শেষ হলো পার্বত্য লোকসংস্কৃতি উৎসব
বান্দরবানে ১১টি আদিবাসী জনগোষ্ঠী ও বাঙালির তরুণ-তরুণীদের সম্মিলিত কণ্ঠে ‘আমাদের গান আমাদের প্রাণ সুসম্প্রীতির বান্দরবান’ গানটির মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী পার্বত্য লোকসংস্কৃতি উৎসব। ২৩ মার্চ রাজার মাঠে শুরু হওয়া উৎসবে আদিবাসী-বাঙালিদের সংস্কৃতি, লোকজ শিল্প ও জীবনধারা তুলে ধরা হয়েছে। উৎসবকে ঘিরে বান্দরবান জেলা শহর হাজারো আদিবাসী-বাঙালি এবং দেশি-বিদেশি পর্যটকের মিলনমেলায় পরিণত হয়। উৎসবে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট (উসাই) ছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। উৎসবে অংশগ্রহণকারীরা সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতির ধারা চিরদিন অটুট রাখার জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উদ্বোধনী দিনে রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে এসেছে খুমী সাংস্কৃতিক দল। নইপাই খুমীর নেতৃত্বে দলটি পরিবেশন করে যুদ্ধনৃত্য। এতে খুমী আদিবাসীদের হিংস্রতা, এক গোত্রের সঙ্গে আরেক গোত্রের কলহ ও বন্যপ্রাণীর আক্রমণ থেকে ঢাল-তলোয়ার দিয়ে আত্মরক্ষার কৌশল তুলে ধরা হয়েছে। বমদের লাইলাম বা মানুষ সৃষ্টির নৃত্য মানব সভ্যতার ইতিহাস ও মানুষের জীবনের মতোই ছন্দময়। বান্দরবানে আদিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মারমাদের য়ইংকারেই বা দলগত নৃত্য ছিল বর্ণাঢ্য। উৎসবের দ্বিতীয় দিন রাঙামাটি উসাইয়ের আদিবাসী শিল্পীদের বর্ণাঢ্য অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এতে নাচ-গানের মাধ্যমে দুর্গম পাহাড়ে জুমচাষ, বর্ষবিদায়-বরণ, জন্ম-মৃত্যুর সময় হাসি-কান্নাসহ বৈচিত্র্যময় শৈল্পিক ঐতিহ্য তুলে ধরেছেন মারমা, চাকমা, ত্রিপুরা, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা ও লুসাই শিল্পীরা। খাগড়াছড়ি উসাইয়ের ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গোরাইয়া, বান্দরবানের ম্রোদের সিয়াসত পস্নাই বা গোহত্যা নৃত্য উৎসবের দৃশ্যও ছিল আকর্ষণীয়। মানস পালের বাউলসংগীত হাজার হাজার দর্শক-শ্রোতাকে উদ্দীপ্ত করে। উৎসবে এ ছাড়া ছিল মারমাদের ফ্যাশন প্রদর্শনী। এতে মারমাদের লোকজ জীবনের ক্রমধারা এবং আদি থেকে বর্তমান পর্যন্ত ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শন করা হয়। এ উৎসবের আয়োজন করা হয় বান্দরবান জেলা পরিষদ ও ইউএনডিপির উদ্যোগে। উৎসবকে আকর্ষণীয় করার জন্য রাজার মাঠে আদিবাসীদের বৈচিত্র্যময় শিল্প-স্থাপত্য, ছয়তলা বাঁশের স্বর্গসিঁড়ি, আদিবাসী মাচানঘর, বাঙালির মাটির ঘর, ম্রোদের গোহত্যা উৎসবের ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়।আয়োজকেরা জানান, পার্বত্য অঞ্চলে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বমসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠী ও বাঙালির লোকজ জীবনধারার বর্ণিল সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার জন্য পার্বত্য লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে। গত ২৩ মার্চ উৎসব উদ্বোধন করেছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর। সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে বসবারত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ঐতিহ্য উন্নয়নের জন্য একটি আইন প্রণয়ন করা হচ্ছে। আইনটি শিগগির সংসদে উত্থাপন করা হবে।