শেষ হলো পর্যটন মেলা
প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি চট্টগ্রাম। রয়েছে পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনা। চট্টগ্রাম অঞ্চলের দৃষ্টিনন্দন পর্যটন এলাকাগুলো দেশ ও দেশের বাইরে পরিচিত করার লক্ষ্য নিয়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পর্যটন মেলা। দ্য পেনিনসুলা হোটেলে ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৩’ শিরোনামে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর মেলা আয়োজন করে।
মেলায় মোট ২৩টি স্টল স্থান পায়। এর মধ্যে দেশের বিভিন্ন বিমান সংস্থা, হোটেল, মোটেল, রিসোর্ট, টুর অপারেটরসহ ভ্রমণসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। অংশগ্রহণকারী প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই মেলা উপলক্ষে ভ্রমণপিপাসুদের জন্য রেখেছিল বিশেষ ছাড়ের বিভিন্ন প্যাকেজ। দেশে-বিদেশে ভ্রমণের জন্য বিমান ভাড়ার ওপর মূল্যছাড় ও আকর্ষণীয় প্যাকেজও ছিল। এ ছাড়া বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে ছিল ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। গত শুক্রবার মেলায় কথা হয় নগরের আগ্রাবাদ এলাকা থেকে আসা দুই বন্ধু আশেকুল ইসলাম ও মনজুর মোর্শেদের সঙ্গে। তাঁরা জানান, এক ছাদের নিচে পর্যটনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পাওয়ায় বুঝে-শুনে বুকিং দিতে সুবিধা হচ্ছে।
মেলায় এবার দর্শনার্থীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় কম। এ ছাড়া মেলায় ঢোকার সময় মুখোমুখি হতে হয়েছে তল্লাশির। এ নিয়ে স্টল কর্মকর্তা ও দর্শনার্থীরা ক্ষোভ জানান।
মেলায় আসা ইউনাইটেড এয়ারওয়েজের বিপণনপ্রধান মো. সেলিম বলেন, ‘এবারের মেলায় দর্শনার্থীর সংখ্যা খুবই কম। এ নিয়ে আমরা সন্তুষ্ট নই।’
দর্শনার্থী কম হওয়ার বিষয়টি স্বীকার করে দ্য বাংলাদেশ মনিটর-এর বিপণন ব্যবস্থাপক পীযুষ বাগচী বলেন, এই হোটেলে এখন শ্রীলঙ্কান ক্রিকেট দল অবস্থান করছে। যার ফলে নিরাপত্তাটা একটু বেশি প্রাধান্য পেয়েছে। সে কারণে এবার দর্শনার্থীর সংখ্যা প্রতিবারের তুলনায় কিছুটা কম।
৬ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।