

পুরো মিলনায়তন সাজানো-গোছানো। এরই মধ্যে শুরু হলো ‘রাঙিয়ে দিয়ে যাও গো’ গানের সঙ্গে চমৎকার এক নৃত্য। এরপর মঞ্চে আসেন সেরা ১০ মডেল। নিজেদের প্রতিভা তুলে ধরেন র্যাম্পে হেঁটে। বিচারকের আসনে তখন অভিনয়শিল্পী বিজরী বরকতুল্লাহ, ডিজাইনার বিপ্লব সাহা ও রূপবিশেষজ্ঞ কামরুল ইসলাম। এই দৃশ্য দেখা গেল গত ৩১ মে সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে। ফ্যাশন হাউস রঙ তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে মডেল নির্বাচনের এই আয়োজন করে ‘রঙ ২০-২০ কালার মডেল সার্চ ২০১৪’ নামে। পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগ দেয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

প্রাথমিকভাবে সারা দেশ থেকে পাঁচ হাজারের বেশি ছবি জমা পড়ে। সেখান থেকে ২০০ জন প্রতিযোগীকে ডাকা হয় অডিশন রাউন্ডে। এরপর ৪৪ জনকে ডাকা হয় ক্যাম্পে। এখানে বিভন্ন অঙ্গনের দেশসেরা তারকারা প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। ১০ দিনের এই গ্রুমিং শেষ হলে আরটিভিতে বিভিন্ন রাউন্ডের মাধ্যমে প্রতিযোগীদের মেধা ও যোগ্যতা যাচাই করা হয়। এখানে প্রতিযোগীরা নিজেদের অভিনয়, উপস্থাপনা, নাচ, আলোকচিত্র, র্যাম্প মডেলিং ইত্যাদি বিষয়ের দক্ষতা প্রদর্শন করেন। এভাবেই গ্রান্ড ফিনালেতে জায়গা পান সেরা দশ মডেল। যাঁদের পাঁচজন ছেলে আর পাঁচজন মেয়ে। ফাইনালে সেরা তিন জুটি মডেল নির্বাচন করা হয় পুরস্কারের জন্য। প্রতিযোগিতায় প্রথম হন হিমি ও মইন৷ এ ছাড়া প্রথম রানারআপ মাহি ও শুভ এবং দ্বিতীয় রানারআপ হন লোপা ও দীপ্ত। রঙের ঈদ ফটোশুটের মডেল হচ্ছেন প্রতিযোগিতার সেরা ১০ মডেল। এ ছাড়া সেরা তিন জুটি পুরস্কার হিসেবে পাচ্ছে টেলিভিশন, সিঙ্গাপুর, ব্যাংকক ও নেপাল ভ্রমণ, গোল্ড জিমের এক বছরের সদস্যপদ, পোশাকসহ নানা কিছু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কনকচাঁপা, ফেরদৌস, সাদিয়া ইসলাম মৌ, অপি করিম, মুনমুন, ওয়াহিদা মল্লিক জলি, তিশা, মোস্তফা সরয়ার ফারুকী, অারিফিন শুভসহ অনেকে।