শেষ হলো কম্পিউটার সিটির প্রযুক্তি মেলা
চট্টগ্রাম কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১০ দিনব্যাপী প্রযুক্তিমেলা ১৭ অক্টোবর শেষ হয়েছে। ৮ অক্টোবর ‘গিফট ফেস্টিভল’ শীর্ষক এ মেলা শুরু হয় নগরের চৌমুহনী মোড়ের কম্পিউটার সিটি ভবনে। মেলা সম্পর্কে কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেলা আয়োজনে আমরা সফল হয়েছি এ কথা বলতে পারি। এতে একদিকে কম্পিউটার সিটির পরিচিতি বেড়েছে। প্রযুক্তিপণ্য ক্রেতাদের সেবাও দিতে পেরেছি আমরা।’ মেলায় মূলত দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সেরা পণ্যগুলোকেই তুলে ধরা হয়েছে বলে জানান শাখাওয়াত হোসেন। মেলায় ২৩টি প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হচ্ছে আসুস নোটবুক, বাংলা লায়ন ওয়াইম্যাকস, ক্যানন প্রিন্টার, ক্যাটিনা সিস্টেমস সল্যুশান লিমিটেড, কম্পিউটার ভিলেজ, জিনিয়াস প্রডাক্ট, গিগাবাইট, গ্লোবাল টাচ, এইচপি, ইন্টেল, জননী কম্পিউটারস, লেক্সমার্কস, লজিটেক, নরটন ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ফিলিপস মনিটর, স্যামসাং ডিজিটাল ক্যামেরা, স্যামসাং নোটবুক, স্যামসাং প্রিন্টার, তোশিবা নোটবুক, টিপি-লিংক নেটওয়ার্ক ইকুইপমেন্ট, ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড, ভিউসনিক প্রজেক্টর ও উয়িনচিপ কম্পিউটার। নিজস্ব প্রতিবেদক