শেষ হলো তৃতীয় ফিজিক্স অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আশাবাদী। কারণ, আমাদের তরুণ বিজ্ঞানীরা এখন শুধু প্রশ্নের উত্তর খুঁজছেন না, তাঁরা নিজেরা প্রশ্নও করতে পারছেন। জেগে উঠছে অনুসন্ধিৎসা। তাঁরাই একদিন সমাজকে বদলাবেন।’ গত শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় তৃতীয় ফিজিক্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী এম আলী আজগর এমন আশার কথা শোনান। চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিটির উপদেষ্টা ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জিয়াউদ্দিন বীর উত্তম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম দস্তগীর আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক অরুণ কুমার দেব, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির মহাসচিব ফয়েজ আহমেদ জাহাঙ্গীর, রেজাউল হক খান, নাসিম হাসান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক এ ইউ এম ইনতেখাব, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল কবির প্রমুখ। অলিম্পিয়াডের অংশ হিসেবে নগরের পাঁচলাইশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করা হয়। প্রতিযোগিতায় তিনটি দল থেকে বাছাই করা হয় ২০ জনকে। এ ছাড়া প্রতিটি দল থেকে একজনকে সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়। এরা হলো চট্টগ্রাম নাসিরাবাদ বিদ্যালয়ের নাসিম সাদ, চট্টগ্রাম সরকারি বিদ্যালয়ের দিব্যতনয় ভট্ট এবং চিটাগাং গ্রামার স্কুল ও কলেজের বৃষ্টি শিকদার।শাহ আলম মিলনায়তনে মূল পর্বের প্রশ্নোত্তর শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রতিযোগিতায় বিজয়ীদের দেওয়া হয় সনদ। এ ছাড়া গত বছর স্তোনিয়ায় অনুষ্ঠিত ফিজিক্স অলিম্পিয়াডে উৎসাহ পুরস্কার পাওয়া চট্টগ্রামের দুই প্রতিযোগী কিংজল বড়ুয়া ও শোভন বিশ্বাসকে ক্রেস্ট দেওয়া হয়।