গুণীজন সংবর্ধনা, আলোচনা, নাচ, গান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলার। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে গত ২২ মার্চ ১৩তম এই মেলার আয়োজন করে চট্টগ্রাম একাডেমি। মঙ্গলবার এই মেলার সমাপনী অনুষ্ঠান হয়। ২০০১ সাল থেকে চট্টগ্রাম একাডেমি প্রতিবছর স্বাধীনতার বইমেলার আয়োজন করে আসছে। মেলার সমাপনী দিনে সকালে প্রথম অধিবেশনে ছিল দেশের গানের প্রতিযোগিতা। দ্বিতীয় অধিবেশনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর পর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি বেগম জিনাত আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শিশু সমাবেশ উপপরিষদের সচিব অনুপ বিশ্বাস। পরবর্তী অধিবেশনে চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান অনুপম সেনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ও মনির আহমদকে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনের প্রথম দিন বিকেলে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।সেদিন আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেছার আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বইমেলা উদ্যাপন পরিষদের মহাসচিব অরুণ শীল। সভাপতিত্ব করেন সাহিত্যিক ও মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আনোয়ারা আলম। স্বাধীনতা বইমেলায় চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক হরিশংকর জলদাস, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে মনিরুজ্জামানকে পুরস্কৃত করা হয়।মেলা ঘুরে দেখা গেছে, মেলার ১৮টি স্টল চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নামে নামকরণ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এগুলোর মধ্যে পূর্বা, মনন, শিশুপ্রকাশ, প্রথমা, বলাকা, শৈলী, টইটুম্বুর, বাতিঘর, কালধারা উল্লেখযোগ্য। এসব স্টলের নাম দেওয়া হয় বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, মনিরুজ্জামান ইসলামাবাদী, আবদুল করিম সাহিত্য বিশারদসহ উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নামে। কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া আদিবা আফরিন বই হাতে নিয়ে দেখছিল। তার হাসির গল্প পড়তে বেশি ভালো লাগে বলে জানাল। প্রতিদিনই মেলা মঞ্চে কবিতা পাঠ ও বিভিন্ন দলীয় পরিবেশনা এবং মুসলিম হলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।