শেষ হলো জিয়াউল হক মাইজভান্ডারীর ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সব ভেদাভেদ যেন মুছে গেছে। জাতি-ধর্ম-বর্ণ সব মিলেমিশে একাকার। ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবারে বসেছিল লাখো ভক্তের মিলনমেলা। তাঁদের জিকির-আসকারের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শেষ হয়েছে আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারীর ২৪তম বার্ষিক ওরস। আয়োজক সূত্র জানায়, আয়োজন নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বাত্মক সহায়তা দিয়েছে। একযোগে কাজ করেছে গাউসিয়া হক মঞ্জিল, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পুলিশ বিভাগ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও দায়িত্ব পালন করে। এ ছাড়া হক মঞ্জিলের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন।মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক জামাল আহাম্মদ সিকদার বলেন, ওরস উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ ছিল দরবারের ওপর ভিডিওচিত্র ও ইসলামী বিভিন্ন স্থাপনার চিত্র প্রদর্শনী। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলেছে। জানা যায়, গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে আগত আশেক-ভক্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় কমিটি সার্বক্ষণিক তদারকি করেছে। ওরসে সকাল থেকে রাতব্যাপী চলে জিকির-আসকার ও মিলাদ। গভীর রাতে আখেরি মোনাজাত করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। বৃহস্পতিবার রাতে মঞ্জিল এলাকায় ঘুরে দেখা যায়, দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন শিল্পীরা ভান্ডারী ও ছেমা গানের আসর জমিয়ে তুলেছেন। নিশ্চিন্তাপুর গ্রামের মাইজভান্ডারী কাওয়ালী নাসির উদ্দিন বলেন, ‘এখানে আসা ভক্তরা সব ভেদাভেদ ভুলে যান। আধ্যাত্ম চেতনায় ভিন্নজগতের সান্নিধ্য লাভের আশা করেন সবাই।’