শেষ হলো তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা গত শুক্রবার শেষ হয়েছে। ১১ এপ্রিল এ মেলা উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলম, সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ। মেলায় তথ্যপ্রযুক্তি নিয়ে ১৪টি প্রতিষ্ঠান ই-সেবা কার্যক্রম পরিচালনা করে। জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলা ঘুরে দেখা গেছে, ই-সেবাকেন্দ্রে নানা প্রযুক্তির মাধ্যমে জেলা প্রশাসনের যাবতীয় কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হচ্ছে। কক্সবাজার সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রোকেয়া বেগম বলে, ‘ইন্টারনেটের মাধ্যমে এত কিছু জানা যায়—তা মেলায় না এলে ধারণাই পেতাম না।’ মেলায় বেসরকারি প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ কম্পিউটার’ ওয়াই-ফাই সার্ভলেন্স সিকিউরিটি নিয়ে নানা তথ্য প্রদর্শন করে। এই প্রযুক্তি থাকলে ঘরে বসে পৃথিবী ঘুরে আসা যায়। এই ক্যামেরা যেখানে যাবে—ঘরে বসে তার সব চিত্র দেখা যাবে। অনেকটা ইন্টারনেটের মাধ্যমে ভ্রাম্যমাণ ক্যামেরা।শিক্ষাক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে কীভাবে পাঠদান করা যায়—এ বিষয় সম্পর্কে ধারণা দেয় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)। অত্যাধুনিক ডিজিটাল ল্যাব স্থাপন করে পিটিআইতে শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেওয়ার চিত্রও তুলে ধরা হয়।‘ডাচ্-বাংলা ব্যাংক’ প্রদর্শন করে ই-সেবার মাধ্যমে টাকা লেনদেনের কার্যক্রম। মোবাইল নম্বর দিয়ে ব্যাংকে খোলা হবে একটি অ্যাকাউন্ট। এটি অনলাইন অ্যাকাউন্ট। এটি পরিচালনার জন্য চার ডিজিটের গোপন নম্বর দরকার। এই গোপন নম্বরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে যেখানে যোগাযোগের নাজুক ব্যবস্থা, সেখানেও টাকা পৌঁছানো সম্ভব। কক্সবাজার সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের সতর্ক করতে নানা প্রচারপত্র বিলি করে ‘সি-বিচ ম্যানেজমেন্ট কমিটি’। সৈকত ভ্রমণ হউক নিরাপদ এই স্লোগানের প্রচারপত্র বিতরণ এবং জোয়ার-ভাটা, বিচ কর্মীদের দায়িত্ব প্রজেক্টরের মাধ্যমে দর্শকদের দেখানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ আবদুর রহমান বলেন, ‘আমরা যখন স্কুলে যেতাম, তখন হাতে একগাদা বই থাকত। ওই সময় মোবাইল ফোন চোখেও দেখিনি। কিন্তু আজ সবার হাতে হাতে মোবাইল ফোন। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে গ্রামের একটি মেয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলার সুযোগ পাচ্ছে।’ জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘তথ্যপ্রযুক্তির বদৌলতে কক্সবাজার উপকূলের মানুষ দ্রুত বদলে যাচ্ছে। ই-সেবা জেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের নানা পরিকল্পনা রয়েছে।’