষা খেতের মতো কাদা থাকে আর রোদ উঠলে ধুলাবালুতে পুরো এলাকা ঢেকে যায়। এর মধ্যেই প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে।জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) গত বছরের জুলাই মাসে এই সড়কের উন্নয়নকাজ শুরু করে। অলি খাঁ মসজিদ মোড় থেকে মুরাদপুর পর্যন্ত ১ দশমিক ৪৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পটি শুরু থেকেই চলছে ধীরগতিতে। এই প্রকল্প শেষ হওয়ার আগেই সম্প্রতি প্রকল্পের দৈর্ঘ্য ও ব্যয় বাড়ানো হয়েছে। নতুন সম্প্রসারিত প্রকল্প (হাটহাজারী সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প) অনুসারে অলি খাঁ মসজিদ মোড় থেকে মুরাদপুর মোড় হয়ে অক্সিজেন পর্যন্ত সড়ক চার লেইন করা হবে। সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রস্থ হবে ৬০ ফুট। এতে মোট ব্যয় হবে ৬০ কোটি টাকা। চউকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এলাকার বাসিন্দারাই শুরুতে জমি ছাড়তে রাজি হননি। মাস খানেক আগে তাঁরা জমি ছেড়েছেন। তাই শুরু থেকে পুরোদমে কাজ করা সম্ভব হয়নি।’এই প্রকল্পের পরিচালক প্রকৌশলী শাহাবুুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, ‘আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ। ইতিমধ্যে ১৫ কোটি টাকা ব্যয়ে সড়কের বেশ কিছু কাজ করা হয়েছে। জমি পেলে পুরো কাজ শেষ করতে চার থেকে পাঁচ মাসের বেশি সময় প্রয়োজন হয় না।’ সড়কে কার্পেটিং না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জমি অধিগ্রহণে দেরি হওয়ায় আমরা কার্পেটিং করতে পারিনি। সড়কের একেক অংশে তো একেক সময় কার্পেটিং করা যায় না। বর্ষা প্রায় শেষ। অর্থ বরাদ্দ পেলেই পুরোদমে কাজ শুরু হবে।’