শেষ হলো প্রমার স্বাধীনতা উৎসব
মার্চ মানেই স্বপ্ন, শপথ আর অঙ্গীকারের মাস। একাত্তরের মার্চের অগ্নিঝরা দিনগুলোর স্মরণ আর স্বপ্ন বাস্তবায়নের নতুন অঙ্গীকার নিয়ে প্রমা আবৃত্তি সংগঠন দ্বিতীয়বারের মতো আয়োজন করে ১১ ও ১২ মার্চ স্বাধীনতা উৎসব। ডিসি হিলে উৎসবের প্রথম দিন বিকেল চারটায় ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় পতাকা হাতে লাল সবুজ কাপড়ে সেজে বিভিন্ন মুখোশ নিয়ে বাবুল জলদাশের ঢোলবাদনের মূর্ছনায় শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর ডিসি হিলে উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠসৈনিক আশরাফুল আলম ও কবি আবুল মোমেন। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিত্ পাল। অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন সহসভাপতি কংকন দাশ। সৈয়দ শামসুল হক বলেন, ‘১৯৭১ সালের সাতই মার্চ বঙ্গবুন্ধর ভাষণে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা বলা হয়েছিল। কিন্তু আমাদের রাজনৈতিক মুক্তি এখনো বার বার বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। আর সংস্কৃতির কথা বলতে গিয়ে বিভিন্ন রেডিও এবং চ্যানেলে বাংলা ভাষাকে যেভাবে বিকৃত করছে তা মনে পড়লে লজ্জায় মাথা নত হয়ে যায়।’ এ ক্ষেত্রে আবৃত্তি দলগুলো বাংলা ভাষার উপযুক্ত ব্যবহারে বড় ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি প্রমার এ ধরনের আয়োজনের প্রসংশা করেন। এই পর্বে প্রমা আবৃত্তি সংগঠন সম্মাননা স্মারক ২০১০ দেওয়া হয়। সম্মানিত ব্যক্তিরা হলেন লেখক সৈয়দ শামসুল হক ও আশরাফুল আলম। এরপর মঞ্চে শহীদ মিনারের আদলে দাঁড়িয়ে প্রমার আবৃত্তিকারেরা মোমবাতি হাতে উদ্বোধনী আবৃত্তি করেন ‘অন্তর মম বিকশিত করো...।’ অনুষ্ঠানে কক্সবাজার ও রাঙামাটির রাখাইন তরুণীদের গানের সঙ্গে মোমবাতি, ছাতা ও পাখানৃত্য দর্শকদের প্রসংশা কুড়ায়। এ ছাড়াও ছিল কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন পালাকারের দলের পালাগান। এ ছাড়াও অনুষ্ঠানে সংগীত ভবন, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, রক্তকরবী, গুরুকুল তারা ইত্যাদি সংগঠন বিভিন্ন প্রযোজনায় অংশ নেয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোর, তরুণ-তরুণীদের পরনে জাতীয় পতাকার আদলে তৈরি লাল সবুজের বিশেষ পোশাক। উৎসবের শেষ দিন আবৃত্তি করেন রণজিত্ রক্ষিত, বেলায়েত হোসেন, মাহিদুল ইসলাম, মাসুদুজ্জামান, আশরাফুল আলম, কংকন দাশ, মিলি চৌধুরী, ইন্দিরা চৌধুরী, ফারুক তাহের, দেবাশীষ রুদ্র প্রমুখ। শেষ পর্যায়ে বরেণ্য শিল্পী সুবীর নন্দীর একক সংগীতানুষ্ঠান দর্শকদের হূদয় ছুঁয়ে যায়। ‘আমার গানের শেষটা-আমার বাংলাদেশটা’ গান পরিবেশন এবং স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়ে শেষ হয় উৎসব।