শেষ হলো প্রত্যন্ত পল্লির বইমেলা
পলাশ বড়ুয়া, দীঘিনালা‘অপসংস্কৃতির বিরুদ্ধে বই হোক আলোকবর্তিকা’ স্লোগানে পাঁচ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার প্রত্যন্ত পল্লি শান্তিপুর গ্রামে। হিল লিটারেচার ফোরাম ৮-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলার আয়োজন করে। ৮ ফেব্রুয়ারি উপজেলার শান্তিপুরের ফসল উঠা জমিতে বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ চাকমা ভাষা পরিষদের সদস্য শিক্ষক আনন্দ মোহন চাকমা। পরে রিপন চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা। বক্তব্য দেন প্রভাষক তরুণ কান্তি চাকমা, সুজিত বরণ বড়ুয়া, বিপুলেশ্বর চাকমা, বিশ্ব কল্যাণ চাকমা, চন্দ্ররঞ্জন চাকমা, জাহাঙ্গীর আলম, মলিকা চাকমা ও উদয় চাকমা। আলোচনাসভায় বক্তারা বলেন, এই বইমেলা থেকেই আমাদের শপথ নিতে হবে অসামপ্রায়িক চেতনায় দেশ গড়ার। হিল লিটারেচার ফেরামের আহ্বায়ক মনতোষ চাকমা জানান, প্রত্যন্ত পল্লির এই বইমেলা ব্যাপক সাড়া জাগিয়েছে। বইও বিক্রি হয়েছে প্রচুর। ভবিষ্যতে এ মেলাটি উপজেলা পর্যায়ে করার পরিকল্পনা রয়েছে।