শেষ হলো আইআইইউসির প্রযুক্তি উৎসব
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কম্পিউটার ক্লাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ১০ দিনের তথ্যপ্রযুক্তি উৎসব শেষ হয়েছে। ২৬ মে আইআইইউসির কুমিরা স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। আইআইইউসির উপাচার্য মুহাম্মদ মাহ্বুব উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উত্তর জোনের প্রধান মুহাম্মদ আমিরুল ইসলাম। বক্তব্য দেন মুহাম্মদ নূরুল ইসলাম, শেখ মিরাজুল ইসলাম, মুহাম্মদ শামসুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘মানুষের সার্বিক কল্যাণেই জ্ঞানের প্রকৃত ব্যবহার হওয়া প্রয়োজন। মনুষ্যত্বকে ঊর্ধ্বে স্থান দিতে হবে।’ কম্পিউটার ক্লাব অষ্টমবারের মতো এই তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করে। প্রথম উৎসব হয়েছিল ২০০২ সালে। এবারের উৎসবে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তিবিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গণিত প্রতিযোগিতায় স্কুল-কলেজের ৩০০ প্রতিযোগী অংশ নেয়।