শেষ হলো ঋতুভিত্তিক নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো ছয় দিনব্যাপী ‘মাঘ নিশীথের নাটক—১৪১৮’ শীর্ষক নাট্যমেলা। শীতকে আমন্ত্রণ জানিয়ে ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ মেলার আয়োজন করে। ৮ ডিসেম্বর নাট্যমেলা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।নাট্যমেলার কর্মসূচিতে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লেকচার ওয়ার্কশপ, মুক্ত আলোচনা, নাট্যকর্মী সম্মিলন, সুখেন্দু স্মৃতি নাট্যপদক প্রদান, নাট্যবিষয়ক প্রদর্শনী এবং প্রতিদিন সন্ধ্যায় মঞ্চনাটক। নাট্যোৎসবে প্রবীণ নাট্যজন মনি ইমাম এবং শিল্পী এনায়েত হোসেনকে সুখেন্দু স্মৃতি নাট্যপদক দেওয়া হয়। সদ্যপ্রয়াত নাট্যজন মাহবুব হাসান স্মরণে এ নাট্যমেলা নিবেদন করা হয়েছে। সহযোগিতা করেছে ভারতীয় সহকারী হাইকমিশনের চট্টগ্রাম শাখা। ঢাকা ও চট্টগ্রামের ছয়টি নাট্যদল এতে অংশ নেয়।শেষ দিন ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চমুকুট নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করে নাটক প্রথম পার্থ। মহাভারতের কাহিনি অবলম্বনে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিনের ঘটনা নিয়ে এ নাটক নির্মিত। নাটকে দেখা যায়, কুন্তী দেবীর দুই সন্তান—অর্জুন ও কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবপক্ষে অর্জুন ও কৌরবপক্ষে কর্ণ সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন। ভাইয়ের হাতে ভাইয়ের মুত্যু ঠেকাতে এগিয়ে আসেন কুন্তী ও দ্রৌপদী। কর্ণকে যুদ্ধ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হন। তখন শান্তির বাণী নিয়ে এগিয়ে আসেন কৃষ্ণ। বুদ্ধদেব বসুর রচনা ও সুচরিত দাশের নির্দেশনায় নাটকে কুন্তী, কর্ণ, অর্জুন, দ্রৌপদীসহ বিভিন্ন চরিত্রে কলাকুশলীরা বেশ স্বাচ্ছন্দ্য ছিলেন। নানা অঙ্কে দর্শকের করতালি যেন তা-ই প্রমাণ করে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও নাটকের নির্দেশক সুচরিত দাশ বলেন, ‘নাট্যচর্চার প্রসার ঘটানো এবং দর্শকদের নাটকের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই আমাদের এ নাট্যমেলার আয়োজন।’নাট্যমেলায় তির্যক নাট্যদলের মধুমালা, নাট্যতীথের্র (ঢাকা) কমলা সুন্দরী, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের (ঢাকা) দর্পণ সাক্ষী, নান্দিকারের জ্ঞান বৃক্ষের ফল, লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প বেশ প্রশংসিত হয়।উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে চট্টগ্রামে প্রতি বাংলা ঋতুতে—গ্রীষ্মে বৈশাখী নাট্যমেলা, বর্ষায় বাদল সাঁঝের নাটক, শরতে শারদ নাট্যসন্ধ্যা, হেমন্তে নাট্য হৈমন্তিকা, শীতে মাঘ নিশীথের নাটক এবং বসন্তে বসন্ত নাট্যোৎসবের আয়োজন করা হয়।