এক ছাদের নিচে দৃষ্টিনন্দন সব পর্যটন এলাকার খবর। সঙ্গে বাতলে দিচ্ছে পথ—কীভাবে যাবেন, কোথায় থাকবেন। দর্শনার্থীরাও ঘুরে দেখে হিসাব কষছেন। সাধ আর সাধ্যের সমন্বয়ে ঠিক করছেন এবারের শীতে বেড়ানোর স্থান।নগরের হোটেল পেনিনসুলায় তিনদিনের আন্তর্জাতিক পর্যটনমেলা জমজমাট হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণায়। এবার ছিল চতুর্থ আসর। ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১২’ শিরোনামে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই মেলার আয়োজন করে ভ্রমণবিষয়ক পাক্ষিক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটর। দেশের বেসরকারি বিমান সংস্থা, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরসহ ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থান পায় মেলায়। এসব প্রতিষ্ঠান দর্শনার্থীদের তাদের সেবা সম্পর্কে ধারণা দেয়। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই মেলা উপলক্ষে রেখেছিল বিশেষ প্যাকেজ। বিমানভাড়া ও হোটেল-মোটেলে ছিল ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। মেলার বিভিন্ন প্যাকেজ সম্পর্কে ‘লং বিচ হোটেল কক্সবাজার’ এর কর্মকর্তা মো. ইমরান হুমায়ূন খান বলেন, ‘মেলায় সব প্রতিষ্ঠান দর্শনার্থীদের সুবিধামতো বিভিন্ন প্যাকেজ দিয়েছে। আমরাও পর্যটকদের জন্য কম মূল্যে নানা ব্যবস্থা রেখেছি।’দ্বিতীয় দিন মেলায় কথা হয় ইশরাত জাহান ও তানভীর আলম দম্পতির সঙ্গে। নাসিরাবাদ থেকে আসা এই নবদম্পতি বিভিন্ন স্টল ঘুরে অবশেষে তাঁদের সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটাতে পারল। তাঁরা বলেন, ‘একই ছাদের নিচে পর্যটন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে পাওয়ায় বুঝে-শুনে বুকিং দিতে সুবিধা হয়। সেই সঙ্গে পর্যটনস্পট সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।’১৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। তিনি জানান, যত বেশি পর্যটন এলাকা সৃষ্টি হবে তত মানুষের কর্মসংস্থান হবে। দেশের অর্থনীতির চিত্র বদলে দেয় পর্যটনশিল্প। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাংলাদেশে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত সারাথ কে ভেরাগোদা। সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। মেলার পাশাপাশি গত বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয় পর্যটনবিষয়ক গোলটেবিল আলোচনা। এতে দ্য বাংলাদেশ মনিটর-এর প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী প্রবন্ধ উপস্থাপন করেন। দ্য বাংলাদেশ মনিটর, চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশ পর্যটন বোর্ড এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। গত শনিবার রাত নয়টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় মেলা।