শেষ হলো দুই দিনের কৃষিপণ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় শেষ হলো দুদিনের কৃষিপণ্য মেলা। জাবারাং কল্যাণ সমিতি ও সিএইচডিএফের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে আয়োজিত ২৭ ও ২৮ আগস্ট এ মেলা চলে। মেলায় উপজেলার ২৬টি গ্রামের পাড়া উন্নয়ন কমিটির ২৬টি স্টল স্থান পায়। এসব স্টলে মাছ, হাঁস ও মৌ চাষ, গবাদিপশু পালন, আধুনিক পদ্ধতিতে জুমচাষ, সবজি চাষসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। স্টলগুলোর মধ্যে প্রদর্শনীতে প্রথম হয়েছে বৈদ্যআদামপাড়া, দ্বিতীয় ছোট মেরুং কাউন্সিলপাড়া ও তৃতীয় হয়েছে রোকচন্দ্র কার্বারিপাড়া। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান ও খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। জাবারাং কল্যাণ সমিতির চেয়ারপারসন চন্দ্র কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম, ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা ও সুপ্রিয় চাকমা প্রমুখ। মেলার শেষ দিনে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।