রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ১৩ বাঙালি পরিবারকে তিন বছর পর সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। ১৪ মে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পরিত্যক্ত আনসার ক্যাম্পে ১৩ পরিবারকে পুনর্বাসন করার ব্যাপারে মত দেন সভায় উপস্থিত ব্যক্তিরা। পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে আগামী ২০ মে অনুরূপ একটি সভা আহ্বান করা হয়েছে।সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, বাঘাইহাট সেনা জোনের ক্যাপ্টেন মো. শাহরিয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ, বাঘাইহাট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর মজিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নতুন জয় চাকমা ও বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর প্রতিনিধি মো. আবদুল হাই। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে স্থাপিত বাঘাইহাট প্রাথমিক বিদ্যালয়ে চার কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন ও টিনের ছাউনি দেওয়া একটি পুরোনো ভবন আছে। ২০১০ সালে আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর নতুন ভবনে ৩০টি বাঙালি পরিবার আশ্রয় নেয়। বর্তমানে এই ভবনের একটি মাত্র শ্রেণীকক্ষ শিক্ষার্থীরা ব্যবহার করতে পারছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষার্থীর রয়েছে ৫১১ জন। আর শিক্ষক রয়েছেন ছয়জন। ১৩ মার্চ বিদ্যালয় থেকে ১৩ পরিবার সরিয়ে নেওয়ার দাবিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বাঘাইহাট বাজারে মানববন্ধন করেন। শ্রেণীকক্ষ সংকটের কারণে প্রাক-প্রাথমিকসহ পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান চলছে নতুন ভবনের বারান্দায় ও ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনে। উল্লেখ্য, সাজেক ইউনিয়নের বাঘাইহাটে ২০১০ সালে ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালি সহিংস ঘটনায় গুচ্ছগ্রামের বুদ্ধপদি চাকমা ও তিন দোজরী গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা নিহত হন। এ সময় নয়টি গ্রামের ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। আশপাশের গ্রামসহ আশ্রয়হীন হয় দেড় হাজার আদিবাসী-বাঙালি পরিবার। সে সময় বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি বাঙালি পরিবার আশ্রয় নেয়। বিভিন্ন সময় ১৭টি পরিবার চলে গেলেও ১৩টি পরিবার এখনো রয়ে গেছে। প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, নতুন ভবনের একটি মাত্র শ্রেণীকক্ষে পাঠদান চলে। পুরোনো ভবনের টিনের ছাউনি ও বেড়া ফুটো হয়ে গেছে। বর্ষায় টিনের চাল দিয়ে পানি পড়ে। দীর্ঘ তিন বছর ধরে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে আছে। ১৩ পরিবার সরিয়ে না নিলে অবস্থার পরিবর্তন হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী প্রথম আলোকে জানান, বিদ্যালয়ে বসবাসরত ১৩ পরিবারকে সরিয়ে নেওয়ার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে সেনা জোনের পাশে পরিত্যক্ত আনসার ক্যাম্পে সরিয়ে নেওয়া হবে।